ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

সেলেনা গোমেজের বিরুদ্ধে প্রতারণার মামলা, ১২ লাখ ডলার বিনিয়োগ নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ

ডেস্ক রিপোর্ট   |   শনিবার, ১৫ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   11 বার পঠিত

সেলেনা গোমেজের বিরুদ্ধে প্রতারণার মামলা, ১২ লাখ ডলার বিনিয়োগ নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ

আমেরিকান পপতারকা ও অভিনেত্রী সেলেনা গোমেজ এবং তার মানসিক স্বাস্থ্যভিত্তিক স্টার্টআপ প্রতিষ্ঠান ‘ওয়ান্ডারমাইন্ড’-এর বিরুদ্ধে জালিয়াতি ও প্রতারণার অভিযোগে মামলা করেছেন একদল বিনিয়োগকারী।

গত বৃহস্পতিবার নিউইয়র্কের আদালতে দায়ের করা মামলায় অভিযোগ করা হয়েছে, ওয়ান্ডারমাইন্ডের সাফল্য এবং কোম্পানিতে সেলেনার ব্যক্তিগত সক্রিয় অংশগ্রহণের বিষয়ে ভুয়া আশ্বাস দিয়ে বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ নেওয়া হয়েছে। ২০২১ সালে প্রতিষ্ঠিত এই ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্মটির সহ-প্রতিষ্ঠাতা, ‘চিফ ইমপ্যাক্ট অফিসার’ ও মার্কেটিং প্রধান ছিলেন সেলেনা। তবে মামলার নথি অনুযায়ী, অর্থ প্রদানকারী শেয়ারহোল্ডারদের প্রায় তিন বছর ধরে কোম্পানির প্রকৃত কার্যক্রম সম্পর্কে অন্ধকারে রাখা হয়েছিল।

মামলার বিবরণ অনুযায়ী, পাঁচজন বিনিয়োগকারী যৌথভাবে অভিযোগ করেছেন, ২০২২ সালে সেলেনার তারকা খ্যাতি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিপুলসংখ্যক অনুসারীর প্রভাব কাজে লাগিয়ে ব্যবসার প্রসার ঘটবে—এমন প্রত্যাশায় তারা প্রতিষ্ঠানটিতে ১২ লাখ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ১৪ কোটিরও বেশি টাকা) বিনিয়োগ করেন। অথচ মামলায় দাবি করা হয়েছে, গত তিন বছর ধরে প্রতিষ্ঠানটি ভেতরে ভেতরে ধসে পড়ার উপক্রম হলেও কোনো প্রতিষ্ঠাতা, নির্বাহী কর্মকর্তা বা পরিচালক বিনিয়োগকারীদের বিষয়টি জানাননি। বরং বিনিয়োগকারীদের অর্থ দিয়ে কোম্পানির পতন দীর্ঘায়িত করা হয়েছে বলে নথিতে উল্লেখ করা হয়।

মামলায় সেলেনা গোমেজের পাশাপাশি তার মা ও কোম্পানির কো-সিইও ম্যান্ডি টিফি এবং তাদের সাবেক ব্যবসায়িক অংশীদার ড্যানিয়েল পিয়ারসনকে অভিযুক্ত করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে সিকিউরিটিজ জালিয়াতি, কমন ল জালিয়াতি ও চুক্তি ভঙ্গের মতো অভিযোগ আনা হয়েছে। বাদীরা তাদের পুরো বিনিয়োগের অর্থ ফেরত পাওয়ার পাশাপাশি ক্ষতিপূরণ ও আইনি খরচ দাবি করেছেন।

মামলায় আরও দাবি করা হয়েছে, ২০২২ সালে বিনিয়োগ নেওয়ার সময় কোম্পানিটির বাজারমূল্য ৯ কোটি ৫০ লাখ ডলার বলে দাবি করা হয়েছিল। বিনিয়োগকারীদের বিশ্বাস করানো হয়েছিল, জেনিপি অর্গান বা জেপি মরগানের মতো বড় করপোরেট প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্ব, বড় বিজ্ঞাপনী চুক্তি, সেলিব্রিটি কভার স্টোরি এবং একটি যুগান্তকারী অ্যাপ তৈরির কাজ চলছে। কিন্তু মামলার নথিতে বলা হয়েছে, এসব অংশীদারত্ব বা বিজ্ঞাপনী চুক্তির কোনো অস্তিত্ব ছিল না। শেষ পর্যন্ত ওই অ্যাপটিও তৈরি হয়নি।

মূলত গত বছর ‘দ্য কাট’-এ প্রকাশিত একটি প্রতিবেদনের পর বিনিয়োগকারীরা প্রথম কোম্পানিটির অভ্যন্তরীণ সংকটের বিষয়ে জানতে পারেন। প্রতিবেদনে অভ্যন্তরীণ ক্ষমতার দ্বন্দ্ব ও ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনের কারণে প্ল্যাটফর্মটি চরম সংকটে পড়ার কথা উল্লেখ করা হয়। মামলায় ওই প্রতিবেদনকে ভিত্তি করে অভিযোগ করা হয়েছে, মায়ের সঙ্গে সেলেনার দীর্ঘদিনের ব্যক্তিগত বিরোধের কারণে তিনি চুক্তিবদ্ধ দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন।

উল্লেখ্য, কোম্পানিটির মোট শেয়ারের প্রায় ৯০ শতাংশ সেলেনা, তার মা ম্যান্ডি এবং সাবেক ব্যবসায়িক অংশীদার পিয়ারসনের যৌথ মালিকানায় ছিল।

মামলার আরেকটি চাঞ্চল্যকর তথ্যে বলা হয়েছে, সেলেনার মা টিফি নিজেই বিনিয়োগকারীদের জানিয়েছিলেন, তাদের সাবেক ব্যবসায়িক অংশীদার পিয়ারসন নিউইয়র্ক সিটিতে নিজের প্রতি মাসে প্রায় ৬০ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭২ লাখ টাকা) বাড়িভাড়া পরিশোধে বিনিয়োগকারীদের অর্থ ব্যবহার করেছেন। ২০২৩ সালে ওয়ান্ডারমাইন্ড ছেড়ে যান পিয়ারসন।

তবে গত বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে পিয়ারসন তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেন। তিনি জানান, আদালতে এসব অভিযোগের মুখোমুখি হতে প্রস্তুত এবং তার কাছে থাকা আর্থিক নথিপত্রের মাধ্যমে প্রমাণিত হবে যে, তিনি কখনোই ব্যক্তিগত খরচে বিনিয়োগকারীদের অর্থ ব্যবহার করেননি।

অন্যদিকে, অভিযোগের বিষয়ে সেলেনা গোমেজ, ম্যান্ডি টিফি কিংবা ওয়ান্ডারমাইন্ডের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র: সিএনএন

Facebook Comments Box

Posted ৫:৫৬ এএম | শনিবার, ১৫ অগাস্ট ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।