ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের বার্তা

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   286 বার পঠিত

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের বার্তা

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে শহীদদের স্মরণে মঙ্গলবার বিএনপি আয়োজিত আলোচনা সভা জাতীয় রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলতে সক্ষম হয়েছে। বিশেষ করে ফ্যাসিবাদী অপশক্তির বিরুদ্ধে সব দল ফের সমস্বরে ঐক্যবদ্ধ হওয়ার আওয়াজ তুলতে পেরেছে। সভায় উপস্থিত বেশির ভাগ দলের সিনিয়র নেতাদের বক্তব্যজুড়ে ছিল ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার। প্রত্যেকে বলেছেন, মতের বিরোধ থাকবে, কিন্তু দেশের স্বার্থের প্রশ্নে সব সময় এক এবং ঐক্যবদ্ধ থাকব। এছাড়া কোনোভাবে ফ্যাসিবাদকে আর রাজনীতিতে ফিরে আসার সুযোগ দেওয়া যাবে না। যারা সুযোগ দেওয়ার চেষ্টা করবে-তাদের বিরুদ্ধেও জনতা রাস্তায় নামবে।

রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে ওই আলোচনা সভায় জামায়াত-এনসিপিসহ ৪৫টি রাজনৈতিক দল অংশগ্রহণ করে। এতে ২১টি রাজনৈতিক দলের শীর্ষ নেতা বক্তব্য দেন। সেখানে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা ও ফ্যাসিবাদের বিরুদ্ধে সব দলের নেতারাই ঐক্যবদ্ধ থাকার বিষয়ে একমত পোষণ করেন। পাঁচ আগস্টের পর প্রথমবারের মতো এ আলোচনায় কাউকে সরকারের সমালোচনা করতে দেখা যায়নি। বরং বক্তারা নিজেদের মধ্যে বোঝাপড়ার ঘাটতি, ঐক্যের প্রয়োজনীয়তা এবং জাতীয় রাজনীতির চলমান প্রেক্ষাপটে সংস্কারের বিষয়ে আত্মসমালোচনামূলক দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্ন ছাড়াও এই আলোচনা সভা থেকে ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। বলা হয়েছে, রাজনৈতিক বিরোধ ও বৈরিতা থাকবে, কিন্তু সেটি যাতে চূড়ান্ত প্রতিহিংসায় পর্যবেশিত না হয় সেদিকে সচেষ্ট থাকতে হবে। আপনার সঙ্গে আমার বিরোধ আছে মানেই আপনার ধ্বংসের মধ্যে আমার অস্তিত্ব খুঁজতে যাওয়া ঠিক হবে না। শেখ হাসিনা এই মানসিকতা থেকে দেশটাকে যে জায়গাটায় নিয়ে গিয়েছিল ওই সংস্কৃতি থেকে রাজনৈতিক দলগুলোকে বেরিয়ে আসতে হবে। মতপার্থক্য নিয়েও যেন সবাই একসঙ্গে বাস করতে পারেন, সেই বন্দোবস্ত ঠিক করতে হবে। ইতিবাচক এই বার্তাটা বিএনপির আলোচনা সভায় রাজনৈতিক দলগুলোর নেতারা জোরালোভাবে দিতে পেরেছেন।

বিশ্লেষকরা আরও মনে করেন, রাজনৈতিক দলগুলোর শীর্ষনেতাদের উপস্থিতিতে অনেকদিন পর সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ভিডিও বার্তাও সবাইকে অনুপ্রাণিত করেছে। আবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যও প্রাণশক্তি জুগিয়েছে। যা রাজনৈতিক দলগুলোকে আরও কাছাকাছি নিয়ে আসবে।

রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক মাহবুব উল্লাহ যুগান্তরকে বলেন, জুলাই-আগস্ট অভ্যুত্থানের বর্ষপূর্তির অনুষ্ঠানে সব দল একত্রিত হয়েছে-এটি অবশ্যই একটা ভালো দিক। স্বাধীনতা, সার্বভৌমত্বের বিষয়ে ও ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ আছে-সেই বার্তা দিয়েছেন নেতারা। তবে তার মানে এই নয় যে, যেসব পার্থক্য তাদের মধ্যে দূরত্ব তৈরি করেছে, সে দূরত্বটা কমেছে। দূরত্বটা কাটাতে গেলে তাদের আরও কাছাকাছি আসতে হবে। এভাবে আরও কথাবার্তা বলতে হবে। নিজেদের মধ্যে মতবিনিময় করতে হবে। মতপার্থক্যের জায়গাগুলোকে সংকুচিত করে আনতে হবে।

বিএনপির ওই আলোচনা সভায় জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), এলডিপি, নাগরিক ঐক্য, জাতীয় পার্টি (জাফর), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণসংহতি আন্দোলন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, খেলাফত মজলিস, গণঅধিকার পরিষদ, আমার বাংলাদেশ (এবি) পার্টি, এনপিপি, লেবার পার্টি, জাতীয় গণফ্রন্ট, এনডিএম, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, বাংলাদেশ জাসদ, জাতীয় দল, বাংলাদেশ এলডিপি, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, ন্যাপ ভাসানীসহ ৪৫টি রাজনৈতিক দলের শীর্ষ নেতারা অংশ নেন। ছিলেন হেফাজতে ইসলামের প্রতিনিধিও। ওই আলোচনা সভায় ভিডিও বার্তায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ‘ঐক্য বজায় রাখা’র আহ্বান জানিয়েছেন। বলেছেন, ‘গুম-খুন-বিচারবহির্ভূত হত্যার শিকার ও জুলাই-আগস্টে যারা শহীদ হয়েছেন তাদের তালিকা প্রস্তুত করতে হবে। তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করতে হবে। প্রতিটি পরিবারের সম্মান এবং তাদের পুনর্বাসন এবং নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে। এসব অপরাধে জড়িতদের দ্রুত বিচারের ব্যবস্থা করতে হবে।’ বিভিন্ন রাজনৈতিক দলের একাধিক শীর্ষ নেতা যুগান্তরকে বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দেশের জনগণের এখন অভিভাবক। রাজনৈতিক দলগুলোও তাকে অভিভাবকের জায়গায় দেখেন।

Facebook Comments Box

Posted ৪:০০ এএম | বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।