নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০১ মে ২০২৫ | প্রিন্ট | 239 বার পঠিত

সীমান্তে জাতীয় স্বার্থ রক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাহসিকতা ও পেশাদারিত্বের প্রশংসা করে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন। বুধবার গণমাধ্যমকে পাঠানো অ্যাসোসিয়েশনের আহবায়ক লেফটেন্যান্ট কমান্ডার মোঃ মেহেদী হাসান (অব.) স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন পর্যবেক্ষণ করেছে সাম্প্রতিক কয়েকটি ঘটনায়, বিজিবি সীমান্ত রক্ষায় এবং জাতীয় স্বার্থে অত্যন্ত পেশাদার, সাহসী এবং দায়িত্বশীল ভূমিকা পালন করেছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত বেশ কিছু স্থির ও ভিডিও চিত্রে বিজিবি সদস্যদের নিরস্ত্র কৌশল ও নিপুণ দক্ষতায় সীমান্ত অতিক্রম করে বিএসএফ সদস্যদের গ্রেফতার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার প্রমাণ দেখা যায়। যা জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় বিজিবির সক্ষমতা, শৃঙ্খলা ও দৃঢ় অবস্থানের স্পষ্ট প্রমাণ।
২০০৯ সালে ২৫ ফেব্রুয়ারি পিলখানা হত্যাকাণ্ডে বিজিবির (তৎকালীন বিডিআর) একটি ভয়ঙ্কর সমালোচনামূলক অধ্যায় জাতি প্রত্যক্ষ করেছিল। সেই ঘটনাটি কেবল একটি বাহিনীকে নয়, দেশের সমগ্র নিরাপত্তা কাঠামোকে গভীরভাবে নাড়া দেয়। সেই ভয়ঙ্কর ঘটনার পর বিজিবি যে ধৈর্য, শৃঙ্খলা ও আত্মনিয়ন্ত্রণ নিয়ে নিজেকে পুনর্গঠন করছে তা অত্যন্ত প্রশংসনীয়। বিশেষ করে ২০২৪ সালের ৫ আগস্ট থেকে বিজিবির ভূমিকা ধীরে ধীরে পেশাদার, দায়িত্বশীল এবং জনমুখী হয়ে উঠছে।
বিবৃতিতে আরও বলা হয়, সাধারণ মানুষের মধ্যে এই বাহিনীর প্রতি যে আস্থা তৈরি হয়েছে তা আমাদের জাতীয় নিরাপত্তার জন্য খুবই ইতিবাচক সংকেত। আমরা অতীতেও দেখেছি বিজিবিকে কখনো কখনো ভোটারবিহীন নির্বাচন, রাতে ভোট প্রদান এবং বিরোধী দলকে দমনসহ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে। যা বাহিনীর পেশাদারিত্বের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। তবে বর্তমান নেতৃত্ব ও নির্দেশনায় বিজিবি যেভাবে নিজেকে প্রতিষ্ঠিত করছে তা খুবই আশাব্যঞ্জক।
এছাড়া বিএসএফের সীমান্ত লঙ্ঘনের পর বিজিবির সতর্ক ও সাহসী প্রতিক্রিয়া এবং জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন আমাদের মনে করিয়ে দেয় যে জনগণ ও নিরাপত্তা বাহিনীর মধ্যে একটি আন্তরিক সম্পর্ক গড়ে উঠছে। এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন বিজিবির এই সাহসী ও সময়োপযোগী ভূমিকার জন্য আন্তরিক কৃতজ্ঞতা ও শুভকামনা জানায়।
Posted ৩:৫৫ এএম | বৃহস্পতিবার, ০১ মে ২০২৫
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Best BD IT
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।