ডেস্ক রিপোর্ট | বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | 3 বার পঠিত
যুক্তরাষ্ট্রের শুল্কনীতি ও ক্রমবর্ধমান বাণিজ্য উত্তেজনার প্রভাব মোকাবিলায় চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করছে কানাডা। বিশেষ করে মোটরগাড়ি, কৃষি ও উৎপাদনশিল্পের স্বার্থ রক্ষায় যুক্তরাষ্ট্রের বাজারের ওপর নির্ভরতা কমিয়ে বিকল্প বাণিজ্যিক অংশীদার খুঁজছে দেশটি। এ লক্ষ্যেই চীনের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি।
গত ১৭ নভেম্বর চীনের শেনঝেনে প্রধানমন্ত্রী মার্ক কার্নি ও প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের বাণিজ্য সম্প্রসারণ, শুল্ক হ্রাস, বিনিয়োগ বৃদ্ধি এবং কৃষিপণ্য রপ্তানির সুযোগ বাড়ানো নিয়ে আলোচনা ও সমঝোতা হয়।
সমঝোতা অনুযায়ী, কানাডার শূকরের মাংস, মাছ, চিংড়ি ও সামুদ্রিক খাদ্যপণ্যের ওপর শুল্ক কমাতে সম্মত হয়েছে চীন। এর ফলে প্রায় ৪০ কোটি কানাডীয় ডলারের রপ্তানিপণ্য শুল্কছাড়ের সুবিধা পাবে। পাশাপাশি দুই দেশের মধ্যে অধিকাংশ পণ্যের বাণিজ্যেও শুল্ক হ্রাসের সুযোগ তৈরি হয়েছে।
বৈঠকে বিশেষ গুরুত্ব পেয়েছে বৈদ্যুতিক গাড়ি শিল্প। চীনের বৈদ্যুতিক গাড়ি আমদানিতে শুল্ক ১০০ শতাংশ থেকে কমিয়ে ৬ দশমিক ১ শতাংশ করেছে কানাডা। প্রাথমিকভাবে বছরে ৪৯ হাজার গাড়ি আমদানির সুযোগ রাখা হয়েছে। এর বিনিময়ে কানাডায় গাড়ি উৎপাদন, কারখানা স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টিতে চীনা বিনিয়োগের প্রত্যাশা করছে দেশটির সরকার।
তবে চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি জাতীয় নিরাপত্তা, মানবাধিকার এবং অভ্যন্তরীণ রাজনীতিতে বিদেশি হস্তক্ষেপের বিষয়েও সতর্ক রয়েছে কানাডা। অতীতে দেশটির নির্বাচনে চীনের কথিত হস্তক্ষেপের অভিযোগকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছিল। ফলে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি এসব উদ্বেগের বিষয়েও ভারসাম্যপূর্ণ অবস্থান বজায় রাখতে চায় অটোয়া।
কানাডা সরকারের লক্ষ্য, ২০৩০ সালের মধ্যে চীনে রপ্তানি ৫০ শতাংশ বাড়ানো। এ লক্ষ্যে কৃষিপণ্য রপ্তানি, নতুন বিনিয়োগ, প্রযুক্তি এবং শিল্প খাতে সহযোগিতা সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের ওপর বাণিজ্যিক নির্ভরতা কমিয়ে অর্থনীতির জন্য নতুন বাজার তৈরি করতেই চীনের সঙ্গে সম্পর্ক জোরদার করছে কানাডা। তবে এ উদ্যোগ কতটা সফল হবে, তা নির্ভর করবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখা এবং চীনের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতার পাশাপাশি জাতীয় নিরাপত্তাসংক্রান্ত উদ্বেগ মোকাবিলার সক্ষমতার ওপর।
Posted ৬:৫৫ এএম | বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।