নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২৩ এপ্রিল ২০২৫ | প্রিন্ট | 306 বার পঠিত
গত দশকের একসময় যাকে ‘অযোগ্য রাষ্ট্র’ বলে হেয় করা হতো, সেই বাংলাদেশই সহস্রাব্দের শুরুতে এশিয়ার দ্রুততম বর্ধনশীল অর্থনীতির একটিতে পরিণত হয়। কেউ কেউ তাকে বলেছিলেন পরবর্তী ‘এশীয় টাইগার’। গত এক দশকে দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) ৬ শতাংশের বেশি হারে বেড়ে চলেছে নিয়মিতভাবে। আর এর মধ্য দিয়ে বাংলাদেশ ধীরে ধীরে বিশ্ব অর্থনীতিতে এক সম্ভাবনাময় শক্তি হিসেবে নিজের উপস্থিতি জানান দিচ্ছে।
২০২৪ সালের জুলাই মাসে বাংলাদেশে ঘটেছে তরুণদের এক বিদ্রোহ। সেই বিদ্রোহের মধ্য দিয়ে এক ঐতিহাসিক রাজনৈতিক পালাবদল হটিয়ে দিয়েছে দীর্ঘদিনের এক স্বৈরশাসককে। দেশের অন্তর্বর্তীকালীন নেতা হয়েছেন একজন নোবেলজয়ী ব্যক্তিত্ব। এর ফলে দেশের সামনে তৈরি হয়েছে এক নতুন সম্ভাবনার জানালা। বাংলাদেশ এখন শুধু দক্ষিণ এশিয়ার গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ না থেকে বৃহত্তর অঞ্চলে নিজেদের ভাবমূর্তি পুনর্গঠনের সুযোগ পেয়েছে।
বাংলাদেশের চলমান অর্থনৈতিক উন্নয়ন ও আঞ্চলিক সহযোগিতার দিকে আগ্রহ—এই দুই মিলিয়ে এখনই দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে আরও গভীর সম্পর্ক গড়ার সম্ভাবনা নিয়ে নতুন করে ভাবার সময়। বিশেষ করে, বাংলাদেশ যদি দক্ষিণ-পূর্ব এশীয় আঞ্চলিক জোটে (আসিয়ান) যোগ দেয়, তবে সেটি উভয়ের জন্যই লাভজনক হতে পারে।
বাংলাদেশ যদি আসিয়ানে যোগ দেয়, তবে তা এ অঞ্চলের সাপ্লাই চেইন সমন্বয় ও অর্থনীতি বহুমুখীকরণ প্রচেষ্টায় বড় ধরনের গতি আনতে পারে। বিশ্বের অন্যতম বৃহৎ টেক্সটাইল ও তৈরি পোশাক উৎপাদনকারী দেশ হিসেবে বাংলাদেশের রয়েছে বড় মাপের উৎপাদনক্ষমতা ও তুলনামূলকভাবে সাশ্রয়ী শ্রমশক্তি।
এই সক্ষমতার সঙ্গে আসিয়ান অঞ্চলের শিল্প ও প্রযুক্তির মিলন ঘটলে তা সীমানা পেরিয়ে বিনিয়োগ, শ্রমের চলাচল ও প্রযুক্তি বিনিময়ের নতুন নতুন পথ উন্মুক্ত হতে পারে। বিশেষ করে টেকসই ও বৈচিত্র্যময় আঞ্চলিক ভ্যালু চেইন গড়ে তোলার যে প্রয়াস চলছে, তাতে বাংলাদেশের ভূমিকা হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এর চেয়েও বড় কথা, বাংলাদেশে রয়েছে বঙ্গোপসাগরের সবচেয়ে ব্যস্ত সমুদ্রবন্দর। এই বন্দর একদিকে যেমন চীনের কাছাকাছি, অন্যদিকে তা আসিয়ানভুক্ত দেশগুলোর জন্য হতে পারে ভারত মহাসাগরে প্রবেশের একটি গুরুত্বপূর্ণ দ্বার।
ভৌগোলিক সুবিধা এবং শিল্প খাতে পারস্পরিক সম্পূরকতা থাকার পরও বাংলাদেশ ও আসিয়ানের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক এখনো বেশ সীমিত। বর্তমানে বাংলাদেশের মোট বৈদেশিক বাণিজ্যের মাত্র ১০ শতাংশ হয় আসিয়ানভুক্ত দেশগুলোর সঙ্গে। এর বিপরীতে, অন্য এশীয় দেশগুলোর সঙ্গে বাণিজ্য ৪২ শতাংশ, আর ইউরোপের সঙ্গে বাণিজ্য দাঁড়ায় প্রায় ৩১ শতাংশ। এই সংখ্যাগুলোই ইঙ্গিত করে, আসিয়ানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যে এখনো এক বিশাল সম্ভাবনার দ্বার অবারিত রয়ে গেছে।
বাংলাদেশ ও আসিয়ানের মধ্যে বাণিজ্য ও উৎপাদনের সংযোগ জোরদার করা গেলে একদিকে যেমন বিদ্যমান বিভিন্ন প্রতিবন্ধকতা দূর করা সম্ভব হবে, অন্যদিকে তা এশিয়ার ভেতর আরও নিবিড় অর্থনৈতিক সংহতি গড়ে তুলতে সাহায্য করবে। পাশাপাশি দুই পক্ষই বৈশ্বিক অস্থিরতা বা বহিরাগত ঝুঁকির বিরুদ্ধে একটি সুরক্ষাবলয় তৈরি করতে পারবে। বর্তমান বিশ্বে যখন ভূরাজনৈতিক টানাপোড়েন বেড়েই চলেছে এবং সাপ্লাই চেইন পুনর্গঠিত হচ্ছে, তখন এ ধরনের আঞ্চলিক সহযোগিতা আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠছে।
বাংলাদেশকে আসিয়ানে অন্তর্ভুক্ত করা মানে শুধু এই জোটের অর্থনৈতিক প্রভাব পশ্চিম দিকে বিস্তৃত করা নয়। বরং এর মাধ্যমে আসিয়ানকে একটি বৈশ্বিক উৎপাদন ও রপ্তানিকেন্দ্র হিসেবে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়া যাবে। আর বাংলাদেশের জন্য আসিয়ানের সদস্যপদ মানে হবে একটি বৃহত্তর অভিন্ন বাজারে প্রবেশাধিকার পাওয়া।
সেই সঙ্গে বাংলাদেশ পাবে রিজিওনাল কমপ্রেহেনসিভ ইকোনমিক পার্টনারশিপের (আরসিইপি) মতো আঞ্চলিক অর্থনৈতিক কাঠামোয় আরও গভীরভাবে যুক্ত হওয়ার সুযোগ। আর আসিয়ান বাংলাদেশ থেকে পাবে একটি তরুণ শ্রমশক্তি, বিকাশমান ভোক্তাশ্রেণি এবং সুপ্রতিষ্ঠিত শিল্পভিত্তি। এ সুযোগ কাজে লাগিয়ে আসিয়ান জোট দীর্ঘমেয়াদি প্রতিযোগিতার সক্ষমতাকে আরও মজবুত করতে পারে।
Posted ৩:২৭ পিএম | বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Best BD IT
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।