নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০১ মে ২০২৫ | প্রিন্ট | 359 বার পঠিত
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমরা এমন এক বিশ্বে বাস করি, যেখানে প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আসছে। এ অবস্থায় যুদ্ধের প্রস্তুতি না রাখাটা আত্মঘাতী। তাই প্রস্তুতি থাকতে হবে। আমাদের নিকটবর্তী ভারত-পাকিস্তান যুদ্ধ শুরু হয়ে যাওয়ার মতো অবস্থার মধ্যে রয়েছে। বুধবার ঢাকায় বিমানবাহিনীর বার্ষিক মহড়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় যুগোপযোগী বিমানবাহিনী গড়ে তুলতে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান প্রধান উপদেষ্টা। বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এ সময়ে মঞ্চে উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন-অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য, সেনা ও নৌবাহিনী প্রধান, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা এবং সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। এর আগে প্রধান উপদেষ্টা তার কার্যালয়ে বন্যাকবলিত দুস্থদের ঘর প্রদান করেন।
বিমানবাহিনীর অনুষ্ঠানে ড. মুহাম্মদ ইউনূস বলেন, আমি যুদ্ধবিরোধী মানুষ। পৃথিবীতে যুদ্ধ হোক এটা আমরা কামনা করি না। যুদ্ধ প্রস্তুতি অনেক সময় যুদ্ধের দিকে নিয়ে যায়। কাজেই যুদ্ধ প্রস্তুতি নিয়েও একটা ঘোরতর আপত্তি। কিন্তু এমন বিশ্বে আমরা বাস করি, প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে। তো সেখানে প্রস্তুতি না নিয়ে থাকা এটা অসম্ভব হয়ে পড়ে। কাজেই এই পরিস্থিতির মধ্যে যুদ্ধের প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী। প্রস্তুতি নিতে হলে আধাআধি প্রস্তুতির কোনো জায়গা নেই। কারণ যুদ্ধে জয়ই শেষ কথা। উদাহরণ হিসাবে তিনি বলেন, আমাদেরই কাছে ভারত-পাকিস্তান যুদ্ধ শুরু হয়ে যাওয়ার মতো অবস্থার মধ্যে রয়েছে। সকালের খবরে দেখলাম, হয়তো গুজব, আজকেই শুরু হয়ে যাবে যুদ্ধ। এটা এমন এক পরিস্থিতি, জয়ই একমাত্র অপশন। অন্য কোনো অপশন হতে পারে না। কাজেই আমাদের প্রস্তুতি কত উচ্চ পর্যায়ে নিতে পারি, সে চেষ্টাই থাকতে হবে। যুদ্ধ একটি ব্যয়বহুল ব্যাপার উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, আমাদের অর্থনীতি দুর্বল অবস্থায় আছে। বিগত সরকারের কারণে লুট হয়ে গেছে অর্থনীতি। এ পরিস্থিতিতে সামগ্রিকভাবে প্রস্তুত থাকতে হবে। এতে আমাদের সাহস বাড়ে। আমাদের ছেলেমেয়েরাও সাহস পাবে।
প্রধান উপদেষ্টা আরও বলেন, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলছে বিমানবাহিনী। সার্বভৌমত্ব রক্ষায় তৎপর থাকতে হবে। দেশীয় প্রযুক্তি ব্যবহার করে আত্মনির্ভরতার প্রমাণ দিয়েছে বিমানবাহিনী। অত্যাধুনিক প্রযুক্তির জন্য সরকার সহযোগিতা করছে বাহিনীটিকে। পেশাগত কারিগরি সক্ষমতা বজায় রাখতে হবে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় যুগোপযোগী বিমানবাহিনী গড়ে তুলতে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
ড. মুহাম্মদ ইউনূস বলেন, দেশপ্রেম ও পেশাদারিত্ব আগামী দিনের নিরাপদ বাংলাদেশ গড়ার মূল ভিত্তি। সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় একটা নিরাপদ, উন্নত ও শক্তিশালী বাংলাদেশ গড়ে তুলতে হবে। এ সময় তিনি যুগোপযোগী ক্ষমতা ও দক্ষতা অর্জন এবং পেশাগত ও কারিগরি সক্ষমতা বাড়াতে বিমানবাহিনীর সদস্যের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ভবিষ্যতে বিমানবাহিনীতে অত্যাধুনিক যুদ্ধবিমান, হেলিকপ্টার পরিবহণ বিমান, রাডার সংযোজনের জন্য সরকার সর্বাত্মক সহযোগিতা দেবে।
Posted ৪:০১ এএম | বৃহস্পতিবার, ০১ মে ২০২৫
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Best BD IT
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।