ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

‘টাইম১০০ নেক্সট ইন্ডিয়া’র প্রথম তালিকায় আলিয়া ভাট, শাহরুখপুত্র আরিয়ান

ডেস্ক রিপোর্ট   |   শনিবার, ২১ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   5 বার পঠিত

‘টাইম১০০ নেক্সট ইন্ডিয়া’র প্রথম তালিকায় আলিয়া ভাট, শাহরুখপুত্র আরিয়ান

বিশ্বখ্যাত সাময়িকী ‘টাইম’-এর ‘টাইম১০০ নেক্সট ইন্ডিয়া’র প্রথম তালিকায় স্থান পেয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট, সুপারস্টার শাহরুখ খানের ছেলে ও চলচ্চিত্র নির্মাতা আরিয়ান খান, পরিচালক পায়েল কাপাডিয়া এবং তেজা রিও। বিনোদন, ব্যবসা, বিজ্ঞান, খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডসহ বিভিন্ন ক্ষেত্রে ভবিষ্যতের নেতৃত্ব দিতে পারেন—এমন প্রতিশ্রুতিশীল ব্যক্তিদের স্বীকৃতি জানাতে এ তালিকা প্রকাশ করেছে সাময়িকীটি।

তালিকার একটি প্রচ্ছদে রয়েছেন আলিয়া ভাট। অন্য একটি প্রচ্ছদে একসঙ্গে দেখা গেছে আরিয়ান খান, পায়েল কাপাডিয়া ও ‘আং’খ্যাত তেজা রিওকে। এ ছাড়া মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান ‘স্কাইরুট অ্যারোস্পেস’-এর সহ-প্রতিষ্ঠাতা, সিইও ও সিটিও পবন কুমার চন্দনাও প্রচ্ছদে জায়গা পেয়েছেন। তালিকায় স্বীকৃতি পেয়েছেন সংগীতশিল্পী দিলজিৎ দোসাঞ্জ ও অনিরুদ্ধ রবিচন্দরও।

বিনোদন অঙ্গন থেকে আরও স্থান পেয়েছেন জিতেন্দ্র কুমার, সামান্থা রুথ প্রভু, আলী ফজল, সাই পল্লবী, ঈশান খট্টর, নয়নতারা, ভেদাং রাইনা, ভিকি কৌশল, পার্বতী থিরুবোথু ও জাহান কাপুর। এ ছাড়া চলচ্চিত্র নির্মাতা পা রঞ্জিত ও অনুপর্ণা রায় এবং শিল্পী আরুশি মুদগাল ও ইপ্সিতা চক্রবর্তী সিংও রয়েছেন এ তালিকায়।

সংগীত বিভাগে জায়গা পেয়েছেন অনিরুদ্ধ, আরিভু, দিলজিৎ, ফাহিম আবদুল্লাহ, ঈশান ঘোষ, জাসলিন রয়্যাল ও প্রতীক কুহাদ।

এ তালিকা প্রকাশ উপলক্ষে আগামী ১২ ডিসেম্বর ভারতের মুম্বাইয়ে ‘টাইম১০০ নেক্সট ইন্ডিয়া গালা’র আয়োজন করবে ‘টাইম’ ম্যাগাজিন।

আলিয়া ভাটকে সম্প্রতি অ্যাকশনধর্মী সিনেমা ‘আলফা’তে দেখা গেছে। সামনে সঞ্জয়লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমায় অভিনয় করবেন তিনি। এতে তার সহশিল্পী হিসেবে থাকছেন ভিকি কৌশল ও তার স্বামী অভিনেতা রণবীর কাপুর।

অন্যদিকে, শাহরুখপুত্র আরিয়ান খান ২০২৫ সালে নেটফ্লিক্স সিরিজ ‘দ্য বাস্টার্ডস অব বলিউড’-এর মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। পরিচালক পায়েল কাপাডিয়া ২০২৪ সালে তার পরিচালিত ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ সিনেমার জন্য আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় আসেন। ছবিটি ৭৭তম কান চলচ্চিত্র উৎসবে ‘গ্র্যান্ড প্রিক্স’ পুরস্কার অর্জন করে।

তেজা রিও তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আং’-এর জন্য পরিচিতি পেয়েছেন। চলতি বছর টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবিটি ‘প্ল্যাটফর্ম প্রাইজ’ জয় করে। এর ফলে ছবিটি ২০২৭ সালের অস্কারে ‘ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্যতা অর্জন করেছে।

এ স্বীকৃতি প্রসঙ্গে এক বিবৃতিতে তেজা বলেন, ‘টাইম১০০ নেক্সট ইন্ডিয়া’ তালিকায় অন্তর্ভুক্ত হওয়া তার জন্য অত্যন্ত বিনম্র ও উৎসাহব্যঞ্জক অভিজ্ঞতা। তিনি আশা প্রকাশ করেন, এ স্বীকৃতি উত্তর-পূর্ব ভারত থেকে উঠে আসা সৃজনশীল কণ্ঠস্বর ও গল্পগুলোর প্রতি সবার দৃষ্টি আকর্ষণ করবে এবং আরও অনেককে দৃঢ় সংকল্প নিয়ে নিজেদের পথচলা অব্যাহত রাখতে অনুপ্রাণিত করবে।

তেজা আরও বলেন, তার কাছে এ স্বীকৃতি একই সঙ্গে সম্মান এবং প্রতিনিয়ত নতুন কিছু শেখা, অন্বেষণ করা ও গুরুত্বপূর্ণ গল্প বলে যাওয়ার অনুপ্রেরণা।

Facebook Comments Box

Posted ৭:১৫ এএম | শনিবার, ২১ নভেম্বর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।