নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২২ মার্চ ২০২৫ | প্রিন্ট | 381 বার পঠিত
১৯৭১ সালের ১ মার্চে সংসদ অধিবেশন বাতিল হওয়ার পর শেখ মুজিবুর রহমান সারা দেশে অসহযোগ আন্দোলনের ডাক দেন। অসহযোগ আন্দোলনের প্রভাবে কেন্দ্রীয় সরকারের প্রতি স্থানীয় বেসামরিক প্রশাসনের আনুগত্য কমতে থাকে। একই অবস্থা সামরিক বাহিনীতেও লক্ষ করা যায়। অবসরপ্রাপ্ত বাঙালি সৈনিকেরাও শেখ মুজিবের ডাকে সাড়া দেন।
তৎকালীন গভর্নরের সামরিক উপদেষ্টা মেজর জেনারেল রাও ফরমান আলী হাউ পাকিস্তান গট ডিভাইডেড বইয়ে তখনকার পরিস্থিতি সম্পর্কে লিখেছেন, ‘এ সময়ে খুব উল্লেখযোগ্য ও উদ্বেগজনক অবস্থা পরিলক্ষিত হয়, যেখানে সশস্ত্র বাহিনীর পূর্ব পাকিস্তানি সদস্যদের আনুগত্য সন্দেহের চোখে দেখা হতে থাকে। এ সময়ে কর্নেল ওসমানীর নেতৃত্বে কর্মরত ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা ঘন ঘন বৈঠকে মিলিত হতে থাকেন। উদ্দেশ্য, সাংবিধানিকভাবে সমস্যার সমাধান না হলে আওয়ামী লীগের পক্ষে যুদ্ধ করার জন্য সশস্ত্র বাহিনী গঠনের প্রস্তুতি।’
২ মার্চ শেখ মুজিব এক বিবৃতিতে উল্লেখ করেন, ‘এই গুরুত্বপূর্ণ সময়ে জীবনের প্রতিটি ক্ষেত্রে সরকারি কর্মচারীসহ প্রত্যেক বাঙালির পবিত্র কর্তব্য হচ্ছে গণবিরোধী শক্তির সঙ্গে সহযোগিতা না করা। অধিকন্তু তাদের উচিত সবটুকু শক্তি দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ব্যর্থ করে দেওয়া।’ [হাসান হাফিজুর রহমান (২য় খণ্ড)]
এই নির্দেশের পর পূর্ব পাকিস্তানে অবস্থিত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন সামরিক স্থাপনায় কর্মরত বেসামরিক বঙালি কর্মচারীরা অসহযোগ আন্দোলনে শরিক হন এবং তাঁরা কর্মবিরতি পালন করতে শুরু করেন। ১৩ মার্চ পূর্ব পাকিস্তানের সামরিক আইন প্রশাসক বাঙালি কর্মচারীদের ১৫ মার্চের মধ্যে কাজে যোগদানের নির্দেশ দেয়। নির্দেশে বলা হয় যে আদেশ অমান্য করলে তাঁদের ছাঁটাই করা হবে, এমনকি ১০ বছরের কারাদণ্ডও দেওয়া হতে পারে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বাঙালি কর্মচারীরা এ আদেশ অমান্য করেন। অর্ডন্যান্স ডিপো কর্মচারী ইউনিয়নের মুখপাত্র জানান, ‘গতকাল (১৫ মার্চ) সামরিক বিভাগের অধীনস্থ প্রায় ১১ হাজার বেসামরিক কর্মচারীর মধ্যে কেউই কাজে যোগদান করেননি।’ (ইত্তেফাক, ১৬ মার্চ ১৯৭১)
সেনাবাহিনীর তৎকালীন ১৪ ডিভিশনের জিওসি খাদিম হোসেন রাজা আ স্ট্রেঞ্জার ইন মাই ওন কান্ট্রি বইয়ে বিষয়টি স্বীকার করেন। তিনি উল্লেখ করেন, ‘পূর্ব পাকিস্তানিরা সকল স্থানীয় প্রশাসনিক সহায়তা প্রত্যাহার করে নেয়। এমনকি মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিস এবং ক্যান্টনমেন্ট বোর্ডের (বেসামরিক) স্টাফরা কাজ বন্ধ করে দেয়।’
অসহযোগ আন্দোলন শুরু হলে সামরিক বাহিনীর বেসামরিক কর্মচারীদের পাশাপাশি অবসরপ্রাপ্ত বা প্রাক্তন সৈনিকেরা রাজনৈতিক সভা-সমাবেশে অংশ নিতেন। অবসরপ্রাপ্ত সৈনিকেরা এককভাবে অথবা সমষ্টিগতভাবে গণমাধ্যমে বিবৃতির মাধ্যমে আন্দোলনের সপক্ষে সমর্থন প্রদান করেন। কখনো কখনো সৈনিকেরা আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করে সভার আয়োজন করেন। বেশির ভাগ ক্ষেত্রে সৈনিকেরা স্বাধীনতার দাবি জানান। তাঁদের অনেকে শেখ মুজিবের সঙ্গে সাক্ষাৎ করে তাঁকে স্বাধীনতার ঘোষণার জন্য অনুরোধ করেন।
Posted ৫:৪৪ পিএম | শনিবার, ২২ মার্চ ২০২৫
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Best BD IT
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।