ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের সাক্ষাতের সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১০ জুন ২০২৫   |   প্রিন্ট   |   421 বার পঠিত

প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের সাক্ষাতের সম্ভাবনা

চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (০৯ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ার লাইনসের ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেন।

এই সফরে ড. ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাতের সম্ভাবনা রয়েছে।

যুক্তরাজ্য বিএনপির শীর্ষ নেতারা বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানিয়েছেন, লন্ডনে আগামী ১৩ জুন সকালে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ হতে পারে।

এর আগে, গত ৪ জুন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিক প্রধান উপদেষ্টার সফর সম্পর্কে এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, প্রধান উপদেষ্টাকে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাতের অনুমতি দেওয়া হবে এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে।

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি, অন্য সিনিয়র মন্ত্রী, রাজনৈতিক নেতা এবং ব্যবসায়ী সম্প্রদায়ের প্রভাবশালী ব্যক্তিত্বরা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে।

বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ড. ইউনূসকে রাজা তৃতীয় চার্লস ‘কিং চার্লস তৃতীয় হারমনি অ্যাওয়ার্ড ২০২৫’-এর জন্য মনোনীত করেছেন। জনগণ এবং পরিবেশের মধ্যে শান্তি, স্থায়িত্ব এবং সম্প্রীতি প্রচারে তার আজীবন কাজের সম্মানার্থে তাকে এ পুরস্কারে ভূষিত করা হবে। ১২ জুন লন্ডনের সেন্ট জেমস প্যালেসে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হবে।

১৯৯০ সালে প্রতিষ্ঠিত দ্য কিংস ফাউন্ডেশন তৎকালীন প্রিন্স অব ওয়েলসের প্রতিষ্ঠিত একটি যুক্তরাজ্য-ভিত্তিক দাতব্য সংস্থা। প্রতি বছর টেকসই উন্নয়ন এবং মানবিক কারণে অনুকরণীয় সাফল্য অর্জনকারী ব্যক্তিদের এই মর্যাদাপূর্ণ পুরস্কার প্রদান করে ফাউন্ডেশনটি।

প্রধান উপদেষ্টার এ সফরে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে যুক্তরাজ্যের সমর্থনের বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পাবে। পাশাপাশি পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়টিতেও প্রাধান্য দেবে বাংলাদেশ। সফর শেষে আগামী ১৪ জুন প্রধান উপদেষ্টা দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

Facebook Comments Box

Posted ৫:০৪ এএম | মঙ্গলবার, ১০ জুন ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।