ডেস্ক রিপোর্ট | শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | 19 বার পঠিত

ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট শেষ। স্কোরলাইন ২-০। পিএসজির হার তখন প্রায় নিশ্চিতই মনে হচ্ছিল। কিন্তু ইনজুরি টাইমে মাত্র চার মিনিটের ব্যবধানে দুই গোল করে নাটকীয়ভাবে ম্যাচে ফিরল ফরাসি জায়ান্টরা। শেষ পর্যন্ত লিলের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে পিএসজি।
শুক্রবার রাতে লিলের বিপক্ষে ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত দুই গোলে পিছিয়ে ছিল লুইস এনরিকের দল। ইনজুরি টাইমের প্রথম মিনিটে ভিতিনহার গোলে ব্যবধান কমে। চার মিনিট পর অধিনায়ক মার্কিনিয়োস গোল করে সমতা ফেরান।
এ নিয়ে নতুন মৌসুমের লিগে টানা দ্বিতীয় ম্যাচে ২-২ গোলে ড্র করল পিএসজি। মৌসুমের প্রথম ম্যাচেও রেনের বিপক্ষে দুই গোলে পিছিয়ে থেকে একই ব্যবধানে ম্যাচ শেষ করেছিল তারা।
শেষ মুহূর্তে দলের ঘুরে দাঁড়ানোর মানসিকতায় সন্তুষ্ট কোচ লুইস এনরিকে। তার মতে, গত তিন বছরে শেষ বাঁশি পর্যন্ত লড়ে যাওয়াই পিএসজির অন্যতম বড় বৈশিষ্ট্য হয়ে উঠেছে।
এনরিকে বলেন, ‘গত তিন বছর ধরে এটাই এই দলের বৈশিষ্ট্য। সবাই যখন মনে করে আমরা শেষ, তখনই ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা আমাদের আছে।’
লিলের বিপক্ষে জয় পাওয়ার মতো পারফরম্যান্স পিএসজি দেখিয়েছে বলেও মনে করেন এনরিকে। তবে ফুটবলে সুযোগ কাজে লাগানোর গুরুত্বও তুলে ধরেছেন তিনি।
‘আমরা এই ফলের চেয়েও বেশি কিছু প্রাপ্য ছিলাম। কিন্তু এটাই ফুটবল। ফুটবল সব সময় ন্যায্য হয় না, গোল করতে হয়। তবে এই এক পয়েন্ট আমরা প্রাপ্য,’ বলেন পিএসজি কোচ।
দুই ম্যাচে দুই পয়েন্ট নিয়ে লিগ শিরোপা ধরে রাখার মিশনে পিএসজির শুরুটা অবশ্য প্রত্যাশামতো হয়নি। তবে এনরিকে মনে করিয়ে দিয়েছেন, গত মৌসুমে রেন ও লিলের মাঠে পাওয়া ফলের তুলনায় এবার দুই ম্যাচে দল এক পয়েন্ট বেশি পেয়েছে।
তবে শুধু ইতিবাচক দিক দেখেই সন্তুষ্ট নন এনরিকে। তার মতে, পিএসজিকে আরও উন্নতি করতে হবে এবং নিজেদের সেরা ছন্দে ফিরতে হবে।
‘আমরা চেষ্টা করছি ইতিবাচক থাকতে। তবে পরিষ্কারভাবেই আমাদের উন্নতি করতে হবে। আরও ভালো মানের ফুটবল খেলতে হবে। আজ দল শেষ মিনিট পর্যন্ত লড়াই করার সামর্থ্য দেখিয়েছে,’ বলেন তিনি।
আগামী শুক্রবার পার্ক দে প্রাঁসে মোনাকোর বিপক্ষে মাঠে নামবে পিএসজি। চ্যাম্পিয়নস লিগ শুরুর আগে লিগে সেটিই হবে তাদের শেষ ম্যাচ।
Posted ৭:৪১ এএম | শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।