ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

ডাকসু হোক বৈষম্যহীন সমাজ ও গণতন্ত্র নির্মাণের ভ্যানগার্ড

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   256 বার পঠিত

ডাকসু হোক বৈষম্যহীন সমাজ ও গণতন্ত্র নির্মাণের ভ্যানগার্ড

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ-ডাকসুকে বৈষম্যহীন সমাজ গড়তে এবং গণতন্ত্র নির্মাণে ভ্যানগার্ড হিসাবে দেখতে চান সাবেক ভিপি-জিএসরা। গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশের সর্বোচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরা ছাত্র-ছাত্রীদের পাশাপাশি দেশের সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মনে করছেন তারা। সাবেক ছাত্র নেতারা বলেন, ছাত্রদের নেতৃত্বে আমাদের গৌরব ও ঐতিহ্যের অনেক অধ্যায় রয়েছে। ইতিহাস বলে যে আমরা গৌরবের অনেক অর্জন ধরে রাখতে পারিনি। এবার গণ-অভ্যুত্থানের পর জনআকাঙ্ক্ষাগুলো বিচ্যুতির পথে চলে যাওয়ার প্রবণতা দেখতে পাচ্ছি। তবে সবকিছুর পরও নির্বাচন হওয়া ইতিবাচক হিসাবে মন্তব্য করে তারা নির্বাচনে কিছু দুর্বল দিকও তুলে ধরেছেন। তাদের মতে, আগামী দিনে ছাত্র আন্দোলন, ছাত্র সংগঠন বা দেশের রাজনীতি কোন পথে যাবে, ছাত্ররা কোনটা পছন্দ করে, তার সবই এই নির্বাচনের মধ্য দিয়ে পরিষ্কারভাবে বোঝা যাবে।

জানতে চাইলে ডাকসুর সাবেক ভিপি মুজাহিদুল ইসলাম সেলিম যুগান্তরকে বলেন, ছাত্রদের নেতৃত্বে ইতিহাসের অনেক টার্নিং পয়েন্ট আমরা অতিক্রম করেছি। এটা আমাদের খুব গৌরবের একটি ঐতিহ্য। আবার এটাও ইতিহাস বলে যে, আমরা গৌরবের অর্জন যেমন করেছি কিন্তু অর্জনগুলোকে ধরে রাখতে পারিনি। এবার গণ-অভ্যুত্থানের পরেও আকাঙ্ক্ষাগুলো বিচ্যুতির পথে চলে যাওয়ার প্রবণতা দেখতে পাচ্ছি। এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। শুধু ছাত্রনেতাদের নেতৃত্বে শ্রমজীবী মানুষের আন্দোলন নয়, সেখানে শ্রমজীবী মানুষের আন্দোলনে ছাত্র-জনতার অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, শুধু ডাকসু নয়, প্রত্যেকটি শিক্ষাপ্রতিষ্ঠান বিশেষ করে উচ্চস্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদের নির্বাচিত সংসদ থাকা উচিত। এটা ছাত্র সমাজের গণতান্ত্রিক অধিকার। এটা না থাকলে পেশিশক্তির অধিকারী বা হেলমেট বাহিনী গায়ের জোরে প্রতিনিধি সেজে ছাত্র সমাজকে কলঙ্কিত করে, ছাত্র সমাজের মৌলিক স্বার্থকে ধ্বংস করে। এছাড়া দেশপ্রেমিক নাগরিক গড়ে ওঠা এবং জাতীয় কর্তব্য পালনের প্রয়োজনেও ছাত্র সংসদ নির্বাচন হওয়া উচিত। শিক্ষাপ্রতিষ্ঠান এবং একাডেমিক ক্যালেন্ডারে ছাত্র সংসদ নির্বাচনের বিষয়টাও থাকা উচিত বলে মনে করেন তিনি। তিনি বলেন, সব উচ্চতর শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে এটি কার্যকর করার পদক্ষেপ নিতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণভাবে যেমন একাডেমিক ক্যালেন্ডারে পরীক্ষার তারিখ নির্ধারিত থাকে, একইভাবে ছাত্র সংসদ নির্বাচনের তারিখও নির্ধারণ করতে হবে।

সবকিছুর পরও ডাকসুর নির্বাচন হওয়া ইতিবাচক হিসাবে মন্তব্য করলেও নির্বাচনে কিছু দুর্বলতার কথাও জানিয়েছেন মুজাহিদুল ইসলাম সেলিম। তিনি বলেন, নির্বাচন হচ্ছে। এটা খুবই ভালো। কিন্তু এখানে কতগুলো দুর্বলতা থেকে গেল। যেমন একটি হলো-এত ছাত্রছাত্রী ভোট দেবে, পোলিং বুথ যদি যথেষ্ট পরিমাণে না থাকে। হলের প্যানেলে ভোট দিতে হবে, ডাকসুর প্যানেলে ভোট দিতে হবে। ফলে যদি যথেষ্ট বুথ না থাকে তাহলে বিরাট লাইন লেগে যাবে। অনেক সময় লেগে যাবে। এটা নিরুৎসাহিত করার পরিবেশ। আরেকটি সমস্যা হচ্ছে ছুটি। লম্বা ছুটি থাকলে পরিবার থেকেও বলবে গোলমাল হয় নাকি। ফলে তোমরা বাসায় চলে আসো। একটি প্রবণতা সৃষ্টি হবে ভোট না দেওয়ার। ভোট কাস্টিং কমিয়ে দেওয়ার মাধ্যমে একটি পরোক্ষভাবে নির্বাচনের ফলাফলকে ম্যানিপুলেট করার চেষ্টা করা হচ্ছে বলে খুবই যুক্তিসঙ্গত সন্দেহ আছে। শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ শক্তিকে কিছু সুবিধা করে দেওয়ার জন্য সুকৌশলে এ ধরনের প্রয়াস চালানো হচ্ছে বলেও মনে করেন তিনি।

ডাকসু নির্বাচনে কেমন নেতৃত্ব চান-এমন প্রশ্নের জবাবে ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না যুগান্তরকে বলেন, বাংলাদেশে বর্তমান সময়ে বৈষম্যহীন সমাজ গড়তে, গণতন্ত্র নির্মাণ করতে ভ্যানগার্ড প্রতিষ্ঠান হিসাবে ডাকসুকে দেখতে চাই। গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে এবারের ডাকসু ছাত্র-ছাত্রী ও সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণে কেমন ভূমিকা রাখবে বলে আপনি মনে করেন-এমন প্রশ্নের জবাবে মাহমুদুর রহমান মান্না বলেন, কারা নির্বাচিত হবেন, এটা তার ওপর অনেকটা নির্ভর করছে। তারা যদি চেষ্টা করেন, তাহলে অবশ্যই সম্ভব। কারণ তাদের আরও অনেক কিছু করার আছে। তারা যদি আন্তরিকভাবে করার চেষ্টা করে, নিশ্চয়ই পারবে। তিনি আরও বলেন, বাংলাদেশ নির্মাণ করতে হবে তো সবাই মিলে। সেখানে তারা একটি পথপ্রদর্শক হিসাবে ভূমিকা রাখতে পারে।

জানতে চাইলে ডাকসুর সাবেক জিএস ডা. মুশতাক হোসেন যুগান্তরকে বলেন, ডাকসু নির্বাচন এবার হয়তো অন্যান্যবারের মতো জাঁকজমক নেই। কর্তৃপক্ষ সেগুলো সঠিকভাবে নিয়ন্ত্রণ করেছেন। বড় বড় মিছিল, রঙ-বেরঙের পোস্টার, বাহারি ব্যানার, এগুলো তো আসলে অর্থ-বিত্ত প্রকাশের চাকচিক্য হয়। কিন্তু ছাত্রদের মধ্যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আছে। এটা বোঝা যায় যে, কারণ এবার এত স্বতন্ত্র প্রার্থী। মানে দলীয় ইজমের বাইরেও স্বতন্ত্র প্রার্থী আছে। অনেক নারী প্রার্থী আছে। তিনি বলেন, পাশাপাশি সাধারণ ছাত্রছাত্রী সবাই এটা নিয়ে খুব আগ্রহী মনে হচ্ছে। তারা এবার প্রার্থী কী বলছেন সেটার উপরে গুরুত্ব দিচ্ছেন। কোন দল কতটুকু শক্তিশালী, এর চেয়েও তারা এই কথাগুলোকে প্রাধান্য দিচ্ছেন। এটার কারণ আছে। এখন তো মিছিল করে আর বলতে হচ্ছে না। এখন ডিজিটাল প্ল্যাটফর্ম এটা ঘরে বসেই জানতে পারছে কোন প্রার্থী কী বলছেন, না বলছেন।

মুশতাক হোসেন বলেন, কাজেই এটি একটি বড় বিষয়। এটি আমাদের সময়ের থেকে ব্যতিক্রমও। আরেকটা ব্যতিক্রমী বিষয় আছে। সেটা হচ্ছে- আমরা তো গণ-অভ্যুত্থানের আগে, আমরা সংগঠন করেছি। সবাইকে ঐক্যবদ্ধ করে ছাত্র সংগঠনগুলো ক্যাম্পেইন করেছি আন্দোলন সফল করার লক্ষ্যে। আর এবারে গণ-অভ্যুত্থানের পরে হচ্ছে ডাকসুর নির্বাচন। ফলে গণ-অভ্যুত্থানের আশা-আকাঙ্ক্ষা ও স্বপ্নের প্রতিফল ঘটানোর জন্য রায় চাচ্ছে। ফলে এটা তো ভালোই। আমরা আশা করি আগামী দিনে ছাত্র আন্দোলন, ছাত্র সংগঠন বা দেশের রাজনীতি কোন পথে যাবে, ছাত্ররা কোনটা পছন্দ করে সেটা এই নির্বাচনের মধ্য দিয়ে পরিষ্কারভাবে বোঝা যাবে।

Facebook Comments Box

Posted ৩:৫৫ এএম | সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।