ডেস্ক রিপোর্ট | বুধবার, ১১ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | 1 বার পঠিত
মিয়ানমারে প্রবেশের অনুমতি না পেয়ে এবার বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার কেলি ই কারি। দেশটির অবনতিশীল মানবাধিকার পরিস্থিতি, রাখাইন রাজ্যের সংঘাত এবং রোহিঙ্গা সংকটের প্রভাব সরেজমিনে পর্যালোচনা করতে সাত দিনের সফরে বুধবার (১১ নভেম্বর) ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে তার।
আগামী ১৮ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন জাতিসংঘের এই বিশেষ দূত।
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দফতর (ওএইচসিএইচআর) জানিয়েছে, মিয়ানমার সফরের জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করেছিলেন কেলি ই কারি। তবে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, এ মুহূর্তে এ ধরনের সফরের জন্য তারা প্রস্তুত নয়। ফলে মিয়ানমারে প্রবেশের অনুমতি না পেলেও দেশটির মানবাধিকার পরিস্থিতির প্রভাব পর্যবেক্ষণে বাংলাদেশে আসছেন তিনি।
বাংলাদেশ সফরে মিয়ানমারের চলমান সশস্ত্র সংঘাত, রাখাইন রাজ্যের মানবাধিকার পরিস্থিতি এবং এর ফলে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ওপর সৃষ্ট প্রভাব পর্যালোচনা করবেন কেলি ই কারি। একই সঙ্গে রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশের সঙ্গে ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলোও খতিয়ে দেখবেন তিনি।
সফরকালে সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, নাগরিক সমাজের প্রতিনিধি, ভুক্তভোগী এবং মানবাধিকার লঙ্ঘনের শিকার ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন জাতিসংঘের এই বিশেষ র্যাপোর্টিয়ার। এ ছাড়া কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা শিবির পরিদর্শনেরও কথা রয়েছে তার।
সফর শেষে আগামী ১৮ নভেম্বর ঢাকার জাতিসংঘ ভবনে (ইউএন হাউস) সংবাদ সম্মেলন করবেন কেলি ই কারি। বাংলাদেশ সফর ও সরেজমিন পর্যবেক্ষণের ভিত্তিতে তৈরি তার পরবর্তী প্রতিবেদন ২০২৭ সালের মার্চে জাতিসংঘ মানবাধিকার পরিষদের অধিবেশনে উপস্থাপনের কথা রয়েছে।
Posted ১:০৮ পিএম | বুধবার, ১১ নভেম্বর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।