ডেস্ক রিপোর্ট | রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | 0 বার পঠিত

ভিয়েতনামের সমুদ্রনগরী না ট্রাংয়ে বসেছিল ‘মিস ওয়ার্ল্ড ২০২৬’-এর জমকালো গ্র্যান্ড ফাইনাল। বিশ্বের ১১১ প্রতিযোগীকে পেছনে ফেলে এবারের বিশ্বসুন্দরীর মুকুট জিতে নিয়েছেন ডমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলা।
গ্র্যান্ড ফাইনালের মঞ্চে বিদায়ী মিস ওয়ার্ল্ড, থাইল্যান্ডের ওপাল সুচাতা চুয়াংস্রি নতুন বিশ্বসুন্দরীর মাথায় বিজয়ের মুকুট পরিয়ে দেন।
প্রতিযোগিতায় প্রথম রানার-আপ হয়েছেন স্পেনের এলিসাবেথ রেনেস। দ্বিতীয় রানার-আপের খেতাব পেয়েছেন মালয়েশিয়ার তানুসিয়া শেঠি।
খান হোয়া প্রদেশের না ট্রাংয়ে আয়োজিত এবারের আসরে সৌন্দর্যের পাশাপাশি মেধা, ব্যক্তিত্ব, উপস্থিত বুদ্ধি ও মানবসেবামূলক কর্মকাণ্ডকে গুরুত্ব দেওয়া হয়। প্রাথমিক বিভিন্ন চ্যালেঞ্জের পারফরম্যান্সের ভিত্তিতে প্রথমে শীর্ষ ৪০, এরপর শীর্ষ ২০ ও শীর্ষ ১২ নির্বাচন করা হয়। সেখান থেকে চূড়ান্ত ছয়ে জায়গা করে নেন ছয় অঞ্চলের প্রতিনিধিরা।
চূড়ান্ত ছয়ে ছিলেন ইরিত্রিয়ার স্নিথ হাবতেয়াব, স্পেনের এলিসাবেথ রেনেস, মালয়েশিয়ার তানুসিয়া শেঠি, ভিয়েতনামের লে নগুয়েন বাও এনগোক, ডমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলা এবং দক্ষিণ আফ্রিকার রোমান্দা হোমবির।
১৯৫১ সালে যুক্তরাজ্যে এরিক মরলির হাত ধরে শুরু হয় মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা। বিশ্বের অন্যতম প্রাচীন আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা হিসেবে পরিচিত এই আয়োজনে শুধু বাহ্যিক সৌন্দর্য নয়, ব্যক্তিত্ব, সাক্ষাৎকার, উপস্থিত বুদ্ধি, সাধারণ জ্ঞান ও মানবসেবামূলক কর্মকাণ্ডও বিবেচনায় নেওয়া হয়।
এবারের আসরে ফ্রেঞ্চ গায়ানা, ইরিত্রিয়া, মোজাম্বিক, পাকিস্তান ও মালদ্বীপ প্রথমবারের মতো অংশ নেয়। তবে ব্যক্তিগত ও প্রযুক্তিগত কারণে শেষ মুহূর্তে প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ান ইকুয়েডরের সামান্থা কুয়েনেদিত, আর্মেনিয়ার মনিকা হারুতজুনজান ও টোগোর নাদিরাতু আফোলাবি।
জমকালো আয়োজনের সমাপ্তিতে আগামী ৭৪তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার আয়োজক দেশ হিসেবে পূর্ব আফ্রিকার তানজানিয়ার নাম ঘোষণা করা হয়েছে।
সূত্র: এনডিটিভি
Posted ৬:৩৩ এএম | রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।