মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

অসম যুদ্ধে ইরানের কৌশল কি ভিয়েতনামের মতো কাজে দেবে

বিশ্ব ডেস্ক   |   সোমবার, ০৯ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   7 বার পঠিত

অসম যুদ্ধে ইরানের কৌশল কি ভিয়েতনামের মতো কাজে দেবে

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা করার পেছনে কোন বিষয়টি ট্রাম্প প্রশাসনকে উৎসাহিত করেছে? হতে পারে তাদের জয়ের আত্মবিশ্বাস। কারণ, কাগজে-কলমে শক্তিশালী সামরিক বাহিনীকে সবসময় অজেয় হিসেবে দেখা হয়। কিন্তু ইতিহাস বলছে, ‘অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার’ বা অসম যুদ্ধের মাঠে দুর্বল প্রতিপক্ষ অপ্রচলিত পদ্ধতি অবলম্বন করলে অপ্রত্যাশিত ঘটনাও ঘটে।

উপনিবেশবিরোধী লড়াইগুলোতে এমন নজির দেখা গেছে। যেমন- ১৯৪৬ সালের ইন্দোচিন যুদ্ধে জয় নিশ্চিত মনে করে অংশ নিয়েছিল ফ্রান্স। তারা ভিয়েতনামের স্বাধীনতার আকাঙ্ক্ষাকে কোনো গুরুত্বই দেয়নি। কিন্তু কমিউনিস্ট নেতৃত্বাধীন ভিয়েত মিন বাহিনী কার্যকর গেরিলা যুদ্ধ শুরু করে। শেষ পর্যন্ত ১৯৫৪ সালে দিয়েন বিয়েন ফু যুদ্ধে ফ্রান্স হেরে যায়। ইতিহাসবিদরা মনে করেন, ফ্রান্সের হারের কারণ ছিল অহংকার।

১৯৫৪ থেকে ১৯৬২ পর্যন্ত চলা আলজেরিয়ার স্বাধীনতা যুদ্ধে গেরিলা কৌশলের সামনে ফ্রান্স আবারও ব্যর্থ হয়। ঘনবসতিপূর্ণ শহরের আশপাশের এলাকায় আলজেরিয়ান যোদ্ধাদের প্রতিহামলার কৌশল, ধ্বংসাত্মক কাজ ও হত্যাকাণ্ড যুদ্ধে প্রভাব তৈরি করেছিল। মার্কিন বিমান বাহিনীর সক্ষমতা সীমিত করতে ভিয়েতনাম যুদ্ধের সময় ভিয়েত কং বাহিনী ঘন জঙ্গল এলাকা ব্যবহার করতো। যুদ্ধকে দীর্ঘস্থায়ী করে তুলনামূলক দুর্বল শক্তি শেষ পর্যন্ত ১৯৭৫ সালে জয়ী হয়েছিল।

২০০১ সালে আফগানিস্তানেও মার্কিন সামরিক বাহিনী তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের সামনে পড়ে। কিন্তু আইইডি, আত্মঘাতী হামলা, ‘হিট অ্যান্ড রান’ বা ঝটিকা আক্রমণ আর স্থানীয় কর্মকর্তাদের হত্যার কৌশল কাজে লাগিয়ে তালেবানরা আমেরিকানদের চেয়ে বেশি সময় যুদ্ধে টিকে থাকার সক্ষমতা দেখিয়েছিল। শেষ পর্যন্ত ২০২১ সালে মার্কিন সেনারা আফগানিস্তান ছাড়তে বাধ্য হয়।

ইরাকের পরিস্থিতিও খুব বেশি ব্যতিক্রম ছিল না। ২০০৩ সালে আগ্রাসনের মাধ্যমে সাদ্দাম হোসেনকে উৎখাতের পর পুরো সংঘাত ভিন্ন মাত্রার এক যুদ্ধে রূপ নেয়। মার্কিন কনভয়ের ওপর আইইডি হামলা, আত্মঘাতী বোমা বিস্ফোরণ, গুপ্তহত্যা আর অপহরণের এক অন্তহীন চক্রে আটকে যায় দেশটি।

ইউক্রেনের অসম যুদ্ধও সমররীতিকে নতুনভাবে তুলে ধরছে। ২০২২ সাল থেকে সস্তা ও সাধারণ বাণিজ্যিক ড্রোন ব্যবহার করে তারা রাশিয়ার বিশাল বাহিনীকে এখনো মোকাবিলা করছে। মধ্যপ্রাচ্যে ইরানও একই কৌশল ব্যবহার করে নিজেদের প্রভাব বজায় রেখেছে। ইরাক, লেবানন ও ইয়েমেনে তাদের সহযোগিতা করছে ‘প্রক্সি’ বাহিনী। যেমন- ইয়েমেনের হুতিরা সৌদি আরবের বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে নিয়মিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চলমান যৌথ হামলার সময়ও ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে সস্তা কিন্তু কার্যকর ‘শাহেদ-১৩৬ কামিকাজে’ ড্রোন ছুড়ছে। এবারও দুর্বল প্রতিপক্ষ (ইরান) যদি যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী আক্রমণকারীর কাছে নতি মানতে অস্বীকার করে, তবে এই যুদ্ধ আরও দীর্ঘস্থায়ী ও রক্তক্ষয়ী হতে পারে।

Facebook Comments Box

Posted ৪:১৫ পিএম | সোমবার, ০৯ মার্চ ২০২৬

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।