ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

গ্রেফতার দেখানো হচ্ছে লতিফ সিদ্দিকীসহ অন্তত ১৫ জনকে

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫   |   প্রিন্ট   |   254 বার পঠিত

গ্রেফতার দেখানো হচ্ছে লতিফ সিদ্দিকীসহ অন্তত ১৫ জনকে

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘মঞ্চ ৭১’ নামে একটি প্ল্যাটফর্ম আয়োজিত গোলটেবিল ঘিরে ব্যাপক উত্তেজনার ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ অন্তত ১৫ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। পরে তাদের ডিবি হেফাজতে নেওয়া হয়। রাতে তাদেরকে গ্রেফতার দেখিয়ে আজ (শুক্রবার) আদালতে নেয়ার সিদ্ধান্তের কথা জানায় পুলিশ।

রাত সাড়ে ১২টায় এই প্রতিবেদন লেখার সময় শাহবাগ থানায় মামলার প্রস্তুতি চলছিল বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মুনসুর।

তিনি বলেন, লতিফ সিদ্দিকীসহ অন্তত ১৫ জনকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানোর বিষয়টি এখনো প্রক্রিয়াধীন।

এই ১৫ জনের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান (কার্জন) ও সাংবাদিক মঞ্জুরুল আলম রয়েছেন বলে জানা গেছে। তবে অন্যদের পরিচয় পাওয়া যায়নি।

সূত্র জানায়, ডিআরইউর শফিকুল কবির মিলনায়তনে ‘আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শিরোনামে গোল টেবিল বৈঠকের আয়োজন করে মঞ্চ ৭১।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা ছিল গণফোরামের সাবেক সভাপতি কামাল হোসেনের। অনুষ্ঠান শুরুর আগ মুহূর্তে দুপুর ১২টার দিকে ডিআরইউর মিলনায়তনে ঢুকে একদল লোক লতিফ সিদ্দিকীকে ঘিরে ফেলেন এবং তাকে আওয়ামী ও ফ্যাসিবাদের দোসর আখ্যা দিয়ে স্লোগান দিতে থাকেন। এরপর সেখানে পুলিশ আসে এবং লতিফ সিদ্দিকীসহ বেশ কয়েকজনকে হেফাজতে নেওয়া হয়।

অনুষ্ঠানে আসা বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা বলেন, ‘আমি এখানে প্রোগ্রামে এসেছি। দল-মতের হিসাবে নয়, এখানে সব মুক্তিযোদ্ধাকে ডাকা হয়েছে; তাই এসেছি। আমরা প্রোগ্রাম শুরু করেছিলাম। লতিফ সিদ্দিকী এসেছেন। কামাল হোসেন আসেননি। ২০ থেকে ২৫ জন ছেলে এসে হট্টগোল করে আমাদের ঘিরে ফেলে।’

এদিকে ডিআরইউর হট্টগোল নিয়ে বৃহস্পতিবার বিকালে ফেসবুক লাইভে সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না বলেন, ‘আজ (বৃহস্পতিবার) মঞ্চ ৭১-এর যে গোলটেবিল আলোচনার কথা ছিল, সেখানে সমন্বয়ক নামধারী কিছু দুষ্কৃতকারী হট্টগোল করছে, স্লোগান দিচ্ছে। আমরা বুঝি, এটা ক্ষমতাসীন ব্যক্তিদের দাপটেই। এই দেশে মতপ্রকাশের স্বাধীনতা কতটুকু আছে, সাংবাদিকদের অফিসে (রিপোর্টার্স ইউনিটি) বসেই গ্যাঞ্জাম। এ থেকেই বোঝা যায়, দেশের সংবাদপত্রের স্বাধীনতা মতপ্রকাশের স্বাধীনতা কতটুকু আছে। তিনি একাত্তরের স্বাধীনতা, বাহাত্তরের সংবিধান, জাতীয় পতাকা, জাতীয় সংগীতের সঙ্গে কোনো কম্প্রোমাইজ করতে রাজি না বলে মন্তব্য করেন।’

মব নিয়ন্ত্রণ করতে না পারলে ইউনূস সরকারকে সরে যাওয়ার আহ্বান

টাঙ্গাইলের স্টাফ রিপোর্টার জানান, ডিবি হেফাজতে থাকা বড় ভাই আবদুল লতিফ সিদ্দিকীকে নিয়ে কৃষক-শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ডিআরইউতে ‘মঞ্চ ৭১’ আয়োজিত অনুষ্ঠানে ড. কামাল হোসেন প্রধান অতিথি ছিলেন, সেখানে আমার ভাইও ছিলেন। কিছু মানুষ সেখানে গিয়ে মব সৃষ্টি করে তাদের অনুষ্ঠান বানচাল করেছে। এটা কোনো গণতান্ত্রিক দেশে কারও অনুষ্ঠান বানচাল করার কোনো সাংবিধানিক বা আইনানুগ কোনো সুযোগ নেই। মব নিয়ন্ত্রণ না করতে পারলে ইউনূস সরকারকে সরে যাওয়ার আহ্বান জানাচ্ছি।

বৃহস্পতিবার বিকালে টাঙ্গাইল শহরের নিজ বাসা সোনার বাংলায় সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। কাদের সিদ্দিকী জানান, তাদের এখনো ডিবি অফিসে রাখা হয়েছে। তাদের আদৌ গ্রেফতার দেখানো হয়েছে কিনা জানি না।

এদিকে অনুমতি ছাড়া গণফোরামের প্রতিষ্ঠাতা ও ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেনের নাম ব্যবহার করায় গণফোরামের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি সিনিয়র আইনজীবী সুব্রত চৌধুরী ও সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমান প্রতিবাদ জানিয়েছেন।

গণফোরাম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঞ্চ-৭১ নামে একটি সংগঠন তাদের অদ্য সেমিনারের ব্যানারে ড. কামাল হোসেনের নাম ব্যবহার করে জনমতে বিভ্রান্তি ছড়িয়েছে। তার সাথে ড. কামাল হোসেন বা গণফোরামের কোনো সম্পৃক্ততা নেই।

Facebook Comments Box

Posted ৪:৫৫ এএম | শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।