নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | 278 বার পঠিত
ফ্যাসিস্ট আওয়ামী লীগের সহযোগী হিসেবে জাতীয় পার্টি ও ১৪ দলেরও রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছেন বিভিন্ন দলের নেতারা। তারা বলেন, ভারত জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল বানানোর ষড়যন্ত্র করছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে গণঅধিকার পরিষদের সংহতি সমাবেশে তারা এসব কথা বলেন।
সমাবেশে বক্তব্য দেন গণঅধিকার পরিষদ, বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ অনেক দলের নেতারা। এ সময় বিএনপির পক্ষ থেকে জাতীয় পার্টির বিচার নিশ্চিতের দাবি জানানো হয়।
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীর ওপর হামলায় জড়িতদের শাস্তি, জাতীয় পার্টি এবং ১৪ দলের বিচার, নিবন্ধন বাতিল ও রাজনীতি নিষিদ্ধ এবং ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ– এই তিন দফা দাবিতে সংহতি সমাবেশের আয়োজন করা হয়। এতে ৩০টি রাজনৈতিক দলের নেতারা যোগ দেন।
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, প্রজ্ঞাপন দিয়ে জাতীয় পার্টি এবং ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। তাদেরও দেশ থেকে হটাতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে। অন্যথায় তাঁকে টেনেহিঁচড়ে নামানো হবে। তিনি অভিযোগ করেন, নুরের ওপর হামলাকারী পুলিশ ও সেনা সদস্যরা আওয়ামী দোসর। তাদের গ্রেপ্তার না করলে সেনাপ্রধানও দায় এড়াতে পারবেন না।
বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল বলেন, নুরকে কারা রক্তাক্ত করেছে। আমরা ড. ইউনূসকে বারবার বলেছি, আপনার সরকারের প্রশাসনের স্তরে স্তরে শেখ হাসিনার দোসর রয়ে গেছে। তাদের বিরুদ্ধে আপনি ব্যবস্থা নিন।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের বলেন, নুরের ওপর হামলা দেশের গণতন্ত্র ও জুলাইয়ের বিরুদ্ধে হামলা।
সমাবেশে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন্দ, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ, জেএসডির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য শিকদার হারুন মাহমুদ প্রমুখ।
শাহবাগে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ
গতকাল শাহবাগ মোড়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। এতে সৃষ্টি হয় তীব্র যানজট। খবর পেয়ে পুলিশ সদস্যরা পানি ছিটিয়ে আগুন নেভান। সন্ধ্যা সাড়ে ৬টায় জাতীয় জাদুঘরের সামনে সংহতি সমাবেশের পরপরই মঞ্চ থেকে ঘোষণা হয়– তারা মিছিল নিয়ে বিজয়নগরে দলীয় কার্যালয়ের সামনে যাবেন। এরই মধ্যে কিছু নেতাকর্মী শাহবাগের মোড়ে টায়ারে আগুন লাগিয়ে বিক্ষোভ করতে থাকেন। তারা জাতীয় পার্টিকে নিষিদ্ধ চেয়ে বিভিন্ন স্লোগান দেন। এ সময় সিনিয়র নেতারা তাদের নিবৃত্ত করার চেষ্টা করেন।
Posted ৩:৪৫ এএম | শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Best BD IT
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।