নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | 6 বার পঠিত

সন্তানকে সম্পত্তি দান করে দিলেও জীবিত থাকা পর্যন্ত সেই সম্পত্তি ভোগ করতে পারবেন বাবা-মা। এ জন্য ১৮৮২ সালের দ্য ট্রান্সফার অব প্রপার্টি অ্যাক্ট সংশোধনের বিল জাতীয় সংসদে পাস হয়েছে।
রোববার জাতীয় সংসদের অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে কণ্ঠভোটে বিলটি পাস হয়। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বিলটি সংসদে উত্থাপন করেন। তবে বিল পাসের আগে সংসদ থেকে ওয়াকআউট করে বিরোধী দল। অন্যদিকে, বাবা-মায়ের অধিকার সুরক্ষায় বিলটিকে স্বাগত জানিয়েছে সরকারি দল।
বিলের নতুন বিধান অনুযায়ী, বাবা-মা, দাদা-দাদি কিংবা নানা-নানি সন্তান বা নাতি-নাতনির কাছে সম্পত্তি দান করলে দাতা জীবিত থাকা পর্যন্ত ওই সম্পত্তি ভোগ করতে পারবেন। একই সুবিধা থাকবে স্বামী-স্ত্রীর মধ্যে সম্পত্তি দানের ক্ষেত্রেও। অর্থাৎ, সম্পত্তি দান করলেও দাতার জীবনকালীন ভোগাধিকার বহাল থাকবে।
এমনকি দাতার জীবদ্দশায় সম্পত্তির গ্রহীতার মৃত্যু হলেও দাতার ভোগের অধিকার থাকবে। পরে প্রচলিত আইন অনুযায়ী ওই সম্পত্তি গ্রহীতার উত্তরাধিকারীদের কাছে হস্তান্তরিত হবে।
বিলের উদ্দেশ্য ও কারণসংবলিত বিবৃতিতে আইনমন্ত্রী বলেন, প্রচলিত আইনে সম্পত্তি হস্তান্তরের বিভিন্ন পদ্ধতি থাকলেও দাতার জীবদ্দশায় সম্পত্তির ভোগাধিকার সংরক্ষণ করে দানের বিষয়ে স্পষ্ট কোনো বিধান ছিল না। সংশোধিত আইনের মাধ্যমে এ বিষয়ে একটি স্বতন্ত্র ব্যবস্থা তৈরি হবে।
আইনমন্ত্রী আরও বলেন, নতুন বিধানটি সব ধর্মের মানুষের জন্য সমভাবে প্রযোজ্য হবে। এর ফলে প্রচলিত সাধারণ দান, মুসলিম আইনের অধীনে হেবা কিংবা আইনস্বীকৃত অন্য কোনো সম্পত্তি হস্তান্তর পদ্ধতির ওপর কোনো প্রভাব পড়বে না।
বিল নিয়ে আপত্তি জামায়াতের এমপির
তবে বিলটির বিরোধিতা করেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। তিনি বিলটিকে কোরআন-সুন্নাহর পরিপন্থি দাবি করে সংসদে তা পাস না করার আহ্বান জানান।
তার বক্তব্য, দাতাকে আজীবন সম্পত্তি ভোগের সুযোগ দেওয়া হলে ইসলামী উত্তরাধিকার আইনের বিধানকে পাশ কাটানোর আশঙ্কা রয়েছে। দেশের কয়েকজন প্রখ্যাত আলেমও প্রস্তাবিত ব্যবস্থাকে ইসলামী আইনের সঙ্গে সাংঘর্ষিক বলে মত দিয়েছেন বলে দাবি করেন তিনি।
নাজিবুর রহমান মোমেনের আরও দাবি, আইনটি কার্যকর হলে ভবিষ্যতে উত্তরাধিকারীদের প্রাপ্য সম্পত্তির অধিকার নিয়ে জটিলতা তৈরি হতে পারে।
Posted ১:৪৬ এএম | সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।