মঙ্গলবার ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

সৌদির টার্গেটে ৫০ ফুটবলার

খেলাধুলা ডেস্ক   |   রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   68 বার পঠিত

সৌদির টার্গেটে ৫০ ফুটবলার

দলবদলের বাজারে আবারও একটি ঝড় আসতে চলেছে। সৌদি আরবের ক্লাবগুলো নাকি বিশাল পরিকল্পনা নিয়ে দলবদলের বাজারে নামতে যাচ্ছে। ব্রিটিশ প্রভাবশালী দৈনিক ‘দ্য টেলিগ্রাফ’ জানিয়েছে, আগামী গ্রীষ্মকালীন দলবদলে রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র ও লিভারপুলের বর্ষীয়ান উইঙ্গার মোহামেদ সালাহকে দলে ভেড়াতে চায় তারা।

এরমধ্যে ‘টকস্পোর্ট’ দাবি করেছে, শুধু এই দুজনই নন, বিশ্বের অন্যতম সেরা ৫০ জন ফুটবলারকে টার্গেট করেছে সৌদি লিগ। সেই তালিকায় আরও আছেন বার্সেলোনার বর্ষীয়ান স্ট্রাইকার রবার্ট লেভানডস্কি, ম্যানচেস্টার ইউনাইটেডের ব্রুনো ফার্নান্দেজ, ক্যাসেমিরোর মতো তারকারা। এই খবর বের হতেই তিন বছর আগের মতো আবার ইউরোপের ক্লাবগুলো খেলোয়াড় হারানোর আতঙ্কে পড়ে গেছে।

নিজেদের ফুটবল লিগে তারকাদের হাট বসানোর পেছনে সৌদির উদ্দেশ্য রয়েছে। ২০৩৪ বিশ্বকাপ ফুটবলের আয়োজক তারা। এই আয়োজন শুরুর আগেই নিজেদের ঘরোয়া লিগকে ফুটবলের অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চায় তারা। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য সৌদি সরকার ক্লাবগুলোকে অঢেল অর্থ বরাদ্দ দিয়েছে বলে নিশ্চিত করেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। তারকা ফুটবলারদের টানার জন্য সর্বশক্তি নিয়ে তাদের ঝাঁপানোর পেছনে আরও একটি কারণ আছে। চলতি মৌসুমে শেষে ফরাসি মিডফিল্ডার এনগোলা কান্তে, ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফ্যাবিনহো, ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা সৌদি আরব ছেড়ে চলে যাবেন। এ তিন তারকাসহ বেশ ক’জন চুক্তি নবায়ন করেননি। তাদের শূন্যস্থান পূরণে নতুন তারকা লাগবে।

মোহামেদ সালাহর পেছনে অনেক দিন ধরেই লেগে আছে সৌদি ক্লাবগুলো। একে তো তারকা ফুটবলার, তার ওপর মুসলিম–সৌদি ক্লাবের জন্য সালাহর চেয়ে ভালো প্যাকেজ আর হয় না। কিছুদিন ধরে আবার লিভারপুল কোচ আর্নে স্লটের সঙ্গে ঝামেলা চলছে মিসরীয় এ তারকার। যদিও এখন দ্বন্দ্ব মিটে গেছে বলে বলা হচ্ছে। তবে চুক্তির শেষ পর্যায়ে থাকা বুড়ো উইঙ্গারকে বেচে মোটা অর্থ পেলে লিভারপুলের আপত্তি করার সম্ভাবনা কম। ৩৩ বছরের এ তারকাকে দলে ভেড়াতে নাকি তিনটি সৌদি ক্লাব আগ্রহী। এরমধ্যে আল হিলাল নাকি লিভারপুলের সঙ্গে আলোচনা শুরু করেছে। এছাড়া আল কাদিশা ও নিওম এফসি তাঁকে পেতে আগ্রহী। তবে সালাহ এ ব্যাপারে এখনও মুখ খোলেননি।

ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গেও রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষের ঝামেলা চলছে। ভিনির চাওয়া কিলিয়ান এমবাপ্পের সমান বেতন-বোনাস, কিন্তু রিয়াল সেটি দিতে রাজি নয়। যে কারণে ব্রাজিলিয়ান এ তারকার সঙ্গে নতুন চুক্তি হচ্ছে না রিয়ালের। তবে নতুন কোচ আসায় পরিস্থিতি বদলাতেও পারে। কারণ, সদ্য সাবেক হওয়া কোচ জাবি আলনসোর সঙ্গে বাজে সম্পর্কের কারণেই ভিনির রিয়াল ছাড়ার সম্ভাবনা প্রবল ছিল। তবে নতুন কোচ আলভারো আরবেলোয়া পছন্দের তালিকায় ভিনি থাকলেও এমবাপ্পের সমান পারিশ্রমিক না দিলে থাকবেন না তিনি। তাঁর দাবি মেটাতে পারবে কেবল সৌদির ক্লাবগুলো। তবে সৌদি ক্লাব বিশাল অর্থ দিতে চাইলেও সেখানে যেতে চাইছেন না ভিনি। কারণ, ২৫ বছর বয়সী এ তারকা ভালো মতোই জানেন যে সেখানে গেলে আন্তর্জাতিক ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হতে পারে।

৩৭ বছর বয়সী রবার্ট লেভানডস্কির অবশ্য সে সমস্যা নেই। বার্সাও তাঁকে বিক্রি করে দিতে চাইছে। এই বয়সে সৌদি হতে পারে তাঁর উপযুক্ত গন্তব্য। ম্যানচেস্টার ইউনাইটেডের ব্রুনো ফার্নান্দেজও ক্লাব ছাড়তে চেয়েছিলেন কোচ রুবেন আমোরিমের সঙ্গে দ্বন্দ্বের কারণে। আমোরিম ছাঁটাই হওয়ায় পর্তুগিজ এ মিডফিল্ডারের ক্লাব ছাড়ার সম্ভাবনা কম। ক্যাসেমিরো ম্যানইউ ছাড়লেও সৌদি আরব যেতে চাইছেন না। ব্রাজিলিয়ান এ মিডফিল্ডার যুক্তরাষ্ট্রে পারি জমাতে চান।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ৫:৪৩ পিএম | রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।