ডেস্ক রিপোর্ট | বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | 7 বার পঠিত

স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব এলদেন্সের মালিকানা নিতে যাচ্ছেন আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি। এ বিষয়ে একটি প্রাথমিক চুক্তি হয়েছে বলে ইএসপিএনকে জানিয়েছে সংশ্লিষ্ট একটি সূত্র।
এলদেন্সের বর্তমান মালিক কলম্বিয়ার বিনিয়োগ প্রতিষ্ঠান গ্রুপো টিএইচ। কলম্বিয়া ও সুইজারল্যান্ডেও তাদের একাধিক ক্লাব রয়েছে।
তবে মেসির কাছে ক্লাবটির মালিকানা হস্তান্তরের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি। চুক্তি সম্পন্ন করতে যথাযথ যাচাই-বাছাইয়ের পাশাপাশি স্পেনের ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের (সিএসডি) অনুমোদন প্রয়োজন।
চুক্তি চূড়ান্ত হলে স্পেনে মেসির মালিকানাধীন দ্বিতীয় ক্লাব হবে এলদেন্স। চলতি বছরের শুরুতেই পঞ্চম বিভাগের ক্লাব কর্নেইয়ার মালিকানা নিয়েছেন তিনি। বার্সেলোনা শহরভিত্তিক ক্লাবটির মালিকানাও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে।
কর্নেইয়া এখনো আধা-পেশাদার পর্যায়ে রয়েছে। ফলে এলদেন্সই হবে স্পেনে মেসির বিনিয়োগ করা প্রথম পেশাদার ক্লাব।
স্পেনের বাইরেও ক্লাব মালিকানায় যুক্ত আছেন মেসি। ইন্টার মায়ামিতে তার সতীর্থ লুইস সুয়ারেজের সঙ্গে উরুগুয়ের ক্লাব দেপোর্তিভো এলএসএমের আংশিক মালিকানা রয়েছে তার।
বর্তমানে এলদেন্স ও কর্নেইয়া তিন ধাপ ব্যবধানে ভিন্ন লিগে খেলছে। তাই আপাতত মেসির দুই ক্লাবের মালিকানা নিয়ে বড় কোনো জটিলতার আশঙ্কা নেই। তবে ভবিষ্যতে দুই দল একই লিগে উঠে এলে পরিস্থিতি জটিল হতে পারে।
মেসি যদি দুই ক্লাবেরই সংখ্যাগরিষ্ঠ শেয়ারের মালিক হন, তাহলে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) নিয়ম অনুযায়ী একই লিগে দুই ক্লাবের খেলা নিয়ে আপত্তি উঠতে পারে।
১৯২১ সালে প্রতিষ্ঠিত এলদেন্সের ইতিহাসের বেশিরভাগ সময় কেটেছে স্পেনের শীর্ষ দুই বিভাগের বাইরে। ১৯৬৪ সালের পর প্রথমবার ২০২৩ সালে দ্বিতীয় বিভাগে ওঠে তারা। ২০২৫ সালে অবনমিত হলেও এবারের গ্রীষ্মে আবারও দ্বিতীয় বিভাগে ফিরেছে ক্লাবটি।
তবে নতুন মৌসুমে ভালো শুরু করতে পারেনি এলদেন্স। চার ম্যাচের একটিতেও জয় পায়নি দলটি। ব্যর্থতার জেরে সপ্তাহের শুরুতেই কোচ ক্লদিও বারাগানকে বরখাস্ত করা হয়েছে। বর্তমানে প্রধান কোচ ছাড়াই রয়েছে ক্লাবটি।
এলদা শহরের নুয়েভো পেপিকো আমাত স্টেডিয়ামে ঘরের ম্যাচ খেলে এলদেন্স। মাত্র ৫ হাজার ৭৭৬ দর্শক ধারণক্ষমতার এই স্টেডিয়ামটিও তুলনামূলকভাবে ছোট।
মেসির সম্ভাব্য এই বিনিয়োগ স্প্যানিশ ফুটবলে তার ব্যবসায়িক উপস্থিতি আরও বাড়ানোর পাশাপাশি এলদেন্সের ভবিষ্যৎ নিয়েও নতুন প্রত্যাশা তৈরি করেছে।
Posted ৬:৪৭ এএম | বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।