ডেস্ক রিপোর্ট | মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | 12 বার পঠিত

ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের চলাচলে হস্তক্ষেপ করছে যুক্তরাষ্ট্র। গত জুলাইয়ের মাঝামাঝি থেকে এখন পর্যন্ত ৯৪টি বাণিজ্যিক জাহাজকে তাদের নির্ধারিত পথ পরিবর্তনে বাধ্য করার দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
সেন্টকমের সর্বশেষ হিসাবে, গত ২৪ ঘণ্টায় আরও দুটি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করা হয়েছে। এর আগের দিন এই সংখ্যা ছিল ৯২টি। এ ছাড়া তিনটি জাহাজ অচল এবং আরও দুটি জাহাজে অভিযান চালানোর কথাও জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।
ওয়াশিংটনের দাবি, ইরানের বন্দরগুলো ঘিরে অবরোধ পুনর্বহালের পর থেকেই এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে। এর অন্যতম লক্ষ্য ইরানের রপ্তানি, বিশেষ করে তেল বিক্রির পথ সীমিত করা।
যুক্তরাষ্ট্রের ধারণা, ইরানের তেল রপ্তানি কমিয়ে দেশটির অর্থনীতিতে চাপ সৃষ্টি করা গেলে তেহরানকে ওয়াশিংটনের দাবি মেনে নিতে বাধ্য করা সম্ভব হবে।
তবে মার্কিন চাপের মুখেও নিজেদের অবস্থান ধরে রাখার চেষ্টা করছে ইরান। ফলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে ঘিরে সামরিক ও অর্থনৈতিক চাপের পাশাপাশি দুই দেশের মধ্যে কূটনৈতিক অচলাবস্থাও আরও গভীর হচ্ছে।
মধ্যপ্রাচ্যবিষয়ক বিশ্লেষক রস হ্যারিসনের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বর্তমানে কার্যকর কোনো আলোচনার পথ তৈরি হয়নি। দুই পক্ষই আলোচনার টেবিলের চেয়ে মাঠের চাপকে বেশি কার্যকর মনে করছে।
হ্যারিসনের মতে, ওয়াশিংটন সামরিক পদক্ষেপের তুলনায় এখন অর্থনৈতিক চাপকেই বেশি গুরুত্ব দিচ্ছে। অন্যদিকে তেহরান মনে করছে, সংঘাতের গতিপথ নির্ধারণে তাদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা উচিত।
দুই পক্ষের অবস্থানে পরিবর্তন না এলে আগামী দিনগুলোতে কার্যকর আলোচনার সম্ভাবনা কম বলেও মনে করছেন তিনি।
সূত্র: আল জাজিরা
Posted ২:১৩ এএম | মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।