ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

এক বছর যেতে না যেতেই ত্যাগ ভুলে অপমানের চর্চা শুরু

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২১ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   252 বার পঠিত

এক বছর যেতে না যেতেই ত্যাগ ভুলে অপমানের চর্চা শুরু

জুলাই গণঅভ্যুত্থানের এক বছর যেতে না যেতেই রাজনৈতিক দলগুলোর মধ্যে অপমানসূচক বাক্যবিনিময় শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, ‘এক বছর যেতে না যেতেই ত্যাগ-তিতিক্ষা ভুলে যাচ্ছি। পরস্পর পরস্পরকে অপমানিত করার সুযোগ করছি। কেন জানি না, আমাদের মধ্যে সেই চর্চা ইদানীং শুরু হয়ে গেছে।’
গতকাল রোববার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে এক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন সালাহউদ্দিন আহমেদ। আদর্শ প্রকাশনের আয়োজনে অনুষ্ঠানে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খানের ‘স্ফুলিঙ্গ থেকে দাবানল: অভ্যুত্থানের অজানা অধ্যায়’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘আজ গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে বিভেদ কারা করছে? কারা শক্তিগুলোর মধ্যে লড়াই সৃষ্টি করে দিয়ে আরাম উপভোগ করছে? তারা কারা? তারা ওরাই, যারা আমাদের মধ্যে বিভক্তির মধ্য দিয়ে সুযোগ নেবে; বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ হতে দিতে চায় না। কারা স্বাধীনতার বিরুদ্ধে ছিল, কারা স্বাধীনতার পক্ষে ছিল– এই বিভক্তি তো আওয়ামী লীগ করেছে। স্বাধীনতার পক্ষের এবং বিপক্ষের শক্তি সাজিয়ে স্বাধীনতার চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে তারাই ফায়দা নিয়েছে। সেই একই রাজনৈতিক অস্ত্র কি আমরা ব্যবহার করব? আমরা করতে পারি? আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই। সেই ঐক্য হবে জুলাইয়ের ছাত্র-জনতার অভ্যুত্থানের ফ্যাসিবাদবিরোধী ঐক্য। এই ঐক্যের যারা বিরুদ্ধে, তারা এখন দিল্লিতে। এই ঐক্যের যারা বিরুদ্ধে, তারা ফ্যাসিবাদের দোসর হয়ে বাংলাদেশে হয়তো ঘাপটি মেরে বসে আছে। তারা ছাড়া সবাই আমরা ঐক্যবদ্ধ।’

তিনি আরও বলেন, ‘ঐক্যবদ্ধ শক্তির মধ্যে গণতান্ত্রিক পদ্ধতিতে কিছুটা বিতর্ক হবে, কিছুটা সংগ্রাম হবে, নির্বাচন হবে, কেউ বিরোধী দলে যাবে, কেউ সরকারি দলে যাবে, কেউ তর্ক-বিতর্ক করবে। কিন্তু সেটি বাংলাদেশের শক্তিশালী রাষ্ট্রকাঠামো বিনির্মাণের জন্যই হবে।’

বিএনপির ধারাবাহিক আন্দোলনের কারণেই ৫ আগস্ট এসেছে– দাবি করে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন বলেন, ‘প্রথম ১৬ বছর বিএনপি তার কাজ করেছে। এর পর বিএনপির সঙ্গে সব ধর্ম-মত, শ্রেণি-পেশার মানুষ নেমে এসেছিলেন বলেই গণঅভ্যুত্থান সম্ভব হয়েছে। এখন সংস্কারের কথা বলা হচ্ছে। সবচেয়ে বড় সংস্কার হলো নির্বাচন। কারণ, গত ১৬ বছর দেশের মানুষ নির্বাচন থেকে বঞ্চিত হয়েছিলেন।’
আলোচনা সভায় আরও বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শামীমা সুলতানা, বাসসের প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ, আদর্শ প্রকাশনের প্রকাশক মাহাবুব রাহমান, অনলাইন অ্যাক্টিভিস্ট সাইয়্যেদ আবদুল্লাহ প্রমুখ।

Facebook Comments Box

Posted ৪:২৭ এএম | সোমবার, ২১ জুলাই ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।