সোমবার ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

মিলিকে ‘এলভিস প্রিসলি’র সঙ্গে তুলনা করলেন কোচ বাটলার

খেলাধুলা ডেস্ক   |   বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   77 বার পঠিত

মিলিকে ‘এলভিস প্রিসলি’র সঙ্গে তুলনা করলেন কোচ বাটলার

নারী এশিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী চীনের বিপক্ষে ২-০ গোলে হারলেও বাংলাদেশের লড়াকু পারফরম্যান্স প্রশংসিত হয়েছে। বিশেষ করে নিয়মিত গোলরক্ষক রূপনা চাকমার বদলে গোলপোস্টের নিচে দাঁড়ানো মিলি আক্তারের দারুণ সেভগুলো নজর কেড়েছে সবার। মিলির এমন পারফরম্যান্সে মুগ্ধ বাংলাদেশ দলের ইংলিশ কোচ পিটার বাটলার তাকে তুলনা করেছেন কিংবদন্তি মার্কিন সংগীতশিল্পী এলভিস প্রিসলির সঙ্গে!

আগামীকাল শুক্রবার টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে উত্তর কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। এই হাইভোল্টেজ ম্যাচের আগে বৃহস্পতিবার সিডনির ওয়েস্টার্ন স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে আসেন বাটলার। সেখানে তরুণ এই গোলরক্ষকের প্রশংসায় তিনি বলেন, ‘গোলকিপার মিলি অনেকটা এলভিস প্রিসলির মতো, তার দারুণ একটা স্টাইল আছে। এই টুর্নামেন্টে তার চুলের স্টাইলই সেরা। আজ সকালেও আমরা এটা নিয়ে কথা বলছিলাম। সে অনেক দিন ধরেই সুযোগের অপেক্ষায় ছিল। সে যে আগে খেলেনি, তার একমাত্র কারণ হলো আমাদের কোনো ম্যাচ ছিল না।’

চীনের মতো পরাশক্তির বিপক্ষে অভিজ্ঞ রূপনা চাকমাকে বেঞ্চে বসিয়ে মিলিকে নামানো নিয়ে অনেকেই সন্দিহান ছিলেন। এর আগে ২০২৪ সালে ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে মাত্র ৬০ মিনিট খেলার অভিজ্ঞতা ছিল তার। তবে চীনের বিপক্ষে জোড়া গোল হজম করলেও অন্তত ৭-৮টি নিশ্চিত গোল বাঁচিয়ে কোচের আস্থার দারুণ প্রতিদান দিয়েছেন মিলি।

বাটলার জানান, নতুনদের সুযোগ দিতেই এই সাহসী সিদ্ধান্ত নিয়েছেন তিনি। প্রস্তুতির ঘাটতি নিয়ে আক্ষেপ করে তিনি বলেন, ‘চীন ম্যাচের আগে ৯০ থেকে ১০০ দিন আমাদের কোনো প্রস্তুতি ম্যাচ ছিল না, যা সত্যিই দুর্ভাগ্যজনক। মিলিকে একাদশে নেওয়া নিয়ে আমাকে কোনো কৈফিয়ত দিতে হবে না। আমার মনে হয় বাংলাদেশের ফুটবলে গোলকিপিংয়ে বড় সমস্যা আছে, যা নিয়ে কাজ করা দরকার। আমার কাজ হলো নতুনদের খুঁজে বের করা এবং মিলির মতো তরুণ খেলোয়াড়দের সুযোগ দেওয়ার সাহস দেখানো।’

মূলত ৫ ফুট ৬ ইঞ্চি উচ্চতার কারণেই চীনের বিপক্ষে একাদশে সুযোগ পেয়েছিলেন মিলি। ধারণা করা হচ্ছে, উত্তর কোরিয়ার বিপক্ষেও গোলপোস্ট সামলাবেন তিনিই। মিলির সামর্থ্যের ওপর পূর্ণ বিশ্বাস রেখে বাংলাদেশ কোচ এক অজানা তথ্য জানিয়ে বলেন, ‘সে এই সুযোগ পাওয়ার যোগ্য ছিল, কারণ তার উচ্চতা বেশ ভালো। কিপিংয়ের হাত ভালো এবং সে দারুণ একটা চরিত্র। সবচেয়ে বড় কথা, সে একটি সুশৃঙ্খল পরিবেশ থেকে এসেছে। কারণ, সে পেশায় একজন সৈনিক, যে বিষয়টি অনেকেই জানে না।’

Facebook Comments Box

Posted ১০:২৫ এএম | বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।