ডেস্ক রিপোর্ট | শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | 5 বার পঠিত

বাংলাদেশের টেস্ট ক্রিকেটে নতুন মাইলফলক ছুঁয়েছেন মোমিনুল হক। তামিম ইকবালকে পেছনে ফেলে টেস্টে দেশের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন বাঁহাতি এই ব্যাটার।
ডারউইনের মারারা স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনেই তামিমকে ছাড়িয়ে যান মোমিনুল। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ১৯৮ রানে অলআউট হওয়ার পর দিন শেষে বাংলাদেশ করেছে ১ উইকেটে ৯৬ রান।
তিন নম্বরে ব্যাট করতে নেমে মোমিনুল দিন শেষে ৬টি চারে ৪৯ বলে ৩৫ রানে অপরাজিত আছেন। এই ইনিংস খেলার পথেই তামিমকে পেছনে ফেলেন তিনি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে নামার আগে মোমিনুলের রান ছিল ৭৮ ম্যাচে ৫১৩১। তামিমকে ছাড়িয়ে যেতে তাঁর প্রয়োজন ছিল মাত্র ৪ রান। বাংলাদেশের ইনিংসের নবম ওভারে ক্রিজে আসেন ২০১৩ সালে টেস্ট অভিষেক হওয়া মোমিনুল। ১ রান নিয়ে রানের খাতা খোলার পর ১৪তম ওভারের প্রথম বলে চার মেরে তামিমকে ছাড়িয়ে যান তিনি।
৭৯ টেস্টের ১৪৬ ইনিংসে মোমিনুলের সংগ্রহ এখন ৫১৬৬ রান। ১৩টি শতক ও ২৮টি অর্ধশতকের পাশাপাশি তাঁর ব্যাটিং গড় ৩৮.২৬।
তামিম ৭০ ম্যাচে ১০ সেঞ্চুরি ও ৩১ হাফ-সেঞ্চুরিতে ৫১৩৪ রান নিয়ে নেমে গেছেন তৃতীয় স্থানে। বাংলাদেশের টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে রয়েছেন মুশফিকুর রহিম। ১০৪ টেস্টের ১৯০ ইনিংসে ১৪ সেঞ্চুরি ও ২৯ হাফ-সেঞ্চুরিতে ৩৯.১১ গড়ে তাঁর রান ৬৮০৬।
মুশফিকুর রহিম, মোমিনুল হক ও তামিম ইকবাল ছাড়া বাংলাদেশের আর কোনো ব্যাটারের টেস্টে ৫ হাজার রান নেই।
Posted ১:৩৯ এএম | শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।