ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

১৬ বছরে দেশের আর্থিক খাত ধ্বংস করা হয়েছে: ঢাকা মহানগর দায়রা জজ

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   242 বার পঠিত

১৬ বছরে দেশের আর্থিক খাত ধ্বংস করা হয়েছে: ঢাকা মহানগর দায়রা জজ

ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিব বলেছেন, বিগত ১৫ থেকে ১৬ বছরে বিভিন্নভাবে দেশের আর্থিকখাত ধ্বংস করা হয়েছে। এক শ্রেণির লোকজন লুটপাট করে সব টাকা-পয়সা বিদেশে পাচার করে ভোগ করছে। আমাদের যে অর্থ সম্পদ নিয়ে গেল, তাদের বিরুদ্ধে যথাযথ কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বিচারক হিসাবে এসব মামলা দেখছি, আমার কাছে মনে হচ্ছে এগুলোতে গাফিলতি থেকে যাচ্ছে।

শনিবার মুখ্য মহানগর হাকিম আদালতের কনফারেন্স রুমে অনুষ্ঠিত পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি আরও বলেন, রাষ্ট্র কাঠামোর মধ্যে যা কিছু আছে, সবকিছু বিচারের সঙ্গে সংশ্লিষ্ট। কিন্তু আপনারা ওই বিষয়গুলো নজর দিচ্ছেন না, অবহেলিত রয়ে গেছে। যেমন: ভেজাল ওষুধ কারখানা রয়েছে, সেগুলো শনাক্ত করে আইনের আওতায় আনা দরকার। সেদিন এক মামলায় একজনের সম্পদ দেখলাম দুইশ ৫০ কোটি টাকা। কিন্তু তিনি তো দুই লাখ কোটি টাকার মালিক।

কনফারেন্সে ঢাকার মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ মোস্তাফিজুর রহমান সভাপতিত্ব করেন। শুভেচ্ছা বক্তব্যে তিনি জুলাই বিপ্লবে আত্মদানকারী শহিদ এবং হতাহত শত শত ছাত্র-জনতাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বিচার কাজ ত্বরান্বিত করার লক্ষ্যে তিনি সবাইকে প্রয়োজনীয় মতামত জানানোর আহ্বান জানান। অনুষ্ঠানে আইনের ব্যত্যয় এবং উত্তরণের উপায় শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম ছানাউল্ল্যাহ।

কনফারেন্সে ঢাকা মহানগর আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী, ঢাকা আইনজীবী সমিতির এডহক কমিটির সভাপতি খোরশেদ মিয়া আলম, সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম, ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপকমিশনার তারেক জুবায়ের প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় সব এসিএমএম, এমএমবৃন্দসহ পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, ঢাকা সিটির অন্যান্য দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, ডিএমপির বিভিন্ন থানার ওসি উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৩:৫৪ এএম | রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।