খেলাধুলা ডেস্ক | সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | 123 বার পঠিত

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। বিশেষ এই দিনটি উদযাপনে ভিন্ন উদ্যোগ নিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। আয়োজন করা হয়েছে ‘বাংলাদেশ অল স্টার্স ম্যাচ’। যেখানে টি-টোয়েন্টি ফরম্যাটের প্রীতি ম্যাচে মুখোমুখি হবে দুই দল ‘অদম্য’ ও ‘অপরাজেয়’। দুই দলের নেতৃত্বে থাকছেন নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজ। তবে মাঠের লড়াইয়ের আগেই জমে উঠেছে দুই অধিনায়কের কথার লড়াই।
সোমবার মিরপুরে সংবাদমাধ্যমের সামনে বেশ ফুরফুরে মেজাজে দেখা গেল শান্তকে। প্রতিপক্ষ মিরাজের দলকে রীতিমতো হুমকি দিয়ে তিনি বলেন, ‘খুবই এক্সাইটেড। এমন ম্যাচ খেলার সুযোগ আগে হয়নি। তবে কোনো ছাড়াছাড়ি হবে না, একদম শোয়াই ফেলব। প্রস্তুতি মাঠে দেখতে পাবেন না, সব প্রস্তুতি মুখে মুখে হচ্ছে। মাঠে শোয়াই ফেলতে পারি, না হলে আমরাও শুয়ে যেতে পারি। যেকোনো কিছুই হতে পারে।’
শান্তর এমন ‘থ্রেট’ বা হুমকির জবাব দিতে দেরি করেননি মিরাজ। তিনি বলেন, ‘খেলার ভেতরে প্রতিদ্বন্দ্বিতা না থাকলে সেই খেলার কোনো মূল্য হয় না। বাবুল স্যার থ্রেট দিয়ে গিয়েছেন, শান্তও দিচ্ছে। ওরা যেহেতু থ্রেট দিচ্ছে, আমরাও দেব। তবে আমরা মাঠে ম্যাচটা জিতেই এই থ্রেটের জবাব দিতে চাই।’
ম্যাচটি প্রীতি হলেও আম্পায়ারিং নিয়ে মজার ছলে শঙ্কা প্রকাশ করেন শান্ত। তিনি বলেন, ‘উত্তাপ তো থাকবেই। তবে বেশি দেখানো যাবে না। শুনলাম ভালো আম্পায়ার থাকবে। বেশি উত্তাপ দেখালে পরে ডিমেরিট পয়েন্ট খেয়ে যাব, তাই একটু ভয়েই আছি।’
এমনকি নিজের দলের পাঁচজন খেলোয়াড় খেলতে না পারা নিয়েও প্রতিপক্ষকে সন্দেহের তীরে বিদ্ধ করেন শান্ত, ‘শুনলাম আমাদের দলের পাঁচজন খেলতে পারবে না। এখন সন্দেহ হচ্ছে যে ফোন-টোন করে হুমকি খেল নাকি তারা!’
তবে খুনসুটির আড়ালে খেলার মূল উদ্দেশ্য যে মহৎ, সেটাও মনে করিয়ে দেন শান্ত। দুস্থ ও অসহায় ক্রিকেটারদের সহায়তায় তহবিল গঠনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, ‘কোয়াবের এটা খুবই ভালো উদ্যোগ। এখান থেকে একটা ফান্ড উঠলে ভবিষ্যতে আমরা ক্রিকেটারদেরই সাহায্য করতে পারব। বর্তমান ও সাবেক সব ক্রিকেটার যেন এই সাহায্যে এগিয়ে আসেন, সেই আহ্বান জানাচ্ছি।’
Posted ১২:০৪ পিএম | সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Reporter
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।