নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | 6 বার পঠিত

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আরও বড় পরিসরে পাল্টা হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। বাহিনীটির দাবি, তারা দুটি মার্কিন যুদ্ধজাহাজ ও আটটি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে। একই সঙ্গে হরমুজে আরও ১০টি ‘নিয়ম লঙ্ঘনকারী জাহাজ’ লক্ষ্যবস্তু করার কথাও জানিয়েছে তারা।
সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের আধা-সরকারি বার্তাসংস্থা তাসনিমে প্রকাশিত এক বিবৃতিতে এসব দাবি করেছে আইআরজিসি। বিবৃতিতে বলা হয়, পাঁচটি ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলার জবাব হিসেবে এসব অভিযান চালানো হয়েছে।
আইআরজিসি অভিযোগ করেছে, ‘মার্কিন সন্ত্রাসী বাহিনীর আগ্রাসন ও শত্রুতার’ জবাব দিতেই তারা হামলা চালিয়েছে। তাদের দাবি, যুক্তরাষ্ট্রের ‘উসকানি ও সহযোগিতায়’ ১০টি জাহাজ হরমুজ প্রণালির ‘নিষিদ্ধ ও অনিরাপদ অঞ্চল’ দিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এ কারণে জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করা হয়।
ইরানি বাহিনী আরও দাবি করেছে, হরমুজ প্রণালি এখনো তাদের ‘কঠোর ও কার্যকর নজরদারি ও নিয়ন্ত্রণের’ মধ্যে রয়েছে। এর আগে মার্কিন নৌবাহিনীর ডিডিজি-১১৯ ও ডিডিজি-৫৩ ডেস্ট্রয়ারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবিও করেছিল আইআরজিসি। ওই হামলায় জাহাজ দুটিতে ‘উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি’ হয়েছে বলে দাবি তাদের।
তবে ইরানের এসব দাবি অস্বীকার করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। এক বিবৃতিতে সেন্টকম জানিয়েছে, গত দুই দিনে আইআরজিসি একটি মার্কিন যুদ্ধজাহাজে দুবার হামলার চেষ্টা করেছিল। তবে জাহাজটি সফলভাবে হামলা এড়িয়ে যায় এবং এতে কোনো মার্কিন সেনা বা কর্মী আহত হননি।
সেন্টকম আরও জানিয়েছে, এর পর পাল্টা অভিযানে ইরানের কয়েকটি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়ে সেগুলো অচল করে দেওয়া হয়েছে। হামলার শিকার ট্যাংকারগুলোর মধ্যে রয়েছে এম/টি কাভিজ, এম/টি চারমিনার, এম/টি হরাইজন-১ ও এম/টি রিয়েস্কো। এসব জাহাজ ওমান উপসাগরে অবস্থান করছিল।
এ ছাড়া খার্গ দ্বীপের কাছে এম/টি দেরিয়া নামের আরও একটি ট্যাংকারে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে সেন্টকম।
মার্কিন সামরিক বাহিনীর ভাষ্য, হামলার আগে ট্যাংকারগুলোর কর্মীদের জাহাজ থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এরপর জাহাজগুলোতে হামলা চালানো হয় এবং সেগুলো অচল হয়ে পড়ে।
ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলার এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
Posted ৬:৩৩ এএম | বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।