ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

রাজধানী এখন দাবির শহর

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৯ মে ২০২৫   |   প্রিন্ট   |   448 বার পঠিত

রাজধানী এখন দাবির শহর

রাজধানী ঢাকা রীতিমতো দাবির শহরে পরিণত হয়েছে। ছোট-বড় যে কোনো ইস্যুতে মুহূর্তেই উত্তাল হয়ে উঠছে রাজপথ। প্রায় প্রতিদিনই হচ্ছে মিছিল, সমাবেশ, অবরোধ, ঘেরাও ও আলটিমেটাম দেওয়ার মতো কর্মসূচি। শুধু রাজপথই নয়, প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়সহ সরকারের বিভিন্ন দপ্তরও এর বাইরে নেই। এসব কর্মসূচি ঘিরে ব্যস্ততম নগরীজুড়ে সৃষ্টি হচ্ছে একরকম অচলাবস্থা। যানজট যেন নগরবাসীর নিত্যদিনের সঙ্গী। চরমে উঠেছে জনকষ্ট। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকেই দেখা যাচ্ছে এমন চিত্র। কখনো থেমে থেমে আবার কখনো বিরতিহীনভাবে পালিত হয় এসব কর্মকাণ্ড। কিন্তু একরকম নির্বিকার কর্তৃপক্ষ। যদিও এগুলো থামাতে একাধিকবার দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। আন্দোলনকারীদের দমাতে রবার বুলেট, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, লাঠিচার্জসহ নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। কিন্তু আসেনি কোনো ইতিবাচক ফল। অধিকাংশ ক্ষেত্রেই আন্দোলন যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছাচ্ছে, ঠিক তখনই চাপের মুখে নতি স্বীকার করছে সরকার। তড়িঘড়ি করে মেনে নেওয়া হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানের বেশিরভাগ দাবি। অথচ আন্দোলনের শুরুতে উদাসীনতা না দেখিয়ে সহজেই করা যেত সমস্যার সমাধান। আলোচনার মাধ্যমে উত্তেজনা প্রশমনে তেমন কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি সরকার। ফলে পরিস্থিতি শান্ত হচ্ছে না। কয়েক দিন বিরতি দিয়ে দাবি-দাওয়া নিয়ে হাজির হচ্ছে অন্য প্রতিষ্ঠান। আবার উত্তপ্ত হচ্ছে রাজপথ। এমন হযবরল অবস্থা যেন রাজধানীর ‘স্থায়ী সংস্কৃতি’ হয়ে দাঁড়িয়েছে। রোববারও এর ব্যত্যয় হয়নি। এদিন চাকরিচ্যুত সেনাসদস্যদের জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি, দক্ষিণ সিটির মেয়র পদে ইশরাকের শপথের ব্যবস্থা করাতে টানা চতুর্থ দিনের মতো বিক্ষোভ, সাম্য হত্যার বিচারের দাবিতে শাহবাগ থানা ঘেরাও, শাহবাগ মোড় অবরোধ এবং অপরাজেয় বাংলার পাদদেশে খুনিদের খুঁজে বের করতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে সাদা দল। এছাড়া জাতীয়করণের দাবিতে শিক্ষকদের অবস্থান কর্মসূচি, বেতনের দাবিতে মাউশি ঘেরাও, বিজয়নগরে বকেয়া বেতন ও ঈদ বোনাসের ঘোষণা না দিলে দেশ অচলের ঘোষণা শ্রমিকদের, শেয়ারবাজারে বিনিয়োগকারীদের কাফনের কাপড় নিয়ে মিছিল, হাইকোর্টের মাজার গেটের সামনে পলিটেকনিক শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। সবমিলিয়ে এমন পরিস্থিতি সৃষ্টির জন্য স্পষ্টতই সরকারের দায়িত্বজ্ঞানহীনতা ও অদক্ষতা প্রকাশ পাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ফের শাহবাগ থানা ঘেরাও, ৪৮ ঘণ্টার আলটিমেটাম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যায় জড়িতদের বিচার দাবিতে রোববার ফের শাহবাগ থানা ঘেরাও করেছেন শিক্ষার্থীরা। অন্যদিকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে বিশ্ববিদ্যালয়ের বিএনপি ও জামায়াতপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দল। এছাড়াও বিচার দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।

রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের আইইআর ভবনের সামনে শিক্ষার্থীরা জড়ো হন। সেখান থেকে মিছিল নিয়ে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন। দুপুর ১টার দিকে মিছিল নিয়ে শাহবাগ থানার সামনে অবস্থান নেন তারা।

সরেজমিন দেখা যায়, আন্দোলনরত শিক্ষার্থীরা থানা ঘেরাও করে বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং সাম্য হত্যায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবি জানাচ্ছেন। কিছুক্ষণ পর শিক্ষক-শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল শাহবাগ থানায় যায়। দীর্ঘসময় বৈঠক শেষে থানা থেকে বেরিয়ে সংবাদ সম্মেলন করে দলটি। এতে আইইআর-এর অধ্যাপক সিরাজ আহমেদ বলেন, সাম্য হত্যায় দোষীদের ধরতে থানায় কথা বলা হয়েছে। তারা কাজের অগ্রগতি আমাদের জানিয়েছেন। একজনকে নতুন করে গ্রেফতার করা হয়েছে। ছয়দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। বিশেষ ট্রাইব্যুনালে হত্যার বিচার করা হবে।

আন্দোলনকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নিয়াজ আহমদ খান ও প্রক্টর সহযোগী অধ্যাপক ড. মো. সাইফুদ্দিন আহমদ খান। তারা দ্রুত বিচার ও প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিলে আন্দোলনকারীরা দুপুর ১টার দিকে শাহবাগ থেকে সরে যান।

উপাচার্য ড. মো. নিয়াজ আহমদ খান বলেন, সাম্য হত্যাকারীদের দ্রুত বিচারের জন্য আমরা প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নিয়েছি। আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আপনারা ধৈর্য ধরুন। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বসব। সেখানে মামলার অগ্রগতি নিয়ে আলোচনা হবে এবং দ্রুত নিষ্পত্তির জন্য উদ্যোগ নেওয়া হবে।

Facebook Comments Box

Posted ৫:২১ এএম | সোমবার, ১৯ মে ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।