নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২৭ জুলাই ২০২৫ | প্রিন্ট | 250 বার পঠিত
সংখ্যানুপাতিক (পিআর) হারে ভোটের নামে দেশে ‘জগাখিচুড়ি’ চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, কিছু কিছু রাজনৈতিক দল বিভিন্ন রকম কথা বলতে শুরু করেছে। যে বিষয়গুলোর সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই। খুব জোর গলায় বলছে, আনুপাতিক হারে পিআর পদ্ধতির নির্বাচন। আনুপাতিক হারের নির্বাচনটা কী, তা সাধারণ মানুষ বোঝেই না। আনুপাতিকটা কী জিনিস, সাধারণ মানুষকে জিজ্ঞাসা করুন, বলতে পারবে না। শনিবার জাতীয় প্রেস ক্লাবে জিয়া পরিষদের উদ্যোগে ‘ফ্যাসিস্ট খুনি হাসিনার পতন ও জুলাই-আগস্ট অভ্যুত্থানের বর্ষপূর্তি’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, সাধারণ মানুষ তো বুঝেই না, আনুপাতিক হারে নির্বাচনটা কী? তারা (জনগণ) জানে যে, একজন প্রার্থী দেবে পার্টি। সেই প্রার্থীর যেই মার্কাই হোক-ধানের শীষ অথবা দাঁড়িপাল্লা অথবা কুলা যাই হোক, ভোটের দিন সে ভোট দেবে। ভোট দিয়ে নির্বাচিত করবে। এখন উনারা বলতে শুরু করেছেন আনুপাতিক হারে নির্বাচন হবে।
তিনি বলেন, আনুপাতিকটা কী জিনিস-সাধারণ মানুষকে জিজ্ঞাসা করেন তারা বলতে পারবে না। আমরা যারা রাজনীতি করি কিছুটা বোঝার চেষ্টা করি। তাতে করে ভোট হবে, জনগণ ভোট দেবে। যে দলটি সবচেয়ে বেশি ভোট পাবে তারা তাদের নমিনেশন দেবে পার্লামেন্টে যাওয়ার জন্য। এতে করে আমাদের দেশের সাধারণ মানুষ, যারা তাদের এলাকায় একজন নেতা চান, প্রতিনিধি চান, সেটা কোনো মতেই এই পদ্ধতিতে (পিআর) সম্ভব হবে না। আমরা এই কারণেই বলেছি যে, নিুকক্ষের যে পার্লামেন্ট, সেই পার্লামেন্টে আমরা আনুপাতিক হারে নির্বাচনের কথা চিন্তা করি না।
মির্জা ফখরুল বলেন, নির্বাচনের কথা বললেই বলবে যে, বিএনপি শুধু নির্বাচন চায়। নির্বাচন কেন চাই সে দিকটা কেউ ভালো করে চিন্তা করার অবকাশ পায় না। নির্বাচন না হলে আমি প্রতিনিধি নির্বাচন করব কী করে? আর প্রতিনিধি নির্বাচিত না হলে সে পার্লামেন্টে যাবে কী করে? পার্লামেন্টে না গেলে জনগণের শাসনটা প্রতিষ্ঠিত হবে কোত্থেকে? কয়েকজন ব্যক্তিকে দেশ-বিদেশ থেকে ভাড়া করে নিয়ে এসে কী দেশ চালানো যায়? যায় না। এই যে সহজ-সরল কথা আমাদের উপলব্ধি করতে হবে।
জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করে রাষ্ট্রের মৌলিক সংস্কার করে দেবে-এমনটা ভাবার সুযোগ নেই বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব। তার মতে, কয়েকজন ব্যক্তিকে বিদেশ থেকে ভাড়া করে এনে দেশ চালানো যায় না।
বিএনপির মহাসচিব বলেন, অনেকেই মনে করছেন, কয়েকজন লোক, সংস্কার যারা করছেন; তারা কতগুলো বৈঠক করে, সংস্কার করে জনগণকে এগিয়ে দিলেন, আর সংস্কার হয়ে গেল? এভাবে সংস্কার হয় না। সংস্কার হতে হবে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া।
মির্জা ফখরুল বলেন, আপনি চাইলেন আর কালকেই পুলিশ ঘুস খাওয়া বন্ধ করে দেবে, এটা মনে করার কোনো কারণ নেই। স্ট্রাকচারটা (কাঠামো) তৈরি করতে হবে এমনভাবে, যাতে করে সে ঘুস না খায়। একইভাবে আমাদের যে আমলাতন্ত্র, এটা আমাদের উন্নয়নের পথে একটা বড় বাধা। এটা নেগেটিভ ব্যুরোক্রেসি (অদক্ষ আমলাতন্ত্র)। এটাকে পজিটিভ ব্যুরোক্রেসি করতে হলে যা যা করা দরকার, অর্থাৎ মূল কাজ হচ্ছে জনগণের সঙ্গে সম্পৃক্ত করা। সে বিষয়গুলো করতে হবে। জনগণের শাসন প্রতিষ্ঠা করতে হলে নির্বাচন প্রয়োজন।
জিয়া পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল কুদ্দুস অসুস্থ হয়ে দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার অনুপস্থিতিতে সংগঠনের ভাইস চেয়ারম্যান অধ্যাপক শফিকুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন। অধ্যাপক আবুল কালাম আজাদের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন-জিয়া পরিষদের অধ্যাপক এমতাজ হোসেন, অধ্যাপক মজিবুর রহমান হাওলাদার, আবদুল্লাহ হিল মাসুদ, খন্দকার শফিকুল হাসান, আলী নূর রহমান, মনোয়ার হোসেন এনাম, রুহুল আলম প্রমুখ।
বিএনপি ক্ষমতায় গেলে শিশুশ্রম নিরসনে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে : ঠাকুরগাঁও প্রতিনিধি জানান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে শিশুশ্রম নিরসন করে কর্মজীবী শিশুদের শিক্ষা ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে কর্মসূচি গ্রহণ করবে। এ বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ বিএনপি। ক্ষমতায় গেলে এই ইস্যুকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। শনিবার বিকালে ঠাকুরগাঁওয়ের গোবিন্দনগরে ইএসডিও’র প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক ভার্চুয়াল আলোচনায় এ কথা বলেন তিনি।
‘শিশুশ্রম নিরসনে ঠাকুরগাঁও মডেল : অভিজ্ঞতা ও সাফল্য উপস্থাপন’ শীর্ষক এই আয়োজনে যুক্ত হয়ে ফখরুল বলেন, বাংলাদেশের অর্থনৈতিক বাস্তবতা শিশুদের শ্রমে ঠেলে দিচ্ছে। তারপরও ঠাকুরগাঁওয়ে ইএসডিও যে দৃষ্টান্ত স্থাপন করেছে, তা সত্যিই প্রশংসনীয়। এই মডেল সারা দেশে ছড়িয়ে দেওয়া গেলে শিশুশ্রম দূর করা সম্ভব।
ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামানের সভাপতিত্বে বক্তব্য দেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এএইচএম সফিকুজ্জামান, মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব জাহেদা পারভীন, রংপুর বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) শহিদুল ইসলাম এবং জাতীয় শিশুশ্রম নিরসন পর্যবেক্ষণ কমিটির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সালমা আলী।
Posted ৩:৫৬ এএম | রবিবার, ২৭ জুলাই ২০২৫
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Best BD IT
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।