ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

চীনের সঙ্গে সম্পর্ক কখনও সমস্যায় পড়েনি

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   236 বার পঠিত

চীনের সঙ্গে সম্পর্ক কখনও সমস্যায় পড়েনি

বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক প্রতিষ্ঠার পর বাংলাদেশে অনেক বার সরকার পরিবর্তন হয়েছে। সরকারের ধরন পরিবর্তন হয়েছে। কিন্তু কখনোই চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সমস্যার সম্মুখীন হয়নি। প্রতিটি সরকার চীনের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলেছে বলে উল্লেখ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। গত বুধবার চায়না মিডিয়া গ্রুপ বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। বুধবার বেইজিং থেকে সাংহাই যাওয়ার সময় সাক্ষাৎকারটি নেওয়া হয়।

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন গত ২০ জানুয়ারি থেকে দ্বিপক্ষীয় সফরে চীনে রয়েছেন। গত ২১ জানুয়ারি বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেন। আজ শুক্রবার উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে।

দ্বিপক্ষীয় বৈঠকের আলোচনা বিষয়ে প্রশ্ন করলে পররাষ্ট্র উপদেষ্টা জানান, দুই দেশের সম্পর্কের গভীরতা ও ব্যাপ্তি অনেক বেশি। প্রায় প্রতিটি ক্ষেত্রেই চীনের সঙ্গে বাংলাদেশের সহযোগিতার সম্পর্ক আছে। আলোচনায় সব বিষয়ই এসেছে।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আলোচনায় বাণিজ্য, উন্নয়ন প্রকল্প, বিনিয়োগ– এই জিনিসগুলো প্রাধান্য পেয়েছে। রাজনৈতিক কিছু বিষয় নিয়েও আলাপ-আলোচনা হয়েছে। আমাদের সরকার তো অন্তর্বর্তী সরকার। এই সরকার তো দীর্ঘ মেয়াদে থাকবে না। এটা নিয়ে হয়তো কারও মনে দ্বিধা থাকতে পারে– সরকার কতদিন থাকবে। এই সময়ে বিনিয়োগ বা চুক্তিতে যাওয়া কতটুকু লাভজনক হবে, কিংবা টেকসই হবে কিনা ইত্যাদি। আমার মনে হয়, এই সফরের মাধ্যমে যে দ্বিধা-দ্বন্দ্ব ছিল, সেগুলো খুব সহজে দূর করা গেছে। 

দুই দেশের সম্পর্কের ধারাবাহিকতার প্রসঙ্গ টেনে তৌহিদ হোসেন বলেন, এই সফরে যাদের সঙ্গে আমরা আলোচনা করেছি, তাদের বলেছি, বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক কোনো বিশেষ সরকার বা রাজনৈতিক দলের ওপর নির্ভর করে না। ১৯৭৫ সালে সম্পর্ক প্রতিষ্ঠার পর আমরা এ বছর সম্পর্কের ৫০তম বার্ষিকী পালন করছি। আমাদের সরকার অনেক বার পরিবর্তন হয়েছে। সরকারের ধরন পরিবর্তন হয়েছে। কিন্তু কখনোই চীনের সঙ্গে সম্পর্ক সমস্যার সম্মুখীন হয়নি। 

এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারি সফরে চীনে অবস্থানরত পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন চীনা অটোমোবাইল কোম্পানিগুলোকে বাংলাদেশে বৈদ্যুতিক যানবাহন (ইভি) উৎপাদন কারখানা স্থাপনের কথা বিবেচনা করার আহ্বান জানিয়েছেন। সাংহাইয়ের উপকণ্ঠে উন্নত প্রযুক্তিসম্পন্ন বৈদ্যুতিক যানবাহন উৎপাদন কারখানা পরিদর্শনকালে তিনি এ আহ্বান জানান। 

বুধবার সন্ধ্যায় সাংহাই শিল্প ও বাণিজ্য ফেডারেশনের একটি প্রতিনিধি দলের সঙ্গেও মতবিনিময় করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আলোচনার সময় তারা চীনা উৎপাদকগুলোকে বাংলাদেশে বিনিয়োগ বিশেষ করে চট্টগ্রামে অবস্থিত চীনা বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কারখানা স্থাপন এবং চট্টগ্রাম ও সাংহাইয়ের মধ্যে বিমান যোগাযোগ বিষয়ে আলোকপাত করেন।

Facebook Comments Box

Posted ৩:৫৬ এএম | শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।