ডেস্ক রিপোর্ট | সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | 8 বার পঠিত

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাচক হওয়ার গুঞ্জন সরাসরি উড়িয়ে দিয়েছেন দেশটির সাবেক গতিতারকা শোয়েব আখতার। পিসিবিতে কোনো দায়িত্ব নেওয়ার বিষয়ে তার সঙ্গে বোর্ডের কোনো আলোচনা হয়নি বলেও জানিয়েছেন তিনি।
ইংল্যান্ড সফর ঘিরে পাকিস্তান ক্রিকেটে সাম্প্রতিক নানা আলোচনা-সমালোচনার পর সম্ভাব্য পরিবর্তন নিয়ে বিভিন্ন খবর সামনে আসে। এর মধ্যেই প্রধান নির্বাচক হিসেবে শোয়েব আখতারের নাম ছড়িয়ে পড়ে।
তবে পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে শোয়েব পরিষ্কার জানিয়ে দেন, তাকে ঘিরে ছড়ানো এসব খবরের কোনো ভিত্তি নেই।
৫১ বছর বয়সী সাবেক এই পেসার বলেন, তার মা তাকে পিসিবি ও পাকিস্তানের রাজনীতি থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছিলেন। সেই পরামর্শ এখনও মেনে চলছেন তিনি।
শোয়েব বলেন, “এরকম কিছুই হচ্ছে না। যা কিছু বলা হচ্ছে সবই অনুমাননির্ভর। আমি আমার বক্তব্যে অটল এবং মায়ের সেই পরামর্শেই থাকব। এই দাবিগুলোর কোনো সত্যতা নেই।”
প্রধান নির্বাচকের দায়িত্ব নেওয়ার গুঞ্জন প্রসঙ্গে তিনি আরও বলেন, “পিসিবিতে যাওয়ার ব্যাপারে আমার বিন্দুমাত্র আগ্রহ নেই। প্রধান নির্বাচকের দায়িত্ব নেওয়ার বিষয়ে এই সমস্ত খবর আমিও শুনেছি। কিন্তু এগুলো সবই ভুয়া এবং এই ধরনের দাবির কোনো সত্যতা নেই। আমি শুধু পাকিস্তান ক্রিকেটের মঙ্গল চাই।”
বর্তমানে দেশের বাইরে ছুটি কাটাচ্ছেন শোয়েব। তবে পিসিবির কোনো আনুষ্ঠানিক পদে না থেকেও পাকিস্তান ক্রিকেটের জন্য কাজ করতে চান তিনি।
সাবেক এই তারকা বলেন, “অবশ্যই পাকিস্তান ক্রিকেটের সেবা করতে চাই, কিন্তু আমি মনে করি, তা আরও অনেক উপায়েই করতে পারি।”
শোয়েবের বক্তব্যে স্পষ্ট, পিসিবির প্রধান নির্বাচক হওয়ার কোনো পরিকল্পনা তার নেই। বোর্ডের সঙ্গে এ বিষয়ে কোনো আলোচনাও হয়নি। ফলে তাকে ঘিরে তৈরি হওয়া প্রধান নির্বাচক হওয়ার গুঞ্জন নিজেই উড়িয়ে দিলেন পাকিস্তানের সাবেক এই গতিতারকা।
Posted ৬:৩৯ এএম | সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।