ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

মালাগাকে গোলবন্যায় ভাসিয়ে রিয়ালের টানা তৃতীয় জয়

ডেস্ক রিপোর্ট   |   সোমবার, ৩১ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   11 বার পঠিত

মালাগাকে গোলবন্যায় ভাসিয়ে রিয়ালের টানা তৃতীয় জয়

লা লিগায় উড়ন্ত ছন্দ ধরে রেখেছে রিয়াল মাদ্রিদ। কিলিয়ান এমবাপ্পে, জুড বেলিংহ্যাম ও আরদা গুলারদের নৈপুণ্যে মালাগাকে ৪-০ গোলে উড়িয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে লস ব্লাঙ্কোসরা।

রোববার (৩০ আগস্ট) সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের শুরু থেকেই মালাগার ওপর চাপ সৃষ্টি করে খেলতে থাকে রিয়াল। প্রথমার্ধেই তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় স্বাগতিকরা। যোগ করা সময়ে আরও এক গোল করে বড় জয় নিশ্চিত করে তারা।

১৯তম মিনিটে দুর্দান্ত একক নৈপুণ্যে রিয়ালকে এগিয়ে দেন জুড বেলিংহ্যাম। মালাগার ডিফেন্ডারদের কাটিয়ে বক্সে ঢুকে ডান পায়ের নিখুঁত শটে বল জালে পাঠান তিনি।

এর সাত মিনিট পর আত্মঘাতী গোলে ব্যবধান দ্বিগুণ হয়। এমবাপ্পের শট ঠেকিয়ে দিয়েছিলেন মালাগার গোলরক্ষক আলফনসো হেরেরো। ফিরতি বলে বেলিংহ্যামের হেড রুখতে গিয়ে বল তার গায়ে লেগে জালে জড়িয়ে যায়।

৩০তম মিনিটে রিয়ালের তৃতীয় গোল করেন এমবাপ্পে। ডান প্রান্ত থেকে ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের বাড়ানো মাপা ক্রস নিয়ন্ত্রণে নিয়ে নিচু শটে বল জালে পাঠান ফরাসি ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধেও আক্রমণ অব্যাহত রাখে রিয়াল। ৫৫তম মিনিটে বেলিংহ্যামের শট পোস্টে লেগে ফিরে আসে। পরের কয়েক মিনিটে ভিনিসিয়াস ও এমবাপ্পের প্রচেষ্টাও ঠেকিয়ে দেন মালাগার গোলরক্ষক হেরেরো।

অন্যদিকে, ব্যবধান কমানোর কয়েকটি সুযোগ পেয়েছিল মালাগা। কিন্তু রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়ার দৃঢ়তায় সেগুলো কাজে লাগাতে পারেনি সফরকারীরা।

শেষ পর্যন্ত যোগ করা সময়ের প্রথম মিনিটে রিয়ালের চতুর্থ গোলটি করেন আরদা গুলার। কাউন্টার অ্যাটাক থেকে ভিনিসিয়াস জুনিয়রের বাড়ানো পাসে পা ছুঁইয়ে বল জালে পাঠান তুর্কি এই তারকা।

শেষ মুহূর্তে এমবাপ্পে আরও একবার গোলের চেষ্টা করলেও তা ঠেকিয়ে দেন হেরেরো। ফলে ৪-০ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।

এই জয়ে লা লিগায় তিন ম্যাচে তিন জয় নিয়ে ৯ পয়েন্ট সংগ্রহ করেছে রিয়াল। পয়েন্ট টেবিলের শীর্ষস্থানও ধরে রেখেছে হোসে মরিনিয়োর দল।

Facebook Comments Box

Posted ৬:৩৫ এএম | সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।