নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০২ জুন ২০২৫ | প্রিন্ট | 398 বার পঠিত
ঢাকায় সফররত ইন্দোনেশিয়ার পররাষ্ট্র উপমন্ত্রী আরামানথা ক্রিস্টিয়ানা নাসির বলেছেন, ‘আমরা এখানে ভবিষ্যতের যৌথ উদ্যোগের বীজ বপন করতে এসেছি। এই সুযোগে আমি ইন্দোনেশিয়ার বাণিজ্য চেম্বারগুলোর সম্পর্ক ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা জোরদারের আহ্বান জানাচ্ছি, যা ব্যবসায়িক সম্প্রদায়ের মধ্যে গভীর সহযোগিতা নিশ্চিত করবে।’
রোববার রাতে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত ‘বিজনেস গ্যাদারিং অ্যান্ড নেটওয়ার্কিং ডিনারে’ প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি। তার সম্মানে এ আয়োজন করে ঢাকায় নিযুক্ত ইন্দোনেশিয়ার দূতাবাস ও ইন্দোনেশিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (আইবিসিসিআই)। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইবিসিসিআই-এর অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোস্তফা কামরুস সোবহান।
আরামানথা বলেন, ‘চলুন আমরা বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার তৈরি ব্র্যান্ডগুলোকে আঞ্চলিক ও উদ্ভাবনী মানে পরিণত করি। টেক্সটাইল থেকে প্রযুক্তি, কৃষি থেকে সবুজ শক্তি—সব খাতে আমরা একে অপরের প্রবৃদ্ধিতে বিনিয়োগ করতে পারি।’
তিনি বলেন, ‘ব্যবসা শুধু কাগজে-কলমে নয়, এটি বিশ্বাস, নেটওয়ার্ক এবং মানুষে মানুষে সম্পর্কের উপর দাঁড়িয়ে। আজকের এই সমাবেশ সে সম্পর্ক গঠনের একটি বড় সুযোগ। শুধু ফাইল নয়, জ্ঞানের দরজাও খুলে দিন।’
এর আগে রোববার বিকেলে তিনি ঢাকায় পৌঁছান। সফরকালে তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। এছাড়া গুলশানে অবস্থিত ইন্দোনেশিয়া দূতাবাস পরিদর্শনসহ আরও কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন তিনি। আগামী ৪ জুন তার ঢাকা ত্যাগের কথা রয়েছে।
Posted ৪:৫৫ এএম | সোমবার, ০২ জুন ২০২৫
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Best BD IT
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।