ডেস্ক রিপোর্ট | বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | 8 বার পঠিত

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের অগ্রগতি এখন চোখে পড়ার মতো। এরই ধারাবাহিকতায় ডারউইনে অস্ট্রেলিয়াকে হারিয়ে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে বাংলাদেশ। এবার দেশের বাইরেও এই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে চায় দল। বিশেষ করে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মতো কন্ডিশনে ভালো ক্রিকেট খেলে নিজেদের সক্ষমতা প্রমাণ করাই লক্ষ্য বলে জানিয়েছেন প্রধান কোচ ফিল সিমন্স।
সম্প্রতি রেভস্পোর্টজকে দেওয়া এক সাক্ষাৎকারে সিমন্স বলেন, ‘বাংলাদেশ চেয়েছিল যে আমরা একটি ভালো টেস্ট দল, যারা ভালো টেস্ট ক্রিকেট খেলতে পারে, এটা প্রমাণ করা। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, দেশের বাইরে আমরা ভালো আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারি। বিশেষ করে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মতো জায়গায়, যেখানে বাউন্স ও পেসের কারণে মানুষ মনে করে আমরা সমস্যায় পড়ব। ছেলেরা সত্যিই নিজেদের প্রমাণ করতে মরিয়া যে এশিয়ার বাইরেও আমরা ভালো ক্রিকেট খেলতে সক্ষম।’
বাড়তি কোনো অনুপ্রেরণা কাজ করছিল কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের আলাদা করে উজ্জীবিত করার মতো কিছু প্রয়োজন ছিল বলে মনে করি না। অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা, টেস্ট ক্রিকেট খেলা, এই বিষয়গুলোই এই দলকে উজ্জীবিত করার জন্য যথেষ্ট ছিল। তারা চেয়েছিল সবাইকে দেখাতে যে আমরা একটি ভালো টেস্ট দল এবং ভালো টেস্ট ক্রিকেট খেলতে পারি।’
সিরিজে ক্রিকেটারদের প্রতি নিজের বার্তা প্রসঙ্গে সিমন্স বলেন, ‘আমি মনে করি সবচেয়ে বড় ব্যাপার আবেগ নিয়ন্ত্রণ করা। অনেক সময় সকালে চার-পাঁচটি উইকেট পাওয়ার পর আমরা সেটার প্রভাবেই থেকে যাই। কিন্তু এবার আমরা চেষ্টা করেছি যেন লাঞ্চ কিংবা চা বিরতিতে একই মানসিক অবস্থায় থাকতে পারি এবং বিরতির পরও আবেগ নিয়ন্ত্রণে রেখে মাঠে ফিরতে পারি। উইকেট না পেলেও আবেগ যেন খুব বেশি নিচে নেমে না যায়, আবার উইকেট পেলেও যেন খুব বেশি ওপরে উঠে না যায়, এটা নিয়ন্ত্রণ করাই ছিল আমাদের অন্যতম প্রধান লক্ষ্য।’
ডারউইনে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের পারফরম্যান্সেরও প্রশংসা করেছেন সিমন্স। তার মতে, ম্যাচটিতে মিরাজ সম্ভবত ক্যারিয়ারের অন্যতম সেরা পারফরম্যান্স করেছেন।
সিমন্স বলেন, ‘(মিরাজ) দুর্দান্ত ছিল। অলরাউন্ডার হিসেবে তার মর্যাদা দিন দিন আরও বাড়ছে। ৫০ ওভারের ওয়ানডে ফরম্যাটে আমার মনে হয় সে (অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে) দুই নম্বরে আছে। টেস্টেও সে ক্রমেই ওপরে উঠছে। দ্বিতীয় ইনিংসে আমরা তার বিশ্বমানের অফস্পিন বোলিং দেখেছি। স্টিভ স্মিথও যেমন বলেছে, তৃতীয় দিনেও উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো ছিল। তারপরও স্টিভের মতো ব্যাটারকে বিভ্রান্ত করার যে ক্ষমতা সে দেখিয়েছে, তাতে বোঝা যায় তার অফস্পিনের মান ক্রমেই উন্নত হচ্ছে।’
Posted ৭:৫৯ এএম | বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।