ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

সুপরিকল্পিতভাবে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২১ মে ২০২৫   |   প্রিন্ট   |   263 বার পঠিত

সুপরিকল্পিতভাবে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল

অত্যন্ত সুপরিকল্পিতভাবে জাতীয় নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, হাজার হাজার ছাত্র-জনতার রক্তের বিনিময়ে নতুন একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে। গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার এবং সত্যিকার অর্থে ফ্যাসিবাদমুক্ত একটি আধুনিক বাংলাদেশ প্রতিষ্ঠা করার যে সুযোগ তৈরি হয়েছে, সেখানেও আমরা দেখি একটা কালো ছায়া এসে দাঁড়িয়েছে। অত্যন্ত সুপরিকল্পিতভাবে নির্বাচন পিছিয়ে দেওয়া, জনগণের অধিকার থেকে তাদের বঞ্চিত করা এবং ভোটের অধিকার থেকে বঞ্চিত করার একটা পাঁয়তারা শুরু হয়েছে।

মঙ্গলবার রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ সভা শেষে এক সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি তিনি এসব কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে এ যৌথ সভা হয়। সভায় থাইল্যান্ডের ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন মির্জা ফখরুল ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন।

আবার বিভাজনের রাজনীতি শুরু হয়েছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, এখানে গোত্রে গোত্রে বিভাজন সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানকে পরস্পর মুখোমুখি করার একটা ষড়যন্ত্র ও চক্রান্ত শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি, কিছু মানুষ যারা সরকারের মধ্যে অনুপ্রবেশ ঘটিয়েছে, অনুপ্রবেশ ঘটিয়ে বাংলাদেশকে ভিন্নদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, ভিন্নখাতে প্রভাবিত করার চেষ্টা করছে।

তিনি বলেন, বিএনপির ওপর সব সময় গুরুদায়িত্ব এসে পড়ে। সেই দায়িত্বটি হচ্ছে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার দায়িত্ব, বাংলাদেশকে আবার নতুন করে গড়ে তোলার দায়িত্ব। সেই দায়িত্ব হচ্ছে-শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে স্বপ্ন দেখেছিলেন, আমাদের দেশনেত্রী খালেদা জিয়া যে স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য কাজ শুরু করেছিলেন, এখন তরুণ নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নতুন স্বপ্নের মধ্য দিয়ে বাংলাদেশকে গড়ে তুলতে নেতৃত্ব দিচ্ছেন। বাংলাদেশ ও দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষাগুলোকে বাস্তবায়িত করার জন্য আজ বিএনপির প্রত্যেক নেতাকর্মীকে অত্যন্ত সজাগ ও সচেতনভাবে তাদের কাজ করতে হবে। যে কোনো ষড়যন্ত্র ও চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির মহাসচিব বলেন, বাংলাদেশের স্বাধীনতা যেন আর কখনো কেউ কেড়ে নিতে না পারে; বাংলাদেশের সার্বভৌমত্ব কেউ যাতে বিনষ্ট করতে না পারে; বাংলাদেশের গণতন্ত্রকে কেউ যাতে আর কখনো ফ্যাসিবাদ ও স্বৈরাচার দিয়ে দাবায়ে রাখতে না পারে, সেভাবে বিএনপির প্রত্যেক কর্মীকে আজ সেই ভূমিকা পালন করতে হবে। ৪৪তম শাহাদতবার্ষিকীতে আজ শোক নয়, আমরা শোককে পুরো শক্তিতে পরিণত করতে চাই।

মির্জা ফখরুল বলেন, আজ যারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, বাংলাদেশকে ১৫ বছর ধরে একটা ফ্যাসিস্ট শাসনের মধ্যে রেখেছিল, তারা আবারও ষড়যন্ত্র করে চলেছে সীমান্তের ওপার থেকে।

Facebook Comments Box

Posted ৪:১১ এএম | বুধবার, ২১ মে ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।