ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

পিসিবির ইউ-টার্নকে ‘ক্রিকেটের জয়’ বলল বিসিসিআই

খেলাধুলা ডেস্ক   |   মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   109 বার পঠিত

পিসিবির ইউ-টার্নকে ‘ক্রিকেটের জয়’ বলল বিসিসিআই

দীর্ঘ নাটকীয়তা আর কূটনৈতিক টানাপোড়েনের অবসান। অবশেষে কলম্বোর প্রেমাদাসায় আগামী ১৫ ফেব্রুয়ারি ভারত-পাকিস্তান মহারণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। পাকিস্তান তাদের বয়কটের কঠোর অবস্থান থেকে সরে আসায় স্বস্তির সুবাতাস বইছে ক্রিকেট বিশ্বে। এই সংকট নিরসনে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও এর চেয়ারম্যান জয় শাহর ভূমিকার ভূয়সী প্রশংসা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লা বিষয়টিকে আইসিসির বড় সাফল্য হিসেবে দেখছেন। তিনি বলেন, আইসিসি একটি খুব ভালো সমাধান বের করতে পেরেছে, যার ফলেই জট খুলেছে এবং পাকিস্তান মাঠে নামতে রাজি হয়েছে।

সংকট নিরসনে আইসিসির কূটনৈতিক তৎপরতার প্রশংসা করে রাজীব শুক্লা বলেন, ‘বিসিসিআইয়ের পক্ষ থেকে আমি আইসিসি চেয়ারম্যান (জয় শাহ) এবং সংস্থাটির কর্মকর্তাদের ধন্যবাদ জানাতে চাই। তারা এমন একটি ভালো সমাধান বের করেছেন, যা সবার জন্য গ্রহণযোগ্য হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনার পর এবং সব পক্ষের বক্তব্য শোনার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

তিনি আরও যোগ করেন, ‘ক্রিকেট এগিয়ে যাওয়া দরকার। এই সিদ্ধান্ত বিশ্বকাপকে আরও বড় সাফল্যে পরিণত করবে।’

সোমবার রাতে পাকিস্তান সরকার ও আইসিসি আলাদা বিবৃতিতে নিশ্চিত করে যে, ম্যাচটি পূর্বনির্ধারিত সূচি অনুযায়ীই হবে। পাকিস্তান সরকারের বিবৃতিতে বলা হয়, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত এবং বিসিবির অনুরোধের প্রেক্ষিতেই তারা নমনীয় হয়েছে। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুঢ়া কুমারা দিসানায়েকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে ফোন করে ম্যাচটি খেলার অনুরোধ জানান।

পাকিস্তান সরকার জানিয়েছে, টুর্নামেন্টের বাণিজ্যিক দিক, বন্ধুপ্রতিম দেশগুলোর স্বার্থ এবং ক্রিকেটের চেতনা রক্ষা করতেই জাতীয় দলকে ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে ভারতের বিপক্ষে মাঠে নামার নির্দেশ দেওয়া হয়েছে। আইসিসিও জানিয়েছে, পিসিবির সঙ্গে আলোচনায় ইতিবাচক অগ্রগতির ফলেই বিশ্বকাপ সফল করার ব্যাপারে সবাই একমত হয়েছে।

Facebook Comments Box

Posted ৫:৩৪ পিএম | মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।