নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | 12 বার পঠিত

টানা বৃষ্টিতে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের কামুল্যা ফকিরপাড়া গ্রামে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পুকুর খনন ও পাড় অস্বাভাবিকভাবে উঁচু করে আবাসিক এলাকার পানি নিষ্কাশনের পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন প্রভাবশালীর বিরুদ্ধে। এতে অন্তত আটটি পরিবার পানিবন্দি হয়ে চরম দুর্ভোগে পড়েছে।
এ ঘটনায় কামুল্যা গ্রামের বাসিন্দা দেলোয়ার হোসেন গত ১০ মে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেন।
ভুক্তভোগীদের অভিযোগ, প্রায় ৩০ বছর ধরে এলাকার কয়েকটি পরিবার জলাবদ্ধতার সমস্যায় ভুগলেও সম্প্রতি নতুন করে পুকুর খনন এবং পুরোনো পুকুর সংস্কারের নামে চারপাশের পাড় উঁচু করায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে। এতে বসতবাড়ির পানি বের হওয়ার স্বাভাবিক পথ বন্ধ হয়ে গেছে। সামান্য বৃষ্টিতেই কৃত্রিম জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।
ভুক্তভোগী আকবর আলী বলেন, পুকুরের পাড় উঁচু করে দেওয়ায় বাড়ির পানি বের হওয়ার পথ বন্ধ হয়ে গেছে। দীর্ঘদিন পানিবন্দি থাকায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বাড়ির জমে থাকা পানি শ্যালো মেশিন দিয়ে সেচ দিতে হচ্ছে। রান্নাবান্না করতেও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেক পরিবার মুড়ি খেয়ে দিন পার করছে। উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ দিয়েও এখন পর্যন্ত কার্যকর সমাধান পাননি বলে দাবি করেন তিনি।
স্থানীয়দের ভাষ্য, পানি নিষ্কাশনের কোনো বিকল্প ব্যবস্থা না রেখেই পুকুরের পাড় উঁচু করা হয়েছে। ফলে পরিবারগুলো কার্যত গৃহবন্দি হয়ে পড়েছে। যাতায়াতের প্রধান সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। পাশাপাশি বাড়ছে বিভিন্ন স্বাস্থ্যঝুঁকিও।
এ বিষয়ে অভিযুক্ত দেলোয়ার হোসেন ও শামসুর রহমানের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আরা বলেন, অভিযোগ পাওয়ার পর প্রাথমিক পদক্ষেপ নেওয়া হয়েছে। স্থানীয়দের ডেকে পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে বলা হয়েছে। এছাড়া বুড়ইল ইউনিয়নের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট ইউপি সদস্যের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, জলাবদ্ধতায় আটকে পড়া পরিবারগুলোর দুর্ভোগ লাঘবে দ্রুত পানি নিষ্কাশনের বিকল্প ব্যবস্থা গ্রহণ এবং অবৈধভাবে পুকুরের পাড় উঁচু করার অভিযোগে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
Posted ১১:৪৫ এএম | মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।