সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

ঋতুপর্ণার গোলে প্রথমার্ধে সমতায় বাংলাদেশ

খেলাধুলা ডেস্ক   |   শনিবার, ০৬ জুন ২০২৬   |   প্রিন্ট   |   8 বার পঠিত

ঋতুপর্ণার গোলে প্রথমার্ধে সমতায় বাংলাদেশ

সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে প্রথমার্ধ শেষে ১-১ গোলে সমতায় রয়েছে বাংলাদেশ। গোয়ার ট্রফি নির্ধারণী এই ম্যাচে প্রথমে পিছিয়ে পড়লেও উইঙ্গার ঋতুপর্ণা চাকমার চোখধাঁধানো গোলে সমতা ফিরিয়ে বিরতিতে গেছে পিটার বাটলারের শিষ্যরা।

ম্যাচের শুরুটা অবশ্য বাংলাদেশ করেছিল বেশ সতর্ক এবং রক্ষণাত্মক ফুটবল খেলে। প্রথম পাঁচ মিনিটে নিজেদের জাল আগলে রাখার দিকেই বেশি মনোযোগ ছিল বাঘিনীদের। তবে ম্যাচের ১২তম মিনিটেই লিড নেওয়ার সুবর্ণ সুযোগ হাতছাড়া করে বাংলাদেশ। বাঁ প্রান্ত থেকে ঋতুপর্ণার বাড়ানো দারুণ এক ক্রসে গোলমুখে খুব কাছাকাছি থেকেও পা ছোঁয়াতে ব্যর্থ হন শামসুন্নাহার। এর দুই মিনিট পর আবারও সুযোগ নষ্ট করেন তহুরা খাতুন। বক্সের সামনে বল পেয়ে ভারতীয় গোলরক্ষককে একা পেয়েও শট নিতে দেরি করায় জুলি কিশান এসে বল ক্লিয়ার করে দেন।

ম্যাচের ১৬তম মিনিটে গোল করার সুবর্ণ সুযোগ পেয়েছিল ভারতও। নির্মলা দেবীর শট বাংলাদেশ গোলরক্ষক মিলি আক্তার পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে না পারলে এবং ডিফেন্ডার কোহাতি কিসকু বিপদমুক্ত করতে ব্যর্থ হলে বল পান ভারতের আস্তাম ওরাওন। তবে ফাঁকা পোস্ট পেয়েও তার শটটি লক্ষ্যভ্রষ্ট হলে বেঁচে যায় বাংলাদেশ। ৩৮ মিনিটে মনিষার কল্যাণের একটি বিপজ্জনক শট বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে রুখে দেন মিলি।

ম্যাচের প্রথম ৪০ মিনিটে কোনো দল জালের দেখা না পেলেও প্রথমার্ধের অন্তিম মুহূর্তে জমে ওঠে লড়াই। ৪২ মিনিটে প্রথম ডেডলক ভাঙে ভারত। পেয়ারি জাজাকে আটকাতে ডিফেন্ডার সুরভী ছুটে গেলেও তার গায়ে লেগে বল দিক পরিবর্তন করে। গোলকিপার মিলি অনেকটা সামনে এগিয়ে থাকায় বলটি তার মাথার ওপর দিয়ে ভাসতে ভাসতে জালে জড়িয়ে যায়।

১-০ গোলে পিছিয়ে পড়ে অবশ্য ভেঙে পড়েনি বাংলাদেশ। মাত্র ৪ মিনিটের ব্যবধানে, প্রথমার্ধের যোগ করা সময়ে লাল-সবুজ শিবিরে স্বস্তি ফেরান ঋতুপর্ণা। আনিকার কাছ থেকে বল পেয়ে তহুরা দারুণভাবে পাস বাড়ান ঋতুপর্ণার উদ্দেশে। বল নিয়ন্ত্রণে নিয়ে বাঁ প্রান্ত দিয়ে বক্সে ঢুকে এক কোণাকুণি শটে ভারতীয় গোলকিপারকে পরাস্ত করেন এই উইঙ্গার। তার এই দর্শনীয় গোলেই ১-১ সমতা নিয়ে প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।

Facebook Comments Box

Posted ৩:৫৭ এএম | শনিবার, ০৬ জুন ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।