নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫ | প্রিন্ট | 329 বার পঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি জানতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই)। গতকাল সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই বৈঠক করে মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক নির্বাচন পর্যবেক্ষক সংস্থাটি। এ সময় নির্বাচনী প্রস্তুতি ছাড়াও প্রাক-নির্বাচনী পরিস্থিতি মূল্যায়ন নিয়ে সিইসির সঙ্গে আলোচনা করেন তারা।
বৈঠক শেষে আইআরআইর ডিরেক্টর স্টিফেন সিমা সাংবাদিকদের বলেন, ’৯০ সাল থেকে কার্যক্রম পরিচালনা করছে আইআরআই। আমরা কী করতে পারি, আজকের বৈঠকে তা নিয়ে মূলত আলোচনা হয়েছে। ইসি তাদের প্রস্তুতি সম্পর্কে জানিয়েছে। বর্তমান পরিস্থিতি নিয়ে কোনো মন্তব্য করতে চান না জানিয়ে তিনি বলেন, প্রাক-নির্বাচনী পরিস্থিতি মূল্যায়ন নিয়ে ইসির সঙ্গে আলোচনা হয়েছে। তবে সুনির্দিষ্ট কোনো বিষয়ে তারা কোনো সুপারিশ করেননি। স্টিফেন সিমা বলেন, ‘আমরা সরাসরি ইসিকে কোনো সহায়তা দিই না। তবে আমরা দলগুলোকে গণতন্ত্র ও সুশাসন নিয়ে কারিগরি সহায়তা দিয়ে থাকি। এই কারিগরি সহায়তা অব্যাহত রাখা হবে। আমাদের ঢাকা সফরের উদ্দেশ্যই হচ্ছে কীভাবে দলগুলোকে সহায়তা করা যায়। এ জন্য আমরা কমিশনের সঙ্গেও আলোচনা করেছি।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সংস্থাটি ইতোমধ্যে বিভিন্ন ধরনের কার্যক্রম শেষ করেছে। দলগুলোর মধ্যে আন্তঃসংলাপ, নীতিনির্ধারণী সংলাপ– এমন নানা ধরনের কাজ করেছেন তারা।
এ সময় আইআরআইর ডেপুটি ডিরেক্টর ম্যাথ্যু কার্টার ও সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার অমিতাভ ঘোষ উপস্থিত ছিলেন।
Posted ৬:৩৫ এএম | মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Best BD IT
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।