নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫ | প্রিন্ট | 375 বার পঠিত
সাংবিধানিক চার প্রতিষ্ঠানের নিয়োগ ইস্যুতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের বৈঠকে সোমবার দিনভর উত্তাপ ছড়ায়। প্রতিষ্ঠানগুলো হলো-সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন (দুদক), মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) এবং ন্যায়পাল। বৈঠকের শুরুতেই ওয়াকআউট করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অবস্থান ছিল বিএনপির বিপক্ষে। বিএনপির বক্তব্য হলো-প্রতিষ্ঠানগুলোর নিয়োগের ক্ষমতা থাকবে নির্বাহী বিভাগের হাতে। কিন্তু জামায়াত, এনসিপিসহ অধিকাংশ দল চায় সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগ সংবিধানে উল্লেখ থাকবে। শেষ পর্যন্ত ঐকমত্য ছাড়াই বৈঠক শেষ হয়েছে।
আগের ধারাবাহিকতায় সোমবার বেলা সাড়ে ১১টায় বৈঠক শুরু হয়। উদ্বোধনী বক্তব্যে কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেন, ইতোমধ্যে আলোচনায় বেশকিছু বড় বিষয়ে অগ্রগতি হয়েছে। ১২টি বিষয়ে একমত হয়েছে। সোমবারের বৈঠকে দুদককে রাজনৈতিক প্রভাবমুক্ত করার বিষয়ে ঐকমত্য হয়েছে। বাকিগুলো একমত করার চেষ্টা হচ্ছে। এসব বিষয়ে একটা ঐতিহাসিক দলিল তৈরি করতে চাই, যেন বাংলাদেশের পথরেখা সেদিকে চলে। বৈঠক শুরুর ১৫ মিনিটের মধ্যে ওয়াকআউট করেন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ।
তিনি জানান, এসব প্রতিষ্ঠানের নিয়োগ নির্বাহী বিভাগের মাধ্যমে হতে হবে। না হলে নির্বাহী বিভাগ দুর্বল থাকবে। এতে মানুষের প্রত্যাশা পূরণ হবে। তবে ৩০ মিনিট পর আবারও বৈঠকে ফিরে আসে বিএনপির প্রতিনিধিদল। অন্যদিকে বেলা ১২টা ১০ মিনিটে অগ্নিকাণ্ডের অ্যালার্ম (সংকেত) বেজে উঠলে আবারও বৈঠক ভেঙে যায়। ২০ মিনিট পর বেলা সাড়ে ১২টায় পুনরায় বৈঠক শুরু হয়।
অধ্যাপক আলী রীয়াজ বলেন, দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালী করা এবং রাজনৈতিক প্রভাবমুক্ত করার বিষয়ে ঐকমত্য আছে।
তিনি বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতার আওতায় থেকে দুর্নীতির লাগাম টানতে দুদককে সংবিধানে একটি নতুন অনুচ্ছেদে যুক্ত করার প্রস্তাবটি ইতিবাচক মর্মে সব রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা মতামত দিয়েছেন। তবে আলোচনায় প্রস্তাবিত কাঠামোর কিছু পরিবর্তনের সুপারিশ দেওয়া হয়। কেউ কেউ নতুন প্রস্তাবও দিয়েছেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, দেশে যেন আর কখনো স্বৈরাচার বা ফ্যাসিবাদ জন্ম না নিতে পারে, সে লক্ষ্যে সংবিধান সংশোধনের উদ্যোগে বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছে। তবে নির্বাহী বিভাগের ক্ষমতা খর্ব করা হলে রাষ্ট্র পরিচালনায় ভারসাম্য নষ্ট হবে।
তিনি বলেন, বিএনপির পক্ষ থেকেই প্রস্তাব ছিল, কেউ যেন ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে না পারেন। সেটা গৃহীত হয়েছে। আমরা আরও প্রস্তাব দিয়েছি, নির্বাচন কমিশন গঠনে একটি স্বাধীন সার্চ কমিটি গঠন করা হোক। যেখানে সরকারি দল, বিরোধী দল এবং বিচার বিভাগের প্রতিনিধি থাকবে। সেটিও গ্রহণযোগ্য হয়েছে।
তার মতে, বিএনপিই প্রস্তাব করেছে তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠিত হওয়া উচিত। পরবর্তী সময়ে এ ব্যাপারে সংসদ কোনো সংশোধনী আনলে তা রাষ্ট্রপতির অনুমোদনের আগে গণভোটে যেতে হবে। এটি গৃহীত হওয়া মানে দেশের ভবিষ্যৎ রাজনৈতিক স্থিতিশীলতার জন্য একটি বড় পদক্ষেপ। তবে এসব অগ্রগতির মধ্যেও নির্বাহী বিভাগের ক্ষমতা কমানোর চেষ্টা চলছে।
তিনি বলেন, নির্বাহী বিভাগের জবাবদিহিতা যেমন সংসদের কাছে, তেমনই জনগণের কাছেও রয়েছে। কিন্তু যদি কর্তৃত্ব না থাকে, কেবল দায়িত্ব আর জবাবদিহিতা থাকে, তাহলে তা কার্যকর রাষ্ট্র পরিচালনার জন্য যথেষ্ট নয়। সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগে নির্বাহী বিভাগের হাত-পা বাঁধা হলে তা ভবিষ্যতের জন্য বাধা সৃষ্টি করতে পারে।
তিনি বলেন, নির্বাহী বিভাগের কাছে জনগণের প্রত্যাশা অনেক। এ প্রত্যাশা পূরণে নির্বাহী বিভাগকে শক্তিশালী হতে হবে। এটি দুর্বল হলে প্রত্যাশা পূরণ ব্যাহত হবে। দলটির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, বিএনপির পক্ষ থেকে বলা হয়, তারা সংলাপে অংশ নিচ্ছে একটি গঠনমূলক লক্ষ্য নিয়ে। তবে যেখানে মৌলিক দ্বিমত রয়েছে, সেখানে অংশগ্রহণ থেকে বিরত থাকা বা মতপার্থক্য প্রকাশ করাও গণতন্ত্রের ভাষা।
তিনি আরও বলেন, সব বিষয়ে ঐকমত্য হবে-এমন দাবি কেউ করেনি। দ্বিমত থাকবে, ভিন্নমত থাকবে, আর সেগুলোর মধ্য দিয়েই তো গণতন্ত্রের সংগ্রাম এগিয়ে যায়। সালাহউদ্দিন আহমদ বলেন, আমরা মনে করি না, ‘নোট অব ডিসেন্ট’ দিয়ে কাউকে ঐকমত্যে বাধ্য করা উচিত। ঐকমত্যের অর্থই হচ্ছে সবাইকে সঙ্গে নিয়ে পথচলা। বিএনপি অংশ না নিলে কীভাবে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠিত হবে, সেটি নিয়েও প্রশ্ন থেকে যায়।
জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে হলে জামায়াতের কোনো আপত্তি নেই। নির্বাচনের ব্যাপারে আমাদের প্রস্তুতি আছে। কিন্তু নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র দেখছি। কারণ, এখনো লেভেল প্লেয়িং ফিল্ডের ব্যাপারে সরকার তেমন কোনো পদক্ষেপ নেয়নি।
তিনি বলেন, প্রবাসীদের ভোটার করা, ভোটার তালিকা আপডেট করাসহ নির্বাচন কমিশনের অনেক কাজ বাকি আছে। প্রবাসীদের ভোটার করার ব্যাপারে সরকারের কমিটমেন্ট থাকলেও সেটা এখনো হয়নি। এরই মধ্যে ছয় মাস পার হয়েছে। আমরা যদি ফেব্রুয়ারিতে নির্বাচন ধরে নেই তাহলে এসব প্রস্তুতি আরও জোরদার হতে হবে। সেজন্যই আমাদের কাছে একটু শঙ্কা লাগে, কোনো জায়গা থেকে চক্রান্ত আছে কি না।
জামায়াতের এই নেতা বলেন, যদি একটা ফেয়ার ইলেকশন হয়, লেভেল প্লেয়িং ফিল্ড সেখানে তৈরি হয় এবং কিছু আইনের পরিবর্তন দরকার। কে সরকারে যাবে, কে বিরোধী দলে যাবে-এটা ডিসাইড করবে জনগণ। তবে এর পূর্বশর্ত হচ্ছে একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন। তিনি আরও বলেন, আজকের বৈঠকে মূলত সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলো নিয়ে আলোচনা শুরু হয়েছে। আলোচনার শুরুতে জাতীয় ঐকমত্য হাউজ একটু উত্তেজিত হয়েছিল। তার মতে, আগে থেকেই কয়েকটি সাংবিধানিক কমিটি স্বাধীন ছিল। এখানে সরকারের হস্তক্ষেপ করার কোনো আইনগত সিস্টেম ছিল না। কিন্তু নিয়ম যেটাই হোক, ড্রয়ার থেকে একটা স্লিপ বের হয় এবং সেই স্লিপ অনুসারেই নিয়োগ দেওয়া হয়েছে। এ কারণে অনেক মেধাবী ছেলে রাজনৈতিক কারণে চাকরি পাননি। অনেক মেধাবী লোক রাজনৈতিক কারণে চাকরি হারিয়ে ফেলেছেন। এটার জন্য সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে রাষ্ট্র।
জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন বলেন, বলা হচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠান। ফলে এর নিয়োগ সংবিধানে উল্লেখ থাকতে হবে। কারণ, এসব প্রতিষ্ঠানে নির্বাহী বিভাগের মাধ্যমে নিয়োগ দেওয়া হলে দলীয়করণের ঝুঁকি রয়েছে। এ কারণে আমরা পরিষ্কারভাবে বলেছি, এ নিয়োগ কীভাবে হবে, তা সংবিধানে উল্লেখ থাকতে হবে।
Posted ৪:২৫ এএম | মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Best BD IT
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।