ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে দুদকের দুই মামলা

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   255 বার পঠিত

শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে দুদকের দুই মামলা

জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহার করে রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্প থেকে ১০ কাঠা করে দুটি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার দুদকের উপপরিচালক মো. সালাহউদ্দিন বাদী হয়ে কমিশনের ঢাকা-১ কার্যালয়ে মামলা দুটি করেন। দুদক মহাপরিচালক ও মুখপাত্র মো. আক্তার হোসেন ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

ক্ষমতার অপব্যবহার করে ছেলেকে প্লট বরাদ্দ দেওয়ার কারণে জয়ের বিরুদ্ধে করা মামলায় শেখ হাসিনাকেও সহযোগী আসামি করা হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলায় প্লট জালিয়াতিতে যোগসাজশের কারণে রাজউক, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাসহ আটজনকে আসামি করা হয়েছে। জয়ের বিরুদ্ধে করা মামলায় আসামি করা হয়েছে ১৫ জনকে।

শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার অন্য আসামিরা হলেন– রাজউকের সাবেক চেয়ারম্যান আনিছুর রহমান মিঞা, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার, রাজউকের সাবেক সদস্য (উন্নয়ন) মো. শফি উল হক, সাবেক সদস্য (এস্টেট ও ভূমি) মোহাম্মদ খুরশীদ আলম, সাবেক সদস্য (পরিকল্পনা) মোহাম্মদ নাসির উদ্দীন, সাবেক সদস্য (উন্নয়ন) মেজর (অব.) সামসুদ্দীন আহমদ চৌধুরী ও সাবেক উপপরিচালক নায়েব আলী শরীফ।

জয়ের বিরুদ্ধে করা মামলার অন্য আসামিরা হলেন– শেখ হাসিনা, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার, অতিরিক্ত সচিব (প্রশাসন) কাজী ওয়াছি উদ্দিন ও সচিব শহীদ উল্লা খন্দকার, রাজউকের সাবেক চেয়ারম্যান আনিছুর রহমান মিঞা, সাবেক সদস্য (এস্টেট ও ভূমি) মোহাম্মদ খুরশীদ আলম, সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) তন্ময় দাস, সাবেক সদস্য মোহাম্মদ নাসির উদ্দীন, সদস্য (উন্নয়ন) মেজর (অব.) সামসুদ্দীন আহমদ চৌধুরী, পরিচালক কামরুল ইসলাম, সহকারী পরিচালক মাজহারুল ইসলাম, উপপরিচালক নায়েব আলী শরীফ ও সাবেক পরিচালক নুরুল ইসলাম।

এজাহারে বলা হয়েছে, প্রধানমন্ত্রী থাকাকালে শেখ হাসিনা নিজের মালিকানায় ও তাঁর ছেলে, মেয়ে, বোন এবং বোনের দুই ছেলেমেয়ের নামে ঢাকা শহরে বাড়ি বা ফ্ল্যাট বা আবাসন সুবিধা থাকার পরও সেই তথ্য গোপন রেখে পূর্বাচলে প্লট বরাদ্দ নিয়েছেন। এতে বরাদ্দ-সংক্রান্ত আইন ও নীতিমালা লঙ্ঘন হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী তাঁর দপ্তরসহ প্রকল্পের বরাদ্দ বিষয়ক দায়িত্বপ্রাপ্ত গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজউকের কর্মচারীদের প্রভাবিত করে ক্ষমতার অপব্যবহার করেছেন।

এর আগে গত সোমবার ক্ষমতার অপব্যবহার করে রাজউক থেকে প্লট নেওয়ার অভিযোগে শেখ রেহানা, তাঁর ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, মেয়ে আজমিনা সিদ্দিক ও শেখ হাসিনার বিরুদ্ধে আলাদা তিনটি মামলা করা হয়। গত ১২ জানুয়ারি শেখ হাসিনা ও তাঁর মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল এবং জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা হয়। শেখ হাসিনা ও তাঁর পরিবারের ছয়জন পূর্বাচলের ওই প্রকল্প থেকে প্রতিজনে ১০ কাঠা করে মোট ৬০ কাঠার প্লট বরাদ্দ নিয়েছেন।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। তাঁর সঙ্গে বোন শেখ রেহানা ও মেয়ে পুতুল রয়েছেন। ছেলে জয় আছেন যুক্তরাষ্ট্রে। শেখ রেহানার ছেলেমেয়ে লন্ডনে অবস্থান করছেন।

Facebook Comments Box

Posted ৩:২৭ এএম | বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।