ডেস্ক রিপোর্ট | বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | 30 বার পঠিত

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ১২৭ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ৪ হাজার ৮৫৮ জন। বুধবার (২ সেপ্টেম্বর) দেশটির পুলিশের সর্বশেষ আপডেটে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ জানায়, নেপালের বিভিন্ন জেলা ও প্রতিবেশী ভারত থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়েছে। সবচেয়ে বেশি মরদেহ উদ্ধার হয়েছে চিতওয়ান ও নাওয়ালপারাসি এলাকার বিভিন্ন জেলা থেকে।
জেলা হিসেবে রাসুয়া থেকে ৪৫টি, নুয়াকোট থেকে ১৫৫, ধাদিং থেকে ৫৯, চিতওয়ান থেকে ৩৪৮, গোর্খা থেকে ৬৬, তানাহুন থেকে ৩৮, নাওয়ালপারাসি পূর্ব থেকে ২১৭, নাওয়ালপারাসি পশ্চিম থেকে ১৯০ এবং ভারত থেকে ৯টি মরদেহ উদ্ধার করা হয়েছে।
উদ্ধার করা মরদেহের মধ্যে ১ হাজার ১১৩টির ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষ হয়েছে। এর মধ্যে ৯৫টি মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি ৯১১টি মরদেহের বিস্তারিত তথ্য পুলিশের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে, যাতে নিখোঁজদের স্বজনরা পরিচয় শনাক্ত করতে পারেন।
উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে ৭ হাজার ৯১২ পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। তারা উদ্ধার অভিযানের পাশাপাশি ত্রাণ বিতরণ ও মরদেহ সংরক্ষণের কাজ করছেন। এ পর্যন্ত বন্যাকবলিত এলাকা থেকে ৬ হাজার ৫৪১ জনকে উদ্ধার করা হয়েছে।
নতুন করে বন্যার আশঙ্কা থাকায় ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ ও উঁচু স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতের কাজও চলছে। স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে এসব কার্যক্রম পরিচালনা করছে পুলিশ।
গত ২৬ আগস্ট সকালে নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা আঘাত হানে। বন্যার পানির সঙ্গে বড় বড় পাথর ও ধ্বংসাবশেষ নিচু এলাকায় নেমে আসায় ব্যাপক প্রাণহানি ঘটে।
ঘটনার ছয় দিন পরও হাজার হাজার মানুষ নিখোঁজ থাকায় তাদের পরিণতি নিয়ে উদ্বেগ বাড়ছে। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
Posted ১০:২২ এএম | বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।