নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২৬ জুলাই ২০২৫ | প্রিন্ট | 284 বার পঠিত
প্রতিটি শিশুর শরীরজুড়ে ব্যান্ডেজ। ক্ষতবিক্ষত এসব শিশুকে রাখা হয়েছে আইসিইউ বা এইচডিইউতে, আবার কেউ কেউ আছে ওয়ার্ডে। দেশি-বিদেশি অভিজ্ঞ চিকিৎসকরা সর্বশক্তি, মেধা ও প্রজ্ঞা দিয়ে চেষ্টা করছেন। খোদ চিকিৎসকরা বলছেন, ‘হে মাবুদ! আর একটি শিশুরও প্রাণ কেড়ে নিও না।’ এরপরও ঝরে যাচ্ছে ছোট্ট ফুলগুলো। সোমবার থেকেই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দেখা যাচ্ছে এমন করুণ দৃশ্য। শুক্রবারও দুই শিশুর মৃত্যু হয়েছে। এদিন সকাল পৌনে ৯টায় প্রাণ হারায় ১০ বছরের কন্যাশিশু আয়মান। আর দুপুর ২টার দিকে না ফেরার দেশে চলে যায় ১৪ বছরের শিশু আব্দুল মুসাব্বির মাকিন। এদিন সন্ধ্যা পর্যন্ত আইসিইউতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে আরও ৫ শিশু। এইচডিইউতে ৫ শিশু এখনো সংকটাপন্ন অবস্থায় আছে। ভর্তি রয়েছে ৪০ শিশু, যাদের মধ্যে বেশির ভাগই ২০ শতাংশের বেশি পোড়া। আর উল্লেখযোগ্য সংখ্যক আছে ২০ থেকে ১০০ শতাংশ পোড়া।
সোমবার রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ কন্যাশিশু আয়মান (১০) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের এইচডিইউ বেডে শুইয়ে বিলাপ করছিল। ৪৫ শতাংশ পোড়া শরীর নিয়ে চিকিৎসক, নার্স আর স্বজনদের উদ্দেশে বলছিল, ‘আমি বাঁচব তো, আমাকে বাঁচান।’ ওই সময় যুগান্তরের এই প্রতিবেদকের কাছে নিজ থেকেই স্কুলের সহপাঠীদের নিয়ে কথা বলছিল। তার স্কুলে পোড়া সব শিশুকে যেন বাঁচিয়ে রাখা হয়। তাদের স্কুলের কেউ যেন মরে না যায়। ওই সময় কর্তব্যরত চিকিৎসক, নার্স বলছিলন, ‘মা-মণি তুমি ভালো হয়ে যাবে, সবাই সুস্থ হয়ে উঠবে।’ সেই খুদে আয়মান শুক্রবার সকাল পৌনে ৯টায় চিরতরে বিদায় নিল। এর আগে তার সহপাঠী, শিক্ষকসহ আরও ১৪ জন প্রাণ হারিয়েছেন এই বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায়।
শুক্রবার সকালে সরেজমিন দেখা যায়, বার্ন ইনস্টিটিউটের বারান্দায় স্বজনদের উৎকণ্ঠা-উদ্বেগ। কেউ সেজদায় পড়ে শুধুই বিলাপ করছে, কেউ বা ফ্লোরে মাথা ঠুকছেন। ওই অবস্থায় স্বজনদের ভেদ করে দেশি-বিদেশি চিকিৎসকরা আইসিইউ-এইচডিইউতে চিকিৎসাসেবায় দ্রুত আসা-যাওয়া করছেন। চলার পথে চিকিৎসকদের সামনে দাঁড়িয়ে একেকজন স্বজন করজোড়ে প্রার্থনা করছিলেন তাদের সন্তানদের যে কোনো মূল্যে যেন বাঁচিয়ে রাখা হয়। নিরুপায় চিকিৎসকরা ইশারায় বলে দিচ্ছিলেন-তারা সর্বশক্তি দিয়ে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন, বাকিটা মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করুন। তখন সকাল পৌনে ৯টায় আইসিইউর ভেতর থেকে ডাক পড়ল ‘আয়মানের মা-বাবা আছেন’-এমন ডাক শুনেই চিৎকার দিয়ে উঠেন আয়মানের স্বজনরা। কারণ, যেসব শিশু মারা যাচ্ছে, ভেতর থেকে সংশ্লিষ্ট নার্স এসে এমন করেই স্বজনদের ডেকে ভেতরে নিচ্ছেন। ওই সময় আয়মানের বাবা ইসলামই হোসেন বাপ্পী, চাচা লিমনসহ স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। সঙ্গে সঙ্গে অন্যসব স্বজন চিৎকার শুরু করেন।
আয়মানের চাচা লিমন বলেন, পরিবারে আয়মান সবার বড় ছিল। পুরো পরিবারের আনন্দ-উল্লাসের মধ্যমণি ছিল আয়মান। রাতদিন আমরা হাসপাতালেই ছিলাম। এখন সবই শূন্য, এ শূন্যস্থান কখনো পূরণ হবে না। এটি স্বাভাবিক মৃত্যু নয়-জীবন কেড়ে নেওয়া হয়েছে। একটি সুন্দর সংসার শেষ হয়ে গেছে। আয়মানের মা কানন বারবার মূর্ছা যাচ্ছিলেন। কানন-বাপ্পীর সংসারে আরও দুটি কন্যাসন্তান রয়েছে। আয়মান সবার বড়। তার ছোট আয়েমা (৬)। সবার ছোট্ট আরেকটি কন্যাসন্তান রয়েছে। মা বিলাপ করে বলছিলেন বড় মেয়ে তার ভরসা ছিল। এটুকু বয়সে আয়মান ছোট্ট বোনদের কেয়ার করত। মা-বাবার খেয়ালও রাখত। আয়মানের গ্রামের বাড়ি শরীয়তপুর। মা-বাবার সঙ্গে রাজধানীর উত্তরায় থাকত।
আয়মানের মৃতদেহ বের করতে এবং প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করতে প্রায় দুপুর হয়ে যায়। দুপুর ২টার দিকে আবারও আইসিইউর সামনে চিৎকার, আর্তনাদ। স্বজনের মধ্যে উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। হাউমাউ করে কাঁদতে শুরু করেন অপেক্ষমাণ স্বজনরা। আবার আইসিইউর ভেতর থেকে ডাক পড়ে-‘মাকিনের মা-বাবা আছেন’। এমন ডাকে মুহূর্তের মধ্যে মাকিনের মা সালেহা নাজনীন দেওয়ালে মাথা ঠুকতে থাকেন। ওই সময় মসজিদে জুমার নামাজ পড়ছিলেন বাবা মহসিন। মাকে কিছুতেই সান্ত্বনা দিতে পারছিলেন না বড় ছেলে মাহাদি। একপর্যায়ে মাহাদি ফ্লোরে পড়ে বিলাপ করতে শুরু করেন। তিনি বলেন, ভাইয়ের এ মৃত্যুর জন্য কে দায়ী। বিমানবাহিনী, সরকার। তাদের দায় নিতে হবে। মিনিট পাঁচেকের মধ্যেই বাবা মহসিন আইসিইউর সামনে এসে চিৎকার দিয়ে জ্ঞান হারান। আয়মানের বন্ধুর এক বাবাসহ স্বজনরা মাথায় পানি দিচ্ছিলেন। ততক্ষণে মা নাজনীন মাথা ঠুকে আল্লাহর কাছে বলছিলেন, ‘আল্লাহ, তুমি আমাকে কেন নিয়ে গেলে না, কেন আমার কলিজাকে (মাকিন) নিয়ে গেছ। আমার কলিজার কী দোষ ছিল।’
মাকিনের নানি সিতারা বেগম বিলাপ করতে করতে দেওয়ালের সঙ্গে হেলে পড়ছিলেন। ওই সময় বলছিলেন, আল্লাহ, আমাকে কেন বাঁচিয়ে রাখলে। আমার জীবন তো শেষের দিকে। আমার ভাইকে রেখে আমাকে নিয়ে যেতে। পাশে দাঁড়িয়ে থাকা মাকিনদের গাড়িচালক রবি বলছিলেন, দুর্ঘটনার সময় তিনিসহ মাকিন স্কুলের গেটের সামনে ছিলেন। যখন দুর্ঘটনা ঘটল, সঙ্গে সঙ্গেই মাকিন স্কুলের ভেতর চলে যায়। সে তার বন্ধুদের বাঁচাতে আগুনের ভেতর থেকেই একেক করে শিক্ষার্থীদের বাঁচাতে মরিয়া হয়ে ওঠে। ওই সময় আগুন চারপাশ ছড়িয়ে পড়ে। পরে পোড়া অবস্থায় মাকিনকে সেনাবাহিনী উদ্ধার করে বার্ন ইউনিটে নিয়ে আসে।
মাকিনের গৃহশিক্ষক রুহুল আমিন বলছিলেন, মাকিনের তুলনা হয় না। সে খুব মানবিক ছিল। মানুষের কষ্ট সইতে পারত না। সুবিধাবঞ্চিত মানুষের মাথায় হাত রেখে সহযোগিতা করত। প্রায়ই গাড়ি থেকে নেমে ফুটপাতে থাকা মানুষের মুখে খাবার তুলে দিত। মাকিনের মামা মবিনুল হক জানান, মাকিন টঙ্গী বোর্ডবাজার এলাকায় মা-বাবার সঙ্গে থাকত।
এদিকে ভারত, সিঙ্গাপুর ও চীন থেকে আসা অন্তত ১৮ জন চিকিৎসক ও নার্স বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাসেবা দেওয়া শুরু করেছেন। এ প্রসঙ্গে ইনস্টিটিউটের যুগ্মপরিচালক মারুফুল ইসলাম যুগান্তরকে বলেন, পোড়া রোগীর চিকিৎসা দেশি-বিদেশি চিকিৎসকের সমন্বয়ে চলছে। আমাদের বিশ্বমানের চিকিৎসক রয়েছে। অনেক শিশুর শ্বাসনালি পোড়া রয়েছে। ২০ থেকে ১০০ শতাংশ পোড়া শিশুও আছে। ১০ শতাংশের বেশি পুড়ে গেলেও চরম ঝুঁকির হয়। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। চিকিৎসাধীন শিশুর মধ্যে প্রায় ১৫ জনের অবস্থা উন্নতি হয়েছে। তবে এসব শিশুরও অবস্থা পুনরায় অবনতি হতে পারে। ইতোমধ্যে (শুক্রবার সন্ধ্যা পর্যন্ত) ১৫ জনের মৃত্যু হয়েছে। ৫ জন আইসিউতে আছে। ৫ জনের অবস্থা সংকটাপন্ন।
এদিকে সারা দেশ থেকেই দগ্ধ শিশুদের রক্ত দিতে সাধারণ মানুষ ছুটে আসছেন বার্ন ইনস্টিটিউটে। রক্ত দিতে ব্যাকুল হয়ে উঠছেন, একের পর এক রক্ত দিচ্ছেন। কুমিল্লা থেকে আসা বিল্লাল হোসেন জানান, তিনি তিন দিন ধরে এ হাসপাতাল এলাকায় থাকছেন। একবার রক্ত দিয়েছেন, প্রয়োজন হলে আবারও রক্ত দেবেন। ২ বছর আগে একমাত্র কন্যাসন্তান পানিতে পড়ে মারা গেছে। সন্তানহারা কী বেদনার, তিনি জানেন।
বার্ন ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ডা. নাসের উদ্দিন যুগান্তরকে বলেন, ২০ থেকে ৯৫ শতাংশ পোড়া শিশু হাসপাতালে চিকিৎসাধীন। এদের প্রাণশক্তিও কম। তাছাড়া পোড়া ব্যক্তিদের চিকিৎসা বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যায় না। ৫ দিনে অন্তত ১৬ শিশুর অবস্থা উন্নত হয়েছে। আমরা দিনরাত চিকিৎসা দিচ্ছি। দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। দেশের বাইরে কাউকে নিয়ে চিকিৎসা করানোর মতো পরিস্থিতি এখনো হয়নি। এখানেই বিশ্বমানের চিকিৎসা দেওয়া হচ্ছে। পোড়া রোগীর চিকিৎসা বিশ্বে একই ধরনের হয়ে থাকে। আমরা দেশবাসীর কাছে দোয়া চাই, আল্লাহ যেন চিকিৎসাধীন শিশুদের সুস্থ করে তুলেন।
Posted ৪:১১ এএম | শনিবার, ২৬ জুলাই ২০২৫
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Best BD IT
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।