নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫ | প্রিন্ট | 284 বার পঠিত
বাংলাদেশে বারবার কর্তৃত্ববাদী ও স্বৈরতান্ত্রিক শাসনের উত্থানের কারণ অনুসন্ধান এবং তার একটি বস্তুনিষ্ঠ পর্যালোচনা খুবই দরকার। রোগ যথাযথভাবে নিরূপিত না হলে রোগের চিকিৎসাও যথাযথ হয় না।
গত বছরের ৫ আগস্টের গণ–অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী সরকার পতনের পর ছাত্রনেতৃত্ব সংবিধান পুনর্লিখনসহ যেভাবে দাবিদাওয়া উপস্থাপন করছে, তাতে কর্তৃত্ববাদ উত্থানের সব দায় বিদ্যমান সংবিধানের ওপর চাপানো হচ্ছে। নতুন বাংলাদেশ নির্মাণের জন্য গণপরিষদ গঠনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়নসহ দ্বিতীয় প্রজাতন্ত্র ঘোষণার দাবিতে তারা খুব সোচ্চার।
১৯৭১ সালে এক সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশের পর মুক্তিযুদ্ধের মূল চেতনার প্রতিফলনসহ গণতন্ত্রকে অন্যতম মূলনীতি হিসেবে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে ১৯৭২ সালে বাংলাদেশের সংবিধান রচিত হয়।
সংবিধানের প্রস্তাবনা ও মূলনীতিতে গণতন্ত্র ও আইনের শাসনের প্রাধান্য এবং পুরো সাংবিধানিক কাঠামো গণতান্ত্রিক হলেও বারবার এখানে স্বৈরতন্ত্র ও কর্তৃত্ববাদী শাসন মাথাচাড়া দিয়ে উঠেছে। শাসকগোষ্ঠী নিজেদের স্বার্থে বিভিন্ন সময় সংবিধানে নানা সংশোধন এনেছে যা সংবিধানের মূল চরিত্রকে বিকৃত করেছে এবং নানান বিতর্ক তৈরি করেছে।
এরপরও যে বিষয় খতিয়ে দেখা দরকার তা হলো, বারবার কর্তৃত্ববাদী শাসন প্রত্যাবর্তনের দায় কি বর্তমান সংবিধানের নাকি এর বীজ লুকিয়ে রয়েছে অন্য কোথাও? এর জন্য প্রথমেই প্রয়োজন আমাদের রাজনৈতিক সংস্কৃতির দিকে বিশ্লেষণাত্মক দৃষ্টি ফেলা। রাজনীতির প্রাণভোমরা হলো রাজনৈতিক দল। সমাজ ও রাষ্ট্রে গণতান্ত্রিক রাজনীতি ও গণতান্ত্রিক চেতনা বিকাশের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন দলে গণতন্ত্রের চর্চা। দলে গণতন্ত্রের চর্চা না থাকলে সমাজ ও রাষ্ট্রে তার প্রতিফলন অবশ্যই ঘটবে।
আমাদের দেশের প্রধান রাজনৈতিক দলগুলো স্বাধীনতার পর কয়েক যুগ ধরে অগণতান্ত্রিক পদ্ধতিতে পরিচালিত হয়ে আসছে। অগণতান্ত্রিক গঠনতন্ত্রের মাধ্যমে ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি ও নেতৃত্বের বংশানুক্রমিক ধারা চলছে দীর্ঘ সময় ধরে। ফলে আদর্শের জায়গা দখল করে নিয়েছে ক্ষমতাকেন্দ্রিক রাজনীতি। টাকা ও পেশিশক্তি হয়ে দাঁড়িয়েছে রাজনীতির নিয়ামক শক্তি। নেতা নির্বাচনের বিষয়টি হয়েছে ব্যক্তির ইচ্ছা ও পছন্দনির্ভর। ফলে চাটুকারিতা, তোষামোদি, অন্ধ আনুগত্য ও দুর্নীতি দলগুলোর রাজনৈতিক কার্যক্রমের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। রাজনীতি হয়েছে টাকা উপার্জনের লাভজনক পেশা।
এ ছাড়া নির্বাচন টাকার খেলায় পরিণত হওয়ায় নিবেদিতপ্রাণ রাজনীতিবিদেরা কোণঠাসা হয়ে পড়েছেন। এসব কারণে চিরকালীন ক্ষমতার নেশা বিভিন্ন রাজনৈতিক দলকে এমনভাবে পেয়ে বসে যে ক্ষমতায় থাকার জন্য নির্বাচনসহ রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠানকে অনৈতিকভাবে ব্যবহার করে এসব প্রতিষ্ঠানকে দুর্বল ও অকার্যকর করা হয়েছে। যখন যে দলই ক্ষমতায় এসেছে, তারা নিজেদের স্বার্থে বিভিন্ন প্রতিষ্ঠানকে ব্যবহার করেছে, তাদের ঠিকভাবে কাজ করতে দেওয়া হয়নি। প্রশাসন, বিচার বিভাগ থেকে আরম্ভ করে সর্বত্র এমনভাবে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হয়েছে যে প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে কাজ করতে পারেনি।
অন্যদিকে দেখা গেছে, যখন কেয়ারটেকার সরকার স্বল্পকালের জন্য এসেছে, তখন সব প্রতিষ্ঠান নির্ভয়ে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করেছে। সুষ্ঠুভাবে নির্বাচনও করেছে। সুতরাং রাজনৈতিক সংস্কৃতির গণতন্ত্রায়ণ ও পরিশুদ্ধকরণ ছাড়া শুধু কাঠামোগত সংস্কারে সুষ্ঠু গণতন্ত্রের চর্চা বা গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তোলা কখনো সম্ভব নয়। এ দেশে সামরিক শাসন, স্বৈরতান্ত্রিক শাসনসহ নানা কারণে গণতন্ত্রের চর্চা ব্যাহত হয়েছে। ফলে গণতান্ত্রিক সংস্কৃতি বা গণতান্ত্রিক মূল্যবোধের যেমন বিকাশ ঘটেনি, তেমনি রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোও শক্তিশালী হতে পারেনি।
অথচ দলগুলোর মধ্যে গণতন্ত্রহীনতা, ক্ষমতাকেন্দ্রিক রাজনীতির চর্চা, টাকা ও পেশির দৌরাত্ম্য—সব মিলিয়ে রাজনীতিতে যে অগণতান্ত্রিক ও অবক্ষয়ের রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠেছে, তার সংস্কারের কোনো অর্থবহ ব্যবস্থা না নিয়ে শুধু সংবিধানকে ফ্যাসিবাদী বলে ছুড়ে ফেলে নতুন সংবিধান রচনার কথা একধরনের অপরিপক্ব ও অবাস্তব চিন্তা ছাড়া আর কিছু নয়।
রাজনীতিতে ব্যক্তিকেন্দ্রিকতা ও পারিবারিক রাজনীতির চর্চা বহাল রেখে বর্তমানের দুর্বৃত্তায়ন বন্ধ করা একেবারেই অসম্ভব। দলের মধ্যে পরিশীলিত রাজনীতি, গণতন্ত্রের চর্চা ও জবাবদিহি প্রতিষ্ঠার জন্য একটি ‘পলিটিক্যাল পার্টি আইন’ করে ব্যাপক সংস্কারমূলক ব্যবস্থা নেওয়া দরকার। অথবা নির্বাচন কমিশন আইনে সংশোধন এনে কাউন্সিলের মাধ্যমে নেতা নির্বাচনসহ নিবন্ধনসংক্রান্ত কঠোর বিধিনিষেধ আরোপ করা দরকার। একই ব্যক্তি যাতে সরকারপ্রধান ও দলের প্রধান না হতে পারেন, সে-সংক্রান্ত আইন করা দরকার।
Posted ৬:৫৩ পিএম | মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Best BD IT
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।