ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় জোর ডা. জুবাইদার

ডেস্ক রিপোর্ট   |   শনিবার, ১৪ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   25 বার পঠিত

সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় জোর ডা. জুবাইদার

সুস্থ ও সবল বাংলাদেশ গড়ে তুলতে রোগের চিকিৎসার পাশাপাশি প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস-প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এ জন্য বৈজ্ঞানিক গবেষণা, গবেষণা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ও ওষুধশিল্পের মধ্যে কার্যকর অংশীদারত্ব গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

শনিবার রাজধানীর গুলশানের একটি হোটেলে গবেষণা প্রতিষ্ঠান ‘ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভস’ (আইডিইএসএইচআই)-এর এক যুগ পূর্তি অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

ডা. জুবাইদা রহমান বলেন, বছরের পর বছর স্বাস্থ্য খাতে অবহেলার কারণে অনেক রোগ প্রতিরোধে প্রয়োজনীয় উদ্যোগ যথাযথ গুরুত্ব পায়নি। এর ফলে বর্তমানে দেশের ৯০ হাজারেরও বেশি গ্রামের লাখ লাখ নারী এমন সব রোগে আক্রান্ত হচ্ছেন, যেগুলো সহজেই প্রতিরোধ করা সম্ভব ছিল।

সরকারের এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, এসব কর্মীর ৮০ শতাংশই নারী। তারা দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার বার্তা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

তিনি বলেন, ‘বিপুল জনসংখ্যার এই দেশকে সুস্থ-সবল বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে সবার সম্মিলিত কঠোর পরিশ্রম প্রয়োজন।’

স্বাস্থ্য খাতে গবেষণার গুরুত্ব তুলে ধরে ডা. জুবাইদা বলেন, নিজেদের দেশের সমস্যা চিহ্নিত করে সেগুলোর সমাধান ও প্রতিরোধে গবেষণার বিকল্প নেই। বিজ্ঞান, উদ্ভাবন ও প্রযুক্তিতে তরুণদের আরও বেশি সম্পৃক্ত করতে হবে। দেশের স্বাস্থ্য খাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জনের জন্য আরও বিজ্ঞানী প্রয়োজন।

তিনি বলেন, ‘আমরা আশা করি, নিজেদের সমস্যা নিয়ে গবেষণা, সেগুলোর সমাধান এবং প্রতিরোধের মাধ্যমে স্বাস্থ্য খাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করে বিশ্ব দরবারে গৌরবের সঙ্গে মাথা উঁচু করতে পারব।’

এ লক্ষ্য অর্জনে সরকার, গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয় ও ওষুধশিল্পের মধ্যে ধৈর্যশীল সহযোগিতা, আন্তরিক অংশীদারত্ব এবং নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

তরুণ বিজ্ঞানীদের উদ্দেশে ডা. জুবাইদা বলেন, গবেষণার কাজে ধীরগতির কারণে অনেক সময় হতাশা তৈরি হতে পারে। তবে তাদের মনে রাখতে হবে, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে তারা অসংখ্য মানুষকে সুস্থ জীবনযাপনে সহায়তা করছেন। এটি তাদের জন্য গর্বের বিষয়।

আইডিইএসএইচআইয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান ডা. ফিরদৌসী কাদরীসহ প্রতিষ্ঠানটির বিজ্ঞানী ও কর্মীদের নিষ্ঠা ও অবদানের প্রশংসা করেন ডা. জুবাইদা। বাংলাদেশে বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি এবং প্রত্যন্ত অঞ্চলের অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে প্রতিষ্ঠানটি আগামী দিনগুলোতে আরও সাফল্য অর্জন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার এমন একটি স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তুলতে চায়, যেখানে রোগ প্রতিরোধ, প্রাণঘাতী হওয়ার আগেই রোগ শনাক্তকরণ এবং প্রতিটি নাগরিকের জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে।

তিনি জানান, স্বাস্থ্য খাতে সরকার পাঁচটি বিষয়কে বিশেষ গুরুত্ব দিচ্ছে। এগুলো হলো—রোগ প্রতিরোধ ও স্বাস্থ্যনিরাপত্তায় গবেষণা জোরদার, প্রাথমিক স্বাস্থ্যসেবা শক্তিশালী করা, ওষুধশিল্পে উদ্ভাবন ও জীবপ্রযুক্তির প্রসার, দেশীয়ভাবে উদ্ভাবিত রোগ নির্ণয়ব্যবস্থার উন্নয়ন, ডিজিটাল স্বাস্থ্যসেবা ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার সম্প্রসারণ এবং স্বাস্থ্যবিষয়ক গবেষণা ও উন্নয়নে টেকসই পরিবেশ তৈরি।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।

এ ছাড়া আইডিইএসএইচআইয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান ডা. ফিরদৌসী কাদরী ‘বৈজ্ঞানিক গবেষণা প্রতিষ্ঠানের চ্যালেঞ্জ ও বাস্তবতা: আইডিইএসএইচআইয়ের প্রেক্ষাপট’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আশফাক কাদরী স্বাগত বক্তব্য দেন। প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) ডা. মো. রফিকুর রহমান প্রতিষ্ঠানের পথচলা নিয়ে একটি প্রামাণ্যচিত্র উপস্থাপন করেন।

অনুষ্ঠানে থ্যালাসেমিয়া স্ক্রিনিং, নারীর স্বাস্থ্য, বাংলাদেশে বায়োলজিক্যালসের ভবিষ্যৎ, সংক্রামক রোগ এবং জনস্বাস্থ্যের উন্নয়নে টিকার ব্যবহার—এই পাঁচটি বিষয়ে প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এতে সংশ্লিষ্ট ক্ষেত্রের বিশেষজ্ঞ চিকিৎসক ও জনস্বাস্থ্যবিদরা অংশ নেন।

Facebook Comments Box

Posted ২:১৭ পিএম | শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।