ডেস্ক রিপোর্ট | রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | 17 বার পঠিত

দুই গোলে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তনে নাপোলিকে ৩-২ গোলে হারিয়েছে ইন্টার মিলান। রোমাঞ্চকর এই জয়ে জোড়া গোল করে ম্যাচের নায়ক হয়েছেন ইন্টার অধিনায়ক লাউতারো মার্তিনেজ।
শনিবার রাতে সান সিরোয় সিরি আ’র ম্যাচে গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুতেই মাত্র তিন মিনিটের ব্যবধানে দুই গোল করে এগিয়ে যায় নাপোলি। ৫০তম মিনিটে মাত্তেও পলিতানো প্রথম প্রচেষ্টা আটকে যাওয়ার পর ফিরতি বল থেকে নিচের কোণায় শট নিয়ে দলকে এগিয়ে দেন।
এর তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন রাসমুস হইলুন্দ। বাঁকানো শটে বল জালে পাঠিয়ে লিগে টানা দ্বিতীয় ম্যাচে গোলের দেখা পান নাপোলির এই ফরোয়ার্ড।
তবে দুই গোলে পিছিয়েও হাল ছাড়েনি ইন্টার। ২-০ হওয়ার মাত্র তিন মিনিট পরই এক গোল শোধ করেন লাউতারো। ফেদেরিকো দিমার্কোর দারুণ এক ক্রস থেকে কাছ থেকে বল জালে পাঠান আর্জেন্টাইন অধিনায়ক।
এরপর সমতায় ফেরার দারুণ সুযোগ পেয়েছিল ইন্টার। তবে মার্কাস থুরামের শট পোস্টে লেগে ফিরে আসে। শেষ পর্যন্ত ম্যাচের ৮২তম মিনিটে সেই থুরামই হেডে ইন্টারকে সমতায় ফেরান।
ম্যাচের নাটকীয়তা তখনও বাকি। নির্ধারিত সময়ের শেষ মিনিটে কাছ থেকে বল জালে পাঠিয়ে ইন্টারকে ৩-২ ব্যবধানের অবিশ্বাস্য জয় এনে দেন লাউতারো মার্তিনেজ। গোলের পর সান সিরোর সমর্থকদের সঙ্গে উচ্ছ্বাসে মাতেন ইন্টার অধিনায়ক।
এই জয়ে চলতি সিরি আ মৌসুমে নিজেদের প্রথম তিন ম্যাচেই জয় পেল বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার। তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে তারা রয়েছে টেবিলের দ্বিতীয় স্থানে।
অন্যদিকে, নাপোলির শুরুটা হয়েছে হতাশাজনক। গত সপ্তাহে কোমোর কাছে ঘরের মাঠে হারের পর এবার ইন্টারের কাছেও হারল ২০২৪-২৫ মৌসুমের চ্যাম্পিয়নরা। তিন ম্যাচে মাত্র ৩ পয়েন্ট নিয়ে টেবিলের দশম স্থানে রয়েছে তারা।
সান সিরোয় ইন্টারের দাপটও অব্যাহত রয়েছে। সিরি আ’তে ঘরের মাঠে সর্বশেষ ২০২৫ সালের নভেম্বরেই হেরেছিল তারা।
Posted ৮:০৫ এএম | রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।