| বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩ | প্রিন্ট | 146 বার পঠিত

জাতীয় পার্টির চেয়ারম্যান ও মহাসচিব সহযোগিতা না করায় এবং যোগ্য অনেক প্রার্থীকে মনোনয়ন না দেওয়ায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা সম্ভব হচ্ছে না বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ।
বুধবার রাতে ঢাকার গুলশানের বাসায় অনুসারীদের নিয়ে এক বৈঠকের পর রওশন এরশাদ এই ঘোষণা দেন। তিনি একটি লিখিত বক্তব্য পাঠ করেন।
তিনি বলেন, আমি দেশ ও গণতন্ত্রের স্বার্থে ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে অংশ নিয়েছিলাম। এবারও নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়েছিলাম। কিন্তু জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মজিবুল হক সহযোগিতা না করায়, যোগ্য অনেক প্রার্থীকে মনোনয়ন না দেওয়ায় নির্বাচনে অংশগ্রহণ করা সম্ভব হচ্ছে না।
রওশন এরশাদ ও সাদ এরশাদ ছাড়া জাতীয় পার্টির মনোনীত প্রার্থীদের সব ফরম বিতরণ বুধবার (২৯ নভেম্বর) বিকেলে শেষ হয়েছে।
দলের কেন্দ্রীয় যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম রাতে গণমাধ্যমেকে জানান, আগামীকাল যেহেতু মনোনয়ন জমার শেষ দিন, আসন খালি যাতে না যায় সেজন্য ময়মনসিংহ- ৪ আসন থেকে আবু মুসা সরকারকে মনোনয়ন দেওয়া হয়েছে। রওশন এরশাদের জন্য মনোনয়ন নিয়ে রাত ৯ টা পর্যন্ত অপেক্ষা করা হয়। কিন্তু এসময় পর্যন্ত তার পক্ষে কেউ মনোনয়ন নিতে আসেনি বলে জানান দলের এই কেন্দ্রীয় যুগ্ম দপ্তর সম্পাদক।
জাতীয় পার্টি গত রোববার ২৮৭টি আসনে দলীয় মনোনয়ন চূড়ান্ত করে প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করে। দলের নিয়ন্ত্রণ ও নির্দিষ্ট আসনে প্রার্থী হওয়া নিয়ে রওশন ও জি এম কাদেরের মধ্যে বিরোধ চলছিল।
Posted ৪:০৫ এএম | বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।