ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

এরদোয়ান এই দফায় আন্দোলন মোকাবিলা করে টিকতে পারবেন তো?

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৯ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   298 বার পঠিত

এরদোয়ান এই দফায় আন্দোলন মোকাবিলা করে টিকতে পারবেন তো?

বারো বছর আগে যখন কর্তৃপক্ষ ইস্তাম্বুলের গেজি পার্ক ধ্বংস করে সেখানে শপিং মল বানাতে যাচ্ছিল, তখন পার্কটিকে বাঁচাতে হাজার হাজার মানুষ ইস্তাম্বুলের রাস্তায় নেমেছিল। আমি সে সময় একটি লেখায় প্রশ্ন তুলেছিলাম: ‘তুরস্ক কেন বিদ্রোহ করছে?’

আর আজ মানুষ আবার রাস্তায় নেমেছে। তবে এবার কারণ ভিন্ন। তারা শুধু গাছ বা সবুজ জায়গার জন্য নয়, বরং বছরের পর বছর ধরে চলা আইনের অপব্যবহার ও কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে প্রতিবাদ করছে। তখনকার মতো এখনো তুরস্কের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধীরে ধীরে ধ্বংস হয়ে যাওয়ায় মানুষের ক্ষোভ বেড়ে চলেছে।

স্থানীয় নির্বাচনে দু’বার ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টিকে (একেপি) পরাজিত করা নেতা ও ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলুকে গত সপ্তাহে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সেই দিন, যেদিন তিনি ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতা ঘোষণার কথা ভাবছিলেন। তাঁর বিরুদ্ধে ঘুষ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আনা হয়েছে। এই অভিযোগকে বিরোধীরা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছেন। অনেকের মতে, ইমামোগলু প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী। এ কারণে তাঁর এই আকস্মিক গ্রেপ্তার কাকতালীয় নয়।

ইমামোগলুর গ্রেপ্তারে জনগণ ক্ষুব্ধ হয়ে উঠেছে। ইস্তাম্বুল, আঙ্কারা, ইজমির, কোনিয়া, দিয়ারবাকিরসহ সারা দেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। লাখো মানুষের জন্য এটি শুধু একজন ব্যক্তি বা একটি রায়ের বিরুদ্ধে আন্দোলন নয়; বরং এটি পুরো রাজনৈতিক ব্যবস্থার বৈধতা হারানোর বিরুদ্ধে ক্ষোভের বহিঃপ্রকাশ।

এখন তুরস্ক জুড়ে একটাই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে—কর্তৃত্ববাদী শাসনের পতন কি আর রোধ করা সম্ভব হবে?

যারা ২০১৩ সালের গেজি আন্দোলন দেখেছেন, তাঁদের কাছে বর্তমান পরিস্থিতির চিত্র বেশ পরিচিত। রাস্তায় টিয়ার গ্যাস, শহরের কেন্দ্রে স্লোগান, আদালত ও বিশ্ববিদ্যালয় ঘিরে পুলিশ মোতায়েন—এগুলো আন্দোলনে সাধারণ দৃশ্য।

তবে এবার আন্দোলনের কেন্দ্রে রয়েছে অর্থনীতি। ২০১৩ সালে তুরস্ককে তখনও একটি সম্ভাবনাময় উদীয়মান অর্থনীতি হিসেবে দেখা হতো। প্রবৃদ্ধি ভালো ছিল, মুদ্রাস্ফীতি ৬ শতাংশের আশপাশে ছিল, এবং লিরার মান স্থিতিশীল ছিল।

একেপি সরকার তখনও ২০০০ সালের গোড়ার দিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) সমর্থিত সংস্কারের সুফল ভোগ করছিল এবং বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছিল।

কিন্তু সেই উজ্জ্বল চিত্র এখন ভেঙে পড়েছে। ২০২৫ সালে তুরস্কের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে গেছে, আর মুদ্রাস্ফীতি এখনো দুই অঙ্কের ঘরে রয়ে গেছে; যদিও কেন্দ্রীয় ব্যাংক সম্প্রতি প্রচলিত অর্থনৈতিক নীতিতে ফিরে এসেছে।

বছরের পর বছর অর্থনৈতিক অব্যবস্থাপনার ফলে যে বৈদেশিক বিনিয়োগ হারিয়ে গিয়েছিল, তার কিছুটা গত বছর ফিরে আসতে শুরু করেছিল। কিন্তু ইমামোগলুর গ্রেপ্তারের পর বিনিয়োগকারীদের আস্থা আবার ধাক্কা খেয়েছে। লিরার মান ব্যাপকভাবে কমে গেছে, আর তুরস্কের ঝুঁকি সূচক বেড়ে গেছে।

২০১৩ সালের মতো, চলমান বিক্ষোভের গভীর বার্তাটি স্পষ্ট—অর্থনৈতিক কর্মক্ষমতা এবং প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতা একে অপরের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আপনি যদি কেন্দ্রীয় ব্যাংক এবং অর্থ মন্ত্রণালয়ে দক্ষ প্রযুক্তিবিদ নিয়োগ করেন, তবুও যদি বিচারব্যবস্থা রাজনৈতিকভাবে প্রভাবিত হয়, গণমাধ্যম স্তব্ধ করে দেওয়া হয়, এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলো চাপে রাখা হয়, তাহলে শুধু এই “দক্ষ লোকজন” যথেষ্ট নয়। দেশি-বিদেশি বিনিয়োগকারীরা রাজনৈতিক ঝুঁকিকে অর্থনৈতিক ঝুঁকি হিসেবে বিবেচনা করে, যা মূলধনের ব্যয় বাড়িয়ে দেয়।

একটি গণতন্ত্র টিকিয়ে রাখার জন্য শুধু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন ও দক্ষ প্রযুক্তিবিদ যথেষ্ট নয়। টেকসই গণতন্ত্রের ভিত্তি হলো শক্তিশালী প্রতিষ্ঠান। যখন আইনের শাসন দুর্বল হয়ে যায়, ভিন্নমত দমন করা হয় এবং বিশ্ববিদ্যালয় ও গণমাধ্যম স্বাধীনতা হারায়, তখন অর্থনীতিও ধসে পড়ে।

Facebook Comments Box

Posted ৫:৩৬ এএম | শনিবার, ২৯ মার্চ ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

না ভোটের অধিকার
(526 বার পঠিত)
মোদির নতুন চাল
(464 বার পঠিত)
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।