ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

পাঠ্যবইয়ে যেভাবে উঠে এলো শেখ হাসিনার পতন

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৪ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   283 বার পঠিত

পাঠ্যবইয়ে যেভাবে উঠে এলো শেখ হাসিনার পতন

শেখ হাসিনার সরকার ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার শিক্ষাক্রম ও পাঠ্যবইয়ে ব্যাপক পরিবর্তন এনেছে। শেখ হাসিনার চালু করা শিক্ষাক্রম বাতিল করে ২০১২ সালের কারিকুলাম পুনঃপ্রবর্তন করা হয়েছে। বিভিন্ন শ্রেণির বইয়ে যুক্ত করা হয়েছে জুলাই আন্দোলনের নানা ঘটনা, ছবি, কার্টুন এবং অন্যান্য বিষয়।

নতুন বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে সীমিত পরিসরে তুলে দেওয়া হয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রণীত নতুন শিক্ষাবছরের পাঠ্যবই। সংশোধিত ও পরিমার্জিত সব বইয়ের অনলাইন ভার্সন পাওয়া যাচ্ছে এনসিটিবির ওয়েবসাইটে। 

এতে দেখা গেছে, বিভিন্ন শ্রেণির পরিবর্তিত পাঠ্যপুস্তকে স্থান পেয়েছে ছাত্র-জনতার জুলাই অভ্যুত্থানের বিভিন্ন গল্প, ছবি, কার্টুন, গ্রাফিতিসহ বিভিন্ন বিষয়। ব্যাপক পরিবর্তন আনা হয়েছে গত ১৫ বছরের রাজনৈতিক অতিকথন ও বন্দনায়। নবম-দশম শ্রেণির বইতে তুলে ধরা হয়েছে শেখ হাসিনার পতনের গল্পও।

এ দুই শ্রেণির বাংলা সাহিত্য বইয়ে স্থান দেওয়া হয়েছে ‘আমাদের নতুন গৌরবগাঁথা’ অধ্যায়। এ অধ্যায়ে শেখ হাসিনা সরকারের পতনের গল্প তুলে ধরা হয়েছে এভাবে- সেদিন ৫ আগস্ট ২০২৪- ৩৬শে জুলাই। বাংলাদেশের ক্যালেন্ডার জুলাইতে থেমে গেছে। শুধু দেশ নয় সারা দুনিয়ার মানুষ তাকিয়ে আছে বাংলাদেশের দিকে। আন্দোলনকারী ছাত্র-জনতা এক দফা দাবি পেশ করেছে। সারা দেশ থেকে মানুষ ঢাকায় ছুটছে। ঘেরাও করবে গণভবন। মূলোৎপাটন করবে শাসনক্ষমতা আঁকড়ে থাকা ফ্যাসিবাদী শাসককে। কারফিউ উপেক্ষা করে ঢাকার উত্তরার পথে মানুষের দেখা মিলল। যাত্রাবাড়ীর দিকে মানুষ জড়ো হতে থাকল ধীরে ধীরে। নামল মানুষের ঢল। জনতা গণভবনে পৌঁছে যায় দুপুর নাগাদ। পতন অত্যাসন্ন টের পেয়ে স্বৈরাচার সরকারপ্রধান পালিয়ে যান দেশ ছেড়ে।’

অধ্যায়টিতে আরও বলা হয়, ২০২৪ সালের শুরুতে প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে সরকার। উঠে আসে হাসিনা সরকার উৎখাতে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়, স্কুল-কলেজ- মাদ্রাসা শিক্ষার্থীদের অবদানের কথাও। সেখানে বলা হয়, সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো বন্ধ করে দেওয়ার পর আন্দোলন কর্মসূচি গতি হারাতে পারত। কিন্তু বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ ও মাদ্রাসাশিক্ষার্থীরা তখন ব্যাপকভাবে এগিয়ে আসেন।

আমাদের নতুন গৌরবগাঁথা’ অধ্যায়টিতে উঠে এসেছে আওয়ামী লীগের আমলের দীর্ঘ দুঃশাসনের কথাও। সামান্য দাবির কারণে নির্বিচারের নির্যাতন আর গুম-খুন করা হয়েছে- বলে উল্লেখ করা হয়েছে এতে। যুক্ত করা হয়েছে বছরের পর বছর ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান লুট হওয়ার কথাও।

এতে আরও বলা হয়েছে, সাবেক সরকারের দানবীয় শাসন চালানোর জন্য প্রধান অবলম্বন ছিল মুক্তিযুদ্ধের গল্প। কিন্তু লোকে দেখল, হাজার সার্টিফিকেটধারী মুক্তিযোদ্ধার জন্ম হয়েছে মুক্তিযুদ্ধের পরে। জাল সনদ সংগ্রহ করে চাকরির সুবিধা নিয়েছে অনেকে। সরকার সব অনিয়ম-অবৈধতাকে ঢেকে দিতে চেয়েছে অবকাঠামোগত ‘উন্নয়নের গল্প’ দিয়ে।

নবম-দশম শ্রেণির বাংলা সাহিত্য ছাড়াও উল্লেখযোগ্য বহু পরিবর্তন এসেছে অন্যান্য শ্রেণির বিভিন্ন পাঠ্যবইয়েও। এর মধ্যে বিশেষভাবে পাঠ্যবই থেকে বাদ দেওয়া হয়েছে অতিরিক্ত শেখ মুজিববন্দনা। চার নেতার বিবরণীতে স্থান পেয়েছেন শেরেবাংলা এ কে ফজলুল হক, মওলানা আবদুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেইসঙ্গে স্বাধীনতার ঘোষণায় স্থান পেয়েছেন মেজর জিয়াউর রহমান।

Facebook Comments Box

Posted ৫:৪২ এএম | শনিবার, ০৪ জানুয়ারি ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।