নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২০ এপ্রিল ২০২৫ | প্রিন্ট | 261 বার পঠিত
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রম ও ঝটিকা মিছিল নিয়ন্ত্রণ করতে না পারলে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। ঝটিকা মিছিলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে নিষ্ক্রিয়তা পেলে কোনো পুলিশ সদস্যকে ছাড় দেওয়া হবে না। শনিবার দুপুরে রাজধানীর তিনটি থানা (বিমানবন্দর, উত্তরা পশ্চিম ও তুরাগ) পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি ঘটছে। সময়ের সঙ্গে সঙ্গে এটি আরও উন্নত হবে। ১৮ কোটি মানুষের দেশে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ সহজ নয় উল্লেখ করে তিনি বলেন, যে কোনো কাজ করতে গেলে সময় প্রয়োজন। আমাদের সময় দিন। পরিস্থিতির আরও উন্নতি ঘটবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আজকের পরিদর্শনের মূল উদ্দেশ্য পুলিশের অধস্তন ফোর্সের থাকা-খাওয়ার ব্যবস্থা পর্যবেক্ষণ করা। দেখেছি, তাদের থাকার ব্যবস্থা খুবই খারাপ। কীভাবে এটিকে উন্নত করা যায়, সে বিষয়ে প্রধান উপদেষ্টা আমাদের নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, জনদুর্ভোগ নিরসন ও থানার সেবার মান আরও উন্নত করার লক্ষ্যে রাজধানীর প্রতিটি থানা নিজস্ব ভবনে স্থানান্তর করা হবে। সেজন্য প্রয়োজনীয় অর্থ সংস্থানের চেষ্টা চলছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে নয়টি থানা নিজস্ব জায়গায় স্থানান্তর করা হবে। পরবর্তী সময়ে পর্যায়ক্রমে অন্যান্য থানাও নিজস্ব জায়গা ও ভবনে স্থানান্তর করা হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মিথ্যা মামলায় যাতে কাউকে হয়রানি না করা হয় সেজন্য পুলিশকে অনেক আগে থেকেই নির্দেশনা দেওয়া হয়েছে। পরে উপদেষ্টা পল্লবী থানা আকস্মিক পরিদর্শন করেন। পুলিশ সদস্যদের বদলি করার পরও তারা বিভিন্ন কর্মক্ষেত্রে যোগদান করছে না-এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এমন প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে সরকার অবশ্যই ব্যবস্থা নেবে।
চার বিয়ে করে বিপাকে বৃদ্ধ, থানায় দেখা উপদেষ্টার সঙ্গে : রাজধানীর তুরাগ থানায় এক প্রবীণ ব্যক্তির সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টার আলাপচারিতার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, উপদেষ্টা থানায় উপস্থিত হয়ে বৃদ্ধ ব্যক্তির কাছে জানতে চান, আপনার বিরুদ্ধে কে মামলা করেছে? উত্তরে ওই ব্যক্তি বলেন, আমার স্ত্রী। স্বরাষ্ট্র উপদেষ্টা জানতে চান, আপনার স্ত্রী কিসের মামলা করেছেন? বৃদ্ধ বলেন, নারী নির্যাতনের মামলা। পাশে থাকা একজন পুলিশ কর্মকর্তা তখন বলেন, এই বয়সে আবার বিয়ে করেছেন কেন? এ কথা শেষ না হতেই স্বরাষ্ট্র উপদেষ্টা জিজ্ঞেস করেন, আপনি কয়টা বিয়ে করেছেন? বৃদ্ধ উত্তর দেন, চারটা বিয়ে করেছি। তিনি জানান, তার প্রথম দুই স্ত্রী মারা যান। এরপর যে নারীকে বিয়ে করেন, তার সঙ্গে বিচ্ছেদ হয়। পরে আবার বিয়ে করেন। এখন যিনি মামলা করেছেন, তিনি সাবেক স্ত্রী। মামলায় যেসব অভিযোগ আনা হয়েছে সেগুলোকে মিথ্যা বলেও দাবি করেন তিনি।
Posted ৪:৪২ এএম | রবিবার, ২০ এপ্রিল ২০২৫
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Best BD IT
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।