নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১৬ জুন ২০২৫ | প্রিন্ট | 260 বার পঠিত
রাজধানীর উত্তরায় র্যাব পরিচয়ে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস-নগদের ডিস্ট্রিবিউটরের কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ। তবে এ ঘটনায় পুলিশের সন্দেহের তির এখন নগদ কর্মীদের দিকে। তারা নগদ ডিস্ট্রিবিউটরের মালিক, দুই ম্যানেজার, সেলসম্যান ও নিরাপত্তাকর্মীসহ ৯ জনকে জিজ্ঞাসাবাদ করছে। রোববার সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। এদিকে শনিবার সকালে এ ঘটনার পর রাতে নগদ ডিস্ট্রিবিউটর আব্দুর রহমান মামলা করেছেন। এতে অজ্ঞাত ৮-১০ জনকে আসামি করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন মিয়া জানান, আমরা নগদের কর্মীদেরও সন্দেহের বাইরে রাখছি না। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- ওই ডিস্ট্রিবিউটিং অফিসের কোনো কর্মীর ছিনতাইকারীদের সঙ্গে যোগসূত্র থাকতে পারে। যার কাছ থেকে তথ্য পেয়ে আগেই ঘটনাস্থলে ওতপেতে ছিল ছিনতাইকারীরা।
পুলিশ জানায়, উত্তরা-১৩ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডে নগদের স্থানীয় ডিস্ট্রিবিউটর আব্দুল খালেক নয়নের বাসা। নগদের ডিস্ট্রিবিউটিং অফিস সেখান থেকে হাঁটা পথে পাঁচ মিনিটের দূরত্বে। ওই অফিস থেকে ৪ জন গিয়ে নয়নের বাসা থেকে টাকাগুলো আনছিলেন। তারা মোটরসাইকেলে ছিলেন। রাস্তার মোড়ে একটি হায়েস গাড়িতে ওতপেতে ছিল ছিনতাইকারীরা। তারা অস্ত্রের মুখে নগদের কর্মকর্তাদের আটকায়।
র্যাব সূত্রে জানা গেছে, ঘটনার প্রায় এক ঘণ্টা আগে থেকে ছিনতাইকারীরা অপেক্ষায় ছিল। তাদের সঙ্গে নগদের ডিস্ট্রিবিউটরদের যোগসূত্র থাকতে পারে। তারা যোগাযোগ করেই মাইক্রোবাস নিয়ে অপেক্ষায় ছিল। টাকার ব্যাগ নিয়ে বাসা থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই দুর্বৃত্তরা ১ কোটি ১৮ লাখ টাকা ছিনিয়ে নেয়। জানতে চাইলে ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মহিদুল ইসলাম জানান, ছিনতইয়ের ঘটনায় যে মাইক্রোটি ব্যবহার করেছে দুর্বৃত্তরা সেটির নম্বরটি সঠিক নয়। আমরা তাদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে গ্রেফতারের চেষ্টা করছি।
Posted ৪:৩৮ এএম | সোমবার, ১৬ জুন ২০২৫
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Best BD IT
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।